ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সীমানা পুনর্বিন্যাসে স্ট্যালিনকে বোঝাতে ব্যর্থ সোনিয়া ও রাহুল


সীমানা পুনর্বিন্যাসে স্ট্যালিনকে বোঝাতে ব্যর্থ সোনিয়া ও রাহুল

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী চেন্নাইতে গিয়েছিলেন দিল্লি থেকে। সেখানে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন আলওয়ারপেটে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রতিনিধিদলে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় ৮০ মিনিট স্থায়ী হয়েছিল। তবে তারা কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলের প্রতি ডিএমকের সমর্থন পরিবর্তন করতে সক্ষম হননি।

সূত্রের তথ্য অনুযায়ী, ডিএমকে বারবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের কাছে জানতে চেয়েছে বিকল্প কী এবং সামনে কী করা উচিত। তবে সূত্রগুলো জানাচ্ছে, তাদের জবাব ছিল কেবল বিলটিকে পরাজিত করার প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ। পরবর্তী পদক্ষেপের জন্য কোনো স্পষ্ট কৌশল ছিল না। ‘ইন্ডিয়া’ জোটের সিনিয়র নেতারাও স্বীকার করেছেন যে বিলটি হারানোর পর তাদের কাছে কোনো সুস্পষ্ট কৌশল নেই। জানা গেছে, একজন জ্যেষ্ঠ এমপি সম্পর্ক ছিন্ন হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তোলেন এবং কিভাবে এই বিভাজন তৈরি হলো সে বিষয়ে সরাসরি নেতাদের মুখোমুখি হন। তবে সূত্রগুলো বলছে, এর কোনো জবাব দেওয়া হয়নি।

বৈঠকের পর এমকে স্ট্যালিন মন্তব্য করেন, ‘আমি আমাদের অবস্থান ও দাবিগুলো ব্যাখ্যা করেছি। তারা শুনেছেন এবং আমরা আমাদের চিন্তাভাবনা বিনিময় করেছি। আমাদের উদ্বেগ হলো, আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি, তবে স্বয়ংক্রিয়ভাবে সীমানা পুনর্বিন্যাস কার্যকর হয়ে গেলে তামিলনাড়ুর স্বার্থ রক্ষার ন্যূনতম নিশ্চয়তাও থাকবে না।’

আরও পড়ুন: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ওমরাহ পালনে পুরুষদের ছাড়িয়ে গেছেন বিদেশি নারীরা

ইন্ডিয়া প্রতিনিধিরা স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই আইন সংসদীয় প্রতিনিধিত্ব এবং উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

বৈঠক শেষে রাহুল গান্ধী বলেন, ‘থিরু স্ট্যালিন জির সাথে আমাদের খুব ভালো ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আমরা তাকে আমাদের দৃষ্টিভঙ্গি বুঝিয়ে বলেছি যে সীমানা পুনর্বিন্যাসসহ ৮৫০ আসনের একটি সংসদ এবং ওই ৮৫০টি আসন পুরোপুরি নিজেদের মতো করে সাজানোর ও ভারতের নির্বাচনী এলাকাগুলোর চরিত্র বদলে দেওয়ার সুযোগ বিজেপিকে দেওয়া কেবল ভারতের জন্যই ক্ষতিকর নয়, এটি দক্ষিণ ভারত এবং বিশেষ করে তামিলনাড়ুর জন্যও ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘আমরা তাকে উল্লেখ করেছি যে এখানকার মূল বিষয় হলো লোকসভার আসন ৮৫০-এ সম্প্রসারণ এবং সেই সম্প্রসারণের সুযোগকে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনী এলাকার চরিত্র পুরোপুরি বদলে দেওয়ার বিজেপির আকাঙ্ক্ষা। তারা আসাম ও জম্মু-কাশ্মীরে এই ধারণা ইতিমধ্যেই পরীক্ষা করেছে এবং পুরো ভারতে এটি বাস্তবায়ন করতে চায়। সে কারণেই আমরা ভাই স্ট্যালিনকে অনুরোধ করেছি তামিলনাড়ুকে রক্ষা করতে এবং বিজেপির এই নকশা যেন বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিত করতে। আমি যা বলছি তা মনে রাখুন, বিজেপি একবার ৮৫০ আসন দিয়ে ভারতের নির্বাচনী এলাকাগুলো নতুন করে সাজালে ভারতে গণতন্ত্র শেষ হয়ে যাবে, এবং তামিল সংস্কৃতি ও তামিল ভাষার ওপর সর্বাত্মক আক্রমণ শুরু হবে।’

বৈঠকের পর ডিএমকে-র আইটি শাখা এক্স-এ পোস্ট করে, ‘ন্যায্য সীমানা পুনর্বিন্যাসের অবস্থানে ডিএমকে ঠিক ততটাই অটল রয়েছে।’

বৈঠকে ডিএমকে-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুব শাখার সম্পাদক উদয়নিধি স্ট্যালিন, জ্যেষ্ঠ নেতা কানিমোঝি, দয়ানিধি মারান এবং বেশ কয়েকজন সংসদ সদস্য।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান অর্থনীতি নিয়ে তথ্য গোপন করেছে

গত এপ্রিলেও স্ট্যালিন এই বিলের বিপক্ষে ছিলেন। তবে তামিলনাড়ুর বিধানসভার গত নির্বাচনের পর হিসাব-নিকাশ পাল্টে যায়। বিধানসভায় ডিএমকে নতুন দল টিভিকের কাছে হেরে যায়। কংগ্রেস তখন ডিএমকেকে ছেড়ে টিভিকের সঙ্গে সরকারে যোগ দেয়। কংগ্রেসের সঙ্গে ডিএমকের এই দূরত্বের সুযোগে কাছে চলে আসে বিজেপি। আদায় করে নেয় ডিলিমিটেশন বিলের সমর্থন।

আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সরকার ডিলিমিটেশন বিলটি উত্থাপন করবে। প্রস্তাবিত বিলে লোকসভার আসন ৫৪৩ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব করা হয়েছে। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে ৫লাখ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


চারঘাটে ৫লাখ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১১টায় চারঘাট উপজেলার হলিদাগাছি মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার চক জামিরা গ্রামের লালন মিয়া (৩০) ও মোফাজ্জল হোসেন (৩৬)।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী  জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। #
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি, ১৭ অগ্নিবীরের পরিবারকে সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি, ১৭ অগ্নিবীরের পরিবারকে সম্মাননা

রাজধানীতে গত শনিবার রাতে শেষ হয়েছে তিন দিনের ১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইসাব আয়োজিত এই প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনী চলাকালীন সেমিনারে জানানো হয়, ৯ বছরে দেশে অগ্নিকাণ্ডে ১ হাজার ১৬১ জন প্রাণ হারিয়েছেন।

প্রদর্শনীতে প্রদর্শিত হয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, সাইবার নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং শিল্প নিরাপত্তাসংক্রান্ত প্রযুক্তি। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা সরঞ্জাম দেখতে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার এক্সপো প্রাঙ্গণে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে ১৭ শহীদ পরিবারের সদস্যদের ‘ইসাব অগ্নিবীর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি জয়ী প্রতিষ্ঠানগুলোকে ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি মন্তব্য করেন, "শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।" তিনি আরও বলেন, অগ্নিদুর্ঘটনা মূলত অবকাঠামো এবং অন্যান্য আনুষঙ্গিক ত্রুটির কারণে ঘটে, যা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, দুর্ঘটনার পর ব্যবস্থা নেয়ার পাশাপাশি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। সরকার দেশি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা দিচ্ছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ (এসইউপি)। তিন দিনের এ মেলায় সহযোগিতায় ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং এনএফপিএসহ বিভিন্ন সংস্থা।

এর আগে শনিবার বিকেলে ‘ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন : বহুতল ভবনে অগ্নি ও জীবন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আধুনিক স্মার্ট ভবন প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব। তিনি জানান, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ৯ বছরে দেশে ২,০৯,৯৩৯টি অগ্নিকাণ্ডে ১,১৬১ জন মারা গেছেন এবং ৩,৭৯২ জন আহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, বেইলি রোড ও এফআর টাওয়ারের ঘটনা থেকে বোঝা যায়, অনুমোদনহীন নির্মাণ, বেআইনিভাবে ভবনের ব্যবহার পরিবর্তন, নকশা ও প্রকৌশলগত ত্রুটি, উলম্ব শ্যাফটের মধ্য দিয়ে ধোঁয়া ছড়ানো (স্ট্যাক এফেক্ট), অপর্যাপ্ত নির্গমন পথ এবং অগ্নিনির্বাপণ সক্ষমতার সীমাবদ্ধতা মিলিত হয়ে কীভাবে একটি স্থানীয় আগুন ভয়াবহ বিপর্যয়ে রূপ নেয়। তিনি বলেন, অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো পরিকল্পনা, নকশা, অবকাঠামো ও শাসনব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার ফল। এজন্য অগ্নিনিরাপত্তাকে নকশার প্রথম ধাপ থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত ভবনের পুরো জীবনচক্রে বিবেচনা করা প্রয়োজন।

শনিবার সকালে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিনের উপস্থিতিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা বৃদ্ধি পাবে।

ইসাব-এর নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হেলাল) জানান, তিন দিনের এই প্রদর্শনীতে অংশীজন ও ক্রেতা-দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, অগ্নি নিরাপত্তা খাতে সুরক্ষা ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই, যা সংশ্লিষ্টরা নতুনভাবে উপলব্ধি করেছেন।

ইসাব-এর সদ্য সাবেক মহাসচিব ও বর্তমান সদস্য জাকির উদ্দিন আহমেদ বলেন, ইসাব-এর বর্তমান কমিটিসহ পুরনো ও অভিজ্ঞ সদস্যদের সমন্বিত উদ্যোগে এই প্রদর্শনী ভিন্ন মাত্রা পেয়েছে সরকারি-বেসরকারি অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে। প্রদর্শনীর প্রতিটি দিন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সেমিনার থেকেও বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে। তিনি বলেন, অগ্নি নিরাপত্তা খাতে সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে এবং এজন্য সরকারকে আমাদের বিভিন্ন দাবি পূরণে দ্রুত সাড়া দিতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন আশ্বাস দিয়েছেন, যা আমাদের আশ্বস্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে সাগরপথে পাচারকালে ৩১৭ জন উদ্ধার, ৭ মানব পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


টেকনাফে সাগরপথে পাচারকালে ৩১৭ জন উদ্ধার, ৭ মানব পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে মালয়েশিয়া পাচারকালে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি বোট থেকে ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সাতজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাহারছড়ার সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে।

রোববার ভোর ৪টায় কোস্ট গার্ডের অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জনকে উদ্ধার করা হয় এবং সাতজন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করে আসছিল।

উদ্ধার ব্যক্তি, জব্দ বোট ও আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর গাবতলীতে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


রাজধানীর গাবতলীতে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত

রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ব্যাংকটির ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%