ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট


প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই চমক প্রদর্শন করেছেন দখলদারদের সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। তার জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ উদ্দেশ্যে একাধিক বিল জমা দিয়েছেন বিরোধী নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের দলগুলো। প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিলের প্রস্তাব।

মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়।

আরও পড়ুন: গ্রিসে বাংলাদেশি টিকটকারের ভিডিও বিতর্ক, ৫০ অভিবাসী ফেরত

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, তারা নেতানিয়াহু সরকারের পাশ করা বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন।

এছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে।

পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তার দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।

আরও পড়ুন: রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ

বিরোধী জোটের জমা দেওয়া বিলগুলোর বড় অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের আওতায় পাশ হওয়া আইন বাতিলের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে তাদের জায়গায় সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী রাখার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব ও করিডোরের রাজনীতি

২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাশ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলা বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


ভেনেজুয়েলা বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করেছে

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের সংকট সমাধানের জন্য বেসরকারি বিনিয়োগের সুযোগ রেখে একটি সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে ভেনেজুয়েলার আইনসভা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সমর্থনে এই সংস্কার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প খাতগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে ওয়াশিংটনের আহ্বানে সাড়া দিয়ে আসছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সর্বশেষ বিদ্যুৎ খাত সংস্কার প্রস্তাবটি মঙ্গলবার জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজের নেতৃত্বে পরিচালিত এই আইনসভায় প্রস্তাবটি পাস হয়।

বিরোধী দলের আইনপ্রণেতা আন্তোনিও একারি এএফপিকে বলেন, রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যত ধসের মুখে পড়েছে। আগের আইনের কারণে সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় এই সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

তবে আইনসভায় বক্তব্য দেওয়ার সময় হোর্হে রদ্রিগেজ জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি আগের মতোই বিদ্যুৎ সেবায় ভর্তুকি দেবে। বিশেষ করে সবচেয়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এই সুবিধা অব্যাহত থাকবে।

২০০৭ সালে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা জাতীয়করণের পর থেকে বছরের পর বছর প্রয়োজনীয় বিনিয়োগের অভাব ও অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

দক্ষিণ আমেরিকার দেশটির অধিকাংশ এলাকায় এখন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এমনকি রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায়ও নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

কারাকাসের উপকণ্ঠে বসবাসকারী ৬৬ বছর বয়সী আইনজীবী নুরিস মেদিনা বলেন, ‘প্রতিদিনই আমার বাসায় বিদ্যুৎ চলে যায়।’

তিনি আরও বলেন, ‘এটি একটি মধ্যবিত্ত অধ্যুষিত এলাকা। দেশের অভ্যন্তরীণ অঞ্চলগুলোর কথা ভাবুন, সেখানে সাধারণ মানুষ বিদ্যুৎ নিয়ে কতটা দুর্ভোগে আছে!’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোর্হে রদ্রিগেজ বলেন, নতুন এই সংস্কারের ফলে বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং নির্ধারিত মূল্যের বিনিময়ে গ্রাহকদের কাছে তা সরবরাহ করতে পারবে। এতে বিদ্যুতের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিটি প্রায় ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। অথচ দেশটির চাহিদা মেটাতে এর চেয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন। গত সেপ্টেম্বরে দেশটির বিদ্যুতের চাহিদা বেড়ে ১৬ হাজার ৪০০ মেগাওয়াটে পৌঁছেছিল।

বিদ্যুৎ খাতের পাশাপাশি ডেলসি রদ্রিগেজের প্রশাসন দেশটির খনি ও তেল খাতেও বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।

গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের সঙ্গে একটি বড় তেল চুক্তি স্বাক্ষর করে কারাকাস। এর ফলে ভেনেজুয়েলার ৬৫০০ কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার তৈরি হয়েছে। দেশটির মোট তেলের মজুদের প্রায় ২০ শতাংশের সমপরিমাণ এই পরিমাণ তেল।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়।

চুক্তি স্বাক্ষর তদারকি করতে ভেনেজুয়েলা সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দেশটির বিদ্যুৎ খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তেল খাতের কার্যক্রম সচল রাখতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।

ক্রিস রাইট বলেন, ‘দুটিই প্রয়োজন।’

ভেনেজুয়েলার বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামোর কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় দেশটির পুরোনো বিদ্যুৎ অবকাঠামো আবারও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালু নদের সেতুর নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


বালু নদের সেতুর নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর সেতুর নির্মাণ কাজ শেষ হতে দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় দুই দফায় উদ্যোগ নেওয়া হলেও কার্যক্রম মাঝপথে থমকে রয়েছে। এর ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার অপেক্ষায় থাকা রূপগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার লাখো মানুষ দুর্ভোগে রয়েছে।

২০০৩ সালে ঢাকা-নারায়ণগঞ্জের সীমানায় কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ শুরু হয়েছিল। প্রাথমিকভাবে এর জন্য ৫ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন, সভা-সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। কিন্তু তাতেও কোনো অগ্রগতি হয়নি।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০১ সালে মাঝিনা-কায়েতপাড়া-ত্রিমোহনী সড়কে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্স লিমিটেড। এক বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার কথা ছিল। তবে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেন জানান, ২০০৪-০৫ অর্থবছরে ৫০ লাখ টাকা তোলা সম্ভব হলেও পরবর্তী সময়ে অর্থ বরাদ্দ মেলেনি। নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধি ও অন্যান্য কারণে কাজ আটকে যায়।

২০২১ সালে অসমাপ্ত অংশের জন্য পুনরায় দরপত্র ডাকা হয়। প্রায় ১৩ কোটি টাকার কাজ পায় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স সরদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগ। ওই বছরের মে মাসে কাজ শুরুর পরিকল্পনা থাকলেও সেটিও বাস্তবায়িত হয়নি।

নির্মাণ এলাকা পরিদর্শন করে দেখা গেছে, কয়েকটি পিয়ার, কলাম, ক্যাপ, উইংওয়াল ও অ্যাবাটমেন্টের অংশ তৈরি হয়েছে। তবে সংযোগ সড়ক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ইটের সলিং উঠে গেছে, লোহার রডেও জং ধরেছে। সেতুটি না থাকায় স্থানীয়দের রাজধানীতে যেতে ১২ থেকে ১৩ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে।

গত ১৬ এপ্রিল সংসদে বিষয়টি তুলে ধরে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এর আগে ২৭ মার্চ সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, পূর্ব মাদারটেক ও সবুজবাগ হয়ে সেতুটি ব্যবহার করে সিলেট ও চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। তবে বারবার উদ্যোগ ভেস্তে যাওয়ায় এবারও আশ্বাসের বাস্তবায়ন নিয়ে স্থানীয়রা সংশয়ে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লর্ডসে খাওয়াজা বর্ণবাদের শিকার, এমসিসি সদস্যদের আচরণকে 'কুকুরের পালের মতো' বললেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


লর্ডসে খাওয়াজা বর্ণবাদের শিকার, এমসিসি সদস্যদের আচরণকে

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাওয়াজা অভিযোগ করেছেন যে, ২০২৩ সালের অ্যাশেজ সিরিজের সময় লর্ডসে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে তিনি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সদস্যের কাছ থেকে বর্ণবাদী গালির শিকার হয়েছিলেন।

এই ঘটনা ঘটে যখন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোকে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি বিতর্কিতভাবে স্টাম্পড করেন। খাওয়াজা সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে এমসিসি সদস্যদের আচরণকে "কুকুরের পালের মতো" বলে উল্লেখ করেছেন।

মধ্যাহ্নভোজের বিরতির সময়, টেলিভিশনের ফুটেজে দেখা যায় যে, খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার কয়েকজন দর্শকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

ঘটনার পর এমসিসি একজন সদস্যকে বহিষ্কার করে এবং আরও দুজনকে সাময়িক বরখাস্ত করে। তদন্তে প্রমাণিত হয় যে, তারা "অপমানজনক, আক্রমণাত্মক বা অনুপযুক্ত আচরণ ও ভাষা" ব্যবহার করেছিল। একজনকে সাড়ে চার বছরের জন্য এবং অন্যজনকে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

খাওয়াজা জানান, তিনি এক ব্যক্তিকে চিৎকার না করতে বলেছিলেন, কিন্তু এরপর আরেকজন ব্যক্তি তাকে বর্ণবাদী মন্তব্য করে বসেন।

আত্মজীবনীতে খাওয়াজা লিখেছেন,

"আমরা বুঝতেই পারিনি লং রুমে আমাদের জন্য কী অপেক্ষা করছিল। দুর্ভাগ্যজনকভাবে, সেদিন এমসিসি সদস্যরা তাদের প্রকৃত চেহারা দেখিয়েছিল।

আমরা সব সময় এমসিসি সদস্যদের খুব সম্মান করতাম। তারা সাধারণত ভদ্র, শান্ত এবং ক্রিকেটপ্রেমী মানুষ। আপনি শতরান করুন কিংবা শূন্য রানে আউট হন, তারা একইভাবে হাততালি দিত। তাদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের।

এখনও তাই, কিন্তু সেদিনের ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে তারা হয়তো অন্যদের থেকে খুব আলাদা নয়। কারণ ক্রিকেট ও লর্ডস যখন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভদ্রতা প্রত্যাশা করছিল, তখন তারা সুবিধাভোগী মাতালদের এক দলে পরিণত হয়েছিল, যারা মাত্র এক মিটার দূর থেকে আমাদের দিকে চিৎকার করছিল।

তারা যেন শিকারের অপেক্ষায় থাকা কুকুরের পালের মতো ছিল। সবাই একসঙ্গে গালিগালাজ করছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি কী শুনছি।"

খাওয়াজা আরও দাবি করেন, একজন সদস্য তার মুখের সামনে দাঁড়িয়ে চিৎকার করছিলেন, থুতু ছিটাচ্ছিলেন এবং আরেকজন সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় তাকে ও ওয়ার্নারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন।

"সে পা বাড়িয়ে দিচ্ছিল, যেন আমরা সিঁড়িতে পড়ে যাই। ডেভি (ওয়ার্নার) প্রথমে তাকে ধমক দিয়েছিল, তাই ভেবেছিলাম লোকটি আর এমন করবে না।

কিন্তু আমি যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম, তখন সে আমার সঙ্গেও একই কাজ করার চেষ্টা করল!

সিঁড়ির ওপরে উঠে দেখি, ড্রেসিংরুমের কাছে অনেক সদস্য আমাদের জন্য অপেক্ষা করছে। বিস্ময়ে আমি হাসলাম, দুই হাত তুলে বললাম, 'এটা কি লর্ডস, নাকি চিড়িয়াখানা?'"

আত্মজীবনীতে খাওয়াজা আরও দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বল টেম্পারিংয়ের জন্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানত।

৩৯ বছর বয়সী খাওয়াজা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্টে তিনি ৬ হাজার ২২৯ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর: সত্য অন্বেষণে যথার্থ বয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ এম


৭ নভেম্বর: সত্য অন্বেষণে যথার্থ বয়ান

ইতিহাসের গতিপ্রকৃতি অদ্ভুত এবং বহুমাত্রিক। কিছু সন্ধিক্ষণ একটি জাতির জীবনে আসে, যা সমসাময়িক রাজনীতির ওপর প্রভাব ফেলার পাশাপাশি তার জাতীয় অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথরেখাকেও চিরতরে নির্ধারণ করে। বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসের একটি মহাকাব্যিক ও বিতর্কিত মোড় হলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। দীর্ঘ অর্ধশতাব্দী ধরে এই ঐতিহাসিক দিনটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা, স্বার্থান্বেষী মহল কর্তৃক প্রণীত মনগড়া আখ্যান এবং ঐতিহাসিক সত্যকে আড়াল করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু যখন আমরা বস্তুনিষ্ঠ ইতিহাস অন্বেষণ করতে যাই, তখন স্পষ্ট হয়ে ওঠে যে, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কোনো সংকীর্ণ দলীয় স্বার্থের ফল নয়; বরং এটি ছিল পরাশক্তি ও অভ্যন্তরীণ চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার একটি স্বতঃস্ফূর্ত ও গণপ্রতিরোধমূলক ঐতিহাসিক বিস্ফোরণ।

সাম্প্রতিক সময়ে এই ঐতিহাসিক সত্য অন্বেষণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যবেক্ষণ ও সামরিক মূল্যায়ন নতুনভাবে সামনে এসেছে। বিশেষ করে, প্রবীণ সামরিক ইতিহাসবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের সাম্প্রতিক বস্তুনিষ্ঠ মূল্যায়নে ৭ নভেম্বরের পটভূমি নিয়ে দীর্ঘদিনের জমে থাকা অনেক ধোঁয়াশা পরিষ্কার হয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিশেষ কিছু রাজনৈতিক গোষ্ঠী এবং তাদের সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রচার চালানো হয়েছে যে, ৭ নভেম্বরের সিপাহি অভ্যুত্থানের মূল কারিগর ছিল তারাই এবং সেনাপ্রধানকে বন্দিদশা থেকে মুক্ত করার মূল কৃতিত্ব নাকি তাদেরই ছিল। কিন্তু ইতিহাস ও তথ্য-উপাত্ত গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই দাবি শুধু ঐতিহাসিক বাস্তবতার পরিপন্থী নয়, বরং তৎকালীন রাজনৈতিক উচ্চাভিলাষের একটি সফল প্রোপাগান্ডা মাত্র।

বাস্তব সত্য হলো, জিয়াউর রহমানকে কোনো দলীয় ক্যাডার বাহিনী বা বামপন্থি বিপ্লবী চক্র মুক্ত করেনি; তাকে বন্দিদশা থেকে মুক্ত করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক ও শৃঙ্খলাকামী জোয়ানরা, বিশেষ করে ‘টু-ফিল্ড রেজিমেন্ট’-এর সাহসী সদস্যরা। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থান দেশবাসীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও চরম সংশয়, আতঙ্ক ও মতবিরোধের সৃষ্টি করেছিল। সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার সরকারি বাসভবনে অন্যায়ভাবে গৃহবন্দি করা হয়। ওই দিনগুলোতে সেনাসদরে একধরনের নজিরবিহীন বিশৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এই সুযোগটিকেই কাজে লাগানোর চেষ্টা করেছিল জাসদ ও তাদের সমমনোভাবাপন্ন কিছু চরমপন্থি অংশ। তারা চেয়েছিল সেনাবাহিনীতে শ্রেণিসংগ্রাম বা অফিসার-বিরোধী উসকানি ছড়িয়ে সামরিক বাহিনীকে পুরোপুরি ভেঙে দিতে এবং নিজেদের রাজনৈতিক এজেন্ডা বা ছায়া সরকার প্রতিষ্ঠা করতে।

কিন্তু সেনাবাহিনীর সাধারণ জোয়ান ও সিপাহিরা ছিলেন দেশপ্রেমিক। তারা দ্রুত বুঝতে পেরেছিলেন, চরমপন্থি রাজনীতি বা বিশৃঙ্খলার মাধ্যমে দেশ ও সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এবং সেনাবাহিনীতে চেইন অব কমান্ড পুনরুদ্ধার করতে হলে এমন একজন নেতার প্রয়োজন, যার সততা, সাহসিকতা এবং দেশপ্রেমের ওপর সমগ্র জাতির অবিচল আস্থা রয়েছে। আর সেই ঐতিহাসিক মুহূর্তে একমাত্র কেন্দ্রবিন্দু ছিলেন সেনাপ্রধান জিয়াউর রহমান। তাই সেনাবাহিনীর সাধারণ জওয়ানদের স্বতঃস্ফূর্ত ও সাহসী উদ্যোগে জাসদের চরমপন্থি ও উসকানিদাতা অপচেষ্টা নস্যাৎ হয়ে যায় এবং বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের মতো সামরিক গবেষকদের বস্তুনিষ্ঠ বিশ্লেষণেও এই সত্যটি বারবার উঠে এসেছে যে, জিয়াউর রহমানের মুক্তি ছিল সেনাবাহিনীর নিজস্ব গৌরবময় উদ্যোগের ফল, এর পেছনে কোনো দলীয় কৃতিত্ব ছিল না।

এই ঐতিহাসিক ঘটনাটিকে বৃহৎ ভূরাজনৈতিক ও সামাজিক ক্যানভাসে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ৭ নভেম্বরের বিপ্লব শুধু ঢাকা সেনানিবাসের অবরুদ্ধ চার দেয়ালের ভেতরের কোনো রুদ্ধদ্বার ঘটনা ছিল না। সাধারণ সৈনিকদের এই সাহসিকতাপূর্ণ ও দেশপ্রেমিক উদ্যোগের সঙ্গে মুহূর্তের মধ্যে একাত্ম হয়ে গিয়েছিল ঢাকার রাজপথের আপামর জনতা। ৬ নভেম্বর রাতের শেষ প্রহরে যখন সেনাপ্রধান জিয়ার মুক্তির খবর ছড়িয়ে পড়ে, তখন সমগ্র রাজধানী যেন এক নতুন সূর্যোদয়ের সাক্ষী হয়েছিল। ‘নারায়ে তাকবির’, ‘সিপাহি-জনতা ভাই ভাই’ এবং ‘জিয়াউর রহমান জিন্দাবাদ’ এই ত্রিমুখী স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঢাকার আকাশ-বাতাস। অস্ত্র হাতে থাকা সৈনিক আর খালি হাতে রাজপথে নেমে আসা সাধারণ মানুষ একাকার হয়ে সামরিক ট্রাক ও ট্যাংকের ওপর চড়ে বিজয় উল্লাস করেছিল। পৃথিবীর সামরিক ও রাজনৈতিক ইতিহাসে সিপাহি এবং জনতার এমন নিখাদ, স্বতঃস্ফূর্ত ও অভূতপূর্ব ঐক্য দ্বিতীয়টি খুঁজে পাওয়া ভার।

একজন দূরদর্শী বিশ্লেষক হিসেবে আমি মনে করি, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার এই ঐতিহাসিক বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বস্তুত একই চেতনার সুতায় গাঁথা। দুটি ঘটনার কাল এবং পাত্র ভিন্ন হতে পারে, কিন্তু এদের মূল সুর ও অন্তরাত্মা সম্পূর্ণ এক ও অভিন্ন। উভয় ঐতিহাসিক ঘটনার মূল বার্তাটি ছিল স্পষ্ট : বিদেশি অপশক্তির যেকোনো ধরনের খবরদারি বা আধিপত্যবাদকে স্পষ্ট ভাষায় ‘না’ বলা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখা এবং এ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি অন্য কারো হাতে না দিয়ে নিজ দেশের জনগণের হাতেই রাখা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট উভয় ক্ষেত্রেই দেশের আপামর জনতা প্রমাণ করেছে, এ দেশের মানুষ তাদের অস্তিত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রশ্নে কখনো কোনো আপস করেনি এবং করবে না।

জিয়াউর রহমান কেন সেই চরম সংকটের মুহূর্তে জাতির অবিসংবাদিত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন? এর উত্তর লুকিয়ে আছে তার চারিত্রিক দৃঢ়তা, আপসহীন দেশপ্রেম এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অনন্য ভূমিকার মধ্যে। তিনি ছিলেন প্রকৃত অর্থেই ‘Leader of the Crisis’ বা সংকটের কালজয়ী কাণ্ডারি। ১৯৭১ সালের ২৬ মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনীর কালরাত্রির তাণ্ডবে চারদিক স্তব্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের অনেকে আত্মগোপনে বা দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা পাঠ করে দিশাহারা জাতিকে যুদ্ধের সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘোর অমানিশায় যখন দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল, দেশবাসী আবার নির্দ্বিধায় সেই একই মানুষটির ওপরই নিজেদের ভরসা রেখেছিল।

গৃহবন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর জিয়াউর রহমান বেতার ভাষণে জাতির উদ্দেশে তার প্রথম যে বার্তা দিয়েছিলেন, তা ছিল শান্তি, শৃঙ্খলা, উৎপাদন এবং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। তিনি অত্যন্ত সুদৃঢ় হস্তে সেনাবাহিনীতে ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনেন। চরমপন্থিদের নানা উসকানি ও বিশৃঙ্খলার হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করেন এবং দেশকে একটি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচান। জিয়াউর রহমানের এই ঐতিহাসিক পুনরাগমনের মাধ্যমেই মূলত বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছিল। তৎকালীন একদলীয় বাকশালি শাসনব্যবস্থার চির অবসান ঘটিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। সংবাদপত্রের অবরুদ্ধ স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়, রুদ্ধদ্বার অর্থনীতিকে উন্মুক্ত করা হয় এবং প্রবর্তন করা হয় ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর বৈপ্লবিক দর্শন।

এই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দর্শন বা মূলসুর অত্যন্ত স্পষ্ট—আমরা জাতিগতভাবে বাঙালি হলেও ভূখণ্ডগত, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে আমাদের সত্তা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অংশ। আমরা বিশ্বের দরবারে কোনো বিশেষ দেশের প্রজা বা কলোনি হিসেবে মাথা নিচু করে বেঁচে থাকতে পারি না। জিয়াউর রহমানের বিখ্যাত ‘১৯ দফা কর্মসূচি’ ছিল এ দেশের গ্রামবাংলার কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, কুটিরশিল্পী এবং তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার এক সুদূরপ্রসারী ও প্রায়োগিক রূপরেখা। তার নেতৃত্বে দেশের গ্রামীণ অর্থনীতিতে যে গতিশীলতা এসেছিল, তা আজও বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়।

আজকের এই পরিবর্তনশীল ও জটিল জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে ৭ নভেম্বরের সত্য বয়ান পুনরাবৃত্তি করা আমাদের জাতীয় ও বুদ্ধিবৃত্তিক দায়িত্ব। ইতিহাস বিকৃতির যে দীর্ঘ কুয়াশা বিগত বছরগুলোতে তৈরি করা হয়েছিল, তা ভেদ করে আমাদের এই নির্মম সত্যটিকে মেনে নিতে হবে যে, ৭ নভেম্বর কোনো হঠকারী সামরিক অভ্যুত্থান ছিল না; বরং এটি ছিল সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের এক অভাবনীয় ঐতিহাসিক সংহতির দিন। এই বিপ্লব জিয়াউর রহমানকে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল কোনো প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত আস্থা ও সেনাবাহিনীর দেশপ্রেমিক জোয়ানদের বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে।

আজকের নতুন প্রজন্ম এবং তরুণ সমাজের সামনে এই ইতিহাস পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তাদের অনুধাবন করতে হবে যে, একটি স্বাধীন দেশের সবচেয়ে বড় শক্তি হলো জাতীয় ঐক্য এবং নিজেদের সার্বভৌমত্বের ওপর অবিচল আস্থা। ৭ নভেম্বরের ঐতিহাসিক সত্য আমাদের এই শিক্ষাই দেয় যে, রাজনীতির অন্দরমহলের কুটিল চক্রান্ত কিংবা বিদেশি প্রভুদের নানা ধরনের প্রেসক্রিপশন সাময়িকভাবে মেঘের সৃষ্টি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সিপাহি-জনতার ঐক্য এবং সত্যের জয়ই অনিবার্য। আমাদের সশস্ত্র বাহিনী এবং এ দেশের সাধারণ মানুষ একে অন্যের পরিপূরক। এই পারস্পরিক বিশ্বাস ও আস্থাই হলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুর্ভেদ্য প্রাচীর।

পরিশেষে বলা যায়, জিয়াউর রহমান শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কিংবা একজন সাধারণ সামরিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় সংহতির এক অবিসংবাদিত প্রতীক। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবে বাংলাদেশ সেনাবাহিনী তাকে মুক্ত করার মাধ্যমে দেশের যে ঐতিহাসিক উপকার করেছিল, তা শুধু একটি ঘটনা নয়, বরং আমাদের জাতীয় অস্তিত্বের এক অপরিহার্য রক্ষাকবচ। আজকের এই নতুন বাংলাদেশকে যদি আমরা একটি আত্মমর্যাদাশীল, দুর্নীতিমুক্ত, সুদৃঢ় ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে স্থায়ীভাবে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই, তবে ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক সংহতির আদর্শ ও শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করতেই হবে। ইতিহাসকে তার আপন আলোয় উদ্ভাসিত হতে দিতে হবে, কারণ সত্য চিরকাল সত্যই থাকে—আর ৭ নভেম্বরের সবচেয়ে বড় সত্য হলো, এ বিপ্লব ছিল এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিপ্লব, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন সেনাপতি জিয়াউর রহমান।

লেখক : অধ্যাপক (অব.), সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%