ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী


আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সরকার আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনের জন্য আর্থিক খাতকে রাজনীতিমুক্ত করা, ব্যাংক খাতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশীয় শিল্পের বিকাশে কর কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক এক্সিবিশন অন মেটাল ফর্মিং, মেটাল ওয়ার্কিং, প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার টেকনোলজি, হার্ডওয়্যার টুলস অ্যান্ড ফাস্টেনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, আর্থিক খাতকে রাজনীতিমুক্ত করার প্রচেষ্টা চলছে। ব্যাংকগুলোকে নিয়ম ও জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের লক্ষ্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগতভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া।

আরও পড়ুন: আলা হযরতের দর্শন সমসাময়িক বিশ্ব পরিস্থিতিতে জরুরি: কনফারেন্সে বক্তাদের মতামত

তিনি আরো বলেন, কর কাঠামো পরিবর্তনের মাধ্যমে দেশীয় শিল্পকে সহযোগিতা প্রদান করা হবে। শিল্প উদ্যোগগুলোকে নীতিগত সহায়তা দিতে পারলে এই খাত অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে। তবে, উত্তরাধিকারসূত্রে পাওয়া বিদ্যমান কাঠামোর মধ্যেই সরকারকে কাজ করতে হচ্ছে। সুইচ টিপলেই সবকিছু পরিবর্তন সম্ভব নয়।

দেশের ইস্পাত শিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, এ শিল্পের উন্নয়নে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

বিশ্ব অর্থনীতি অনেক দূর এগিয়ে গেলেও বাংলাদেশ এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গ্যাস সরবরাহ বাড়াতে চলতি বছর ৩০টি এবং আগামী বছর ১৫০টি কূপ খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় বেড়াতে ডেকে যুবককে জিম্মি, ২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


টুঙ্গিপাড়ায় বেড়াতে ডেকে যুবককে জিম্মি, ২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আটক ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেড়াতে ডেকে নিয়ে এক যুবককে ঘরে আটকে রেখে তাঁর ছোট ভাইকে জিম্মি করার পাশাপাশি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, দুটি দামি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল আত্মসাতের ঘটনাও ঘটেছে। ভুক্তভোগী মো. আব্দুস সামাদ (২৩) টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের মধ্যে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জেলি বেগম (৪৫), সাব্বির শেখ (২৫), সবুজ শেখ (২৮), দুখু শেখ (২২) ও আমেনা আক্তার সাথী (৩০)। সকলের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা বঙ্গবন্ধু গেট এলাকায় অবস্থিত।

অভিযোগকারী আব্দুস সামাদের বর্ণনা অনুযায়ী, ১ নম্বর অভিযুক্ত জেলি বেগমের সঙ্গে পূর্বপরিচয়ের কারণে গত ৫ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ৭টার সময় তাঁর আমন্ত্রণে ছোট ভাই ফয়সালকে নিয়ে মোটরসাইকেলে গিমাডাঙ্গার ওই বাড়িতে পৌঁছান তিনি। বাড়িতে প্রবেশের পরপরই তাঁদের মোটরসাইকেলের চাবি নিয়ে নেওয়া হয় এবং আব্দুস সামাদকে একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় দুখু শেখ তাঁর পকেটে থাকা ৫ হাজার ৭০০ টাকা নিয়ে নেন। পরবর্তীতে সাব্বির শেখ ও দুখু শেখ ছোট ভাই ফয়সাল এবং মোটরসাইকেলটি নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।

ভুক্তভোগীর দাবি, ছোট ভাইকে ছেড়ে দেওয়ার বিনিময়ে অভিযুক্তরা তাঁর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং প্রতিবাদ করলে মারধরের হুমকি দেন। পরে ৬ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি কৌশলে ঘর থেকে বেরিয়ে আসেন এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় মাদক ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, বাদীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ডাই সৈকতে হামলায় আহত ৯০ বছর বয়সী নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


বন্ডাই সৈকতে হামলায় আহত ৯০ বছর বয়সী নারীর মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে বন্দুকধারীদের হামলায় গুরুতর আহত ৯০ বছর বয়সী এক নারী মারা গেছেন। কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, হামলার প্রায় এক বছর পর এই মৃত্যুর খবর প্রকাশিত হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ওই নারীর নাম ইভা গেলর। গত বছরের ১৪ ডিসেম্বর বন্ডাই সৈকতে ইহুদিদের একটি ধর্মীয় উৎসব চলাকালীন সময়ে ভিড়ের ওপর গুলি চালায় দুই বন্দুকধারী। এই হামলায় কয়েক ডজন মানুষ আহত হন, যাদের মধ্যে ইভা গেলরও ছিলেন। ইভা হলোকাস্ট থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি। হামলার পর তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি এ তথ্য জানিয়েছে। গত রাতে সিডনির একটি হাসপাতালে তার মৃত্যু ঘটে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইভা গেলরের মৃত্যুর বিষয়ে অবহিত। নিউ সাউথ ওয়েলস পুলিশ বলেছে, এ বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য তারা অপেক্ষা করছে। পুলিশের দাবি, ওই হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন। এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা ছিল। হামলায় জড়িত দুই সন্দেহভাজন সাইয়েদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত ছিলেন।

ঘটনাস্থলে পুলিশের গুলিতে সাইয়েদ আকরাম নিহত হন। তার ছেলে নাভিদও পুলিশের গুলিতে আহত হন, তবে তিনি বেঁচে যান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫টি হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। হামলার পর দেশটিতে ইহুদিবিদ্বেষ নিয়ে সরকার-সমর্থিত একটি তদন্ত শুরু হয়। আগামী ১৮ ডিসেম্বর ওই তদন্তের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। ইভা গেলরের মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি বলেন, ‘সেই ভয়াবহ দিনের প্রায় এক বছর পার হয়ে গেছে। কিন্তু এর প্রভাব এখনো পরিবারগুলোর কষ্ট বাড়িয়ে চলেছে। আজ আমরা তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভব করছি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ইভার পরিবার, বন্ধু ও ইহুদি সম্প্রদায়ের পাশে আছি।’ এবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে ইভা গেলরের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে একটি সন্ত্রাসী গণগুলিবর্ষণের ঘটনা ঘটে। বন্ডাইয়ের চাবাদ আয়োজিত একটি বৃহৎ হনুকা উৎসব উদ্‌যাপনের সময় এ হামলা সংঘটিত হয়। বিকেলবেলায় আর্চার পার্কের একটি শিশুদের খেলার মাঠে এই গুলিবর্ষণ ঘটে; পার্কটি ক্যাম্পবেল প্যারেড ও কুইন এলিজাবেথ ড্রাইভের মাঝামাঝি অবস্থিত এবং বন্ডাই সার্ফ বাথার্স লাইফ সেভিং ক্লাবের ঠিক উত্তরে। ঘটনার পর লোকজন আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করলে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগে অভিনেতা বিবিন ও অভিনেত্রী অতুল্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগে অভিনেতা বিবিন ও অভিনেত্রী অতুল্য গ্রেপ্তার

ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ মালয়ালম চলচ্চিত্রের অভিনেতা বিবিন পেরুমপল্লি এবং অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এক চিকিৎসককে মারধর করা, আটকে রাখা এবং তার কাছ থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়ার। এ ঘটনায় তাদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী ওই চিকিৎসক অভিযোগ করেছেন যে, অতুল্য চন্দ্র তাকে ফোন করে জানান, তার এক আত্মীয় অসুস্থ। জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসককে সেখানে যেতে অনুরোধ করেন তিনি। চিকিৎসক পূর্ব পরিচয়ের কারণে তার ডাকে সাড়া দিয়ে সেখানে যেতে রাজি হন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর চিকিৎসক দেখতে পান, সেখানে প্রায় ১২ জন উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর উপস্থিত ব্যক্তিরা তাকে ঘিরে ধরেন। তাঁকে মাদক প্রয়োগ করে অতুল্য চন্দ্র যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। একপর্যায়ে চিকিৎসককে আটকে রেখে মারধর করা হয়।

চিকিৎসকের অভিযোগ, বিবিন পেরুমপল্লি প্রথমে তার মুখে আঘাত করেন। পরে অন্যরাও মারধরে যোগ দেন। এই সময় অতুল্য চন্দ্র তাকে গালিগালাজ করার পাশাপাশি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় চিকিৎসকের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেওয়া হয়। এসব সামগ্রীর মোট মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি। পরে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে কোচির কদাভানথ্রা থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক।

এ ঘটনায় পুলিশ মোট ১২ জনকে আসামি করে মামলা করেছে। মামলায় বিবিন পেরুমপল্লিকে এক নম্বর এবং অতুল্য চন্দ্রকে তিন নম্বর আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভারতের প্রচলিত আইন ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। এর মধ্যে বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতির অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অ্যাপার্টমেন্টে ডেকে নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না পুলিশ।

উল্লেখ্য, বিবিন পেরুমপল্লি একজন অভিনেতার পাশাপাশি প্রযোজকও। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান। এছাড়া ‘সীতা রামাম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন।

অন্যদিকে, অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের তোরণ নির্মাণে এক ঘণ্টার মধ্যে বিচারকের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ট্রাম্পের তোরণ নির্মাণে এক ঘণ্টার মধ্যে বিচারকের নিষেধাজ্ঞা

চূড়ান্ত অনুমোদনের এক ঘণ্টার মধ্যে ট্রাম্পের বিজয় তোরণ নির্মাণের ওপর ১৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন একজন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠিত দীর্ঘ গণশুনানির পর নাগরিকদের তীব্র বিরোধিতা সত্ত্বেও, তোরণটির নকশা অনুমোদনের চূড়ান্ত ভোট পাস হয়।

ওয়াশিংটনের স্থাপত্য ও নকশাগত পরিবর্তন তদারককারী দুটি ফেডারেল সংস্থা, 'ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন', বৃহস্পতিবার তার ভার্চুয়াল সভায় ২৫০ ফুট উঁচু এই স্মৃতিস্তম্ভটির নির্মাণের চূড়ান্ত সবুজ সংকেত দেয়। সভায় যুদ্ধাহত প্রবীণ সৈনিকসহ ১২০ জনেরও বেশি নাগরিক এই প্রকল্প বন্ধ করার জন্য আকুল আবেদন জানান। আট ঘণ্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণের পর, রাত ১০:২৯ মিনিটের দিকে কমিশন ৮-৪ ভোটে তোরণটি অনুমোদন করে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির দুইদিনের মধ্যে তড়িঘড়ি করে এ অনুমোদন দেয়া হয়েছিল।

এই অনুমোদন পাসের এক ঘণ্টার মধ্যেই ইউএস ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া চুটকান রুল জারি করেন যে, মামলার বিবাদী অর্থাৎ ট্রাম্প প্রশাসন তোরণের প্রস্তাবিত এলাকার কাছাকাছি কোনো ধরনের নির্মাণ-সংশ্লিষ্ট কার্যক্রম শুরু, পরিচালনা বা কার্যকর করতে পারবে না। ওবামা প্রশাসনের আমলে নিযুক্ত বিচারক তানিয়া চুটকান এই তোরণ নির্মাণ বন্ধে দায়ের হওয়া একটি হাই-প্রোফাইল মামলা তদারকি করছেন।

এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, চূড়ান্ত ভোটের পরপরই তারা তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ শুরু করে দিতে পারে। তবে বিরোধীরা এই কাঠামোটিকে ট্রাম্পের অহংকার প্রকাশের একটি 'অসার প্রকল্প' হিসেবে নিন্দা করেছেন এবং এর পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছেন, যা কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়নি।

ট্রাম্পের মনোনীত সমর্থকদের দ্বারা পূর্ণ এই কমিশনের অনুমোদনটি ছিল মূলত ওয়াশিংটনের দৃশ্যপটকে নিজের পছন্দমতো পুনর্গঠন করার জন্য প্রেসিডেন্টের প্রচেষ্টার একটি কেন্দ্রীয় প্রকল্পকে জোরপূর্বক পাস করানোর চূড়ান্ত পদক্ষেপ। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই হোয়াইট হাউস এই কাজটি এগিয়ে নিতে মরিয়া ছিল। ট্রাম্প বলেছেন, তার লক্ষ্য হলো আগামী দুই বছরের মধ্যে অফিস ছাড়ার আগেই এই তোরণের কাজ শেষ করা।

তবে এই আগ্রাসী সময়সীমাটি প্রবীণ সৈনিক এবং ঐতিহ্য সংরক্ষণবাদীদের দায়ের করা হাই-প্রোফাইল মামলার মতো আইনি চ্যালেঞ্জের কারণে ক্রমাগত জটিলতার মুখে পড়ছে। বিরোধীদের মতে, এর বিশাল আকার এবং অবস্থান এমন এক সারিতে থাকা জাতীয় ল্যান্ডমার্কগুলোর দৃশ্যমানতা ব্যাহত করবে; যার মধ্যে রয়েছে লিঙ্কন মেমোরিয়াল, আর্লিংটন হাউস এবং রবার্ট ই. লি মেমোরিয়াল। এছাড়া এই সুউচ্চ স্মৃতিস্তম্ভটি আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের শেষকৃত্যের গম্ভীর পরিবেশকে নষ্ট করবে।

তারা যুক্তি দেখান যে এই প্রকল্পটি অবৈধ কারণ এতে কংগ্রেসের অনুমোদন নেই। তারা 'কমিমোরোটিভ ওয়ার্কস অ্যাক্ট'-এর কথা উল্লেখ করেন, যা ওয়াশিংটনে নতুন কোনো স্মৃতিস্তম্ভ তৈরির জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা দেয়।

বৃহস্পতিবার দিনভর প্রকল্প এলাকার কাছাকাছি বিক্ষোভ চলে। বিক্ষোভে অংশ নিয়ে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ডন বেয়ার বলেন, ’একক ব্যক্তির অহংকারের এই স্মৃতিস্তম্ভরূপী বিকৃতি সেখানে সমাহিত প্রতিটি সেনা সদস্যকে অসম্মান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%