০২:৩৪ পি.এম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেড়াতে ডেকে নিয়ে এক যুবককে ঘরে আটকে রেখে তাঁর ছোট ভাইকে জিম্মি করার পাশাপাশি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, দুটি দামি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল আত্মসাতের ঘটনাও ঘটেছে। ভুক্তভোগী মো. আব্দুস সামাদ (২৩) টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের মধ্যে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জেলি বেগম (৪৫), সাব্বির শেখ (২৫), সবুজ শেখ (২৮), দুখু শেখ (২২) ও আমেনা আক্তার সাথী (৩০)। সকলের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা বঙ্গবন্ধু গেট এলাকায় অবস্থিত।
অভিযোগকারী আব্দুস সামাদের বর্ণনা অনুযায়ী, ১ নম্বর অভিযুক্ত জেলি বেগমের সঙ্গে পূর্বপরিচয়ের কারণে গত ৫ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ৭টার সময় তাঁর আমন্ত্রণে ছোট ভাই ফয়সালকে নিয়ে মোটরসাইকেলে গিমাডাঙ্গার ওই বাড়িতে পৌঁছান তিনি। বাড়িতে প্রবেশের পরপরই তাঁদের মোটরসাইকেলের চাবি নিয়ে নেওয়া হয় এবং আব্দুস সামাদকে একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় দুখু শেখ তাঁর পকেটে থাকা ৫ হাজার ৭০০ টাকা নিয়ে নেন। পরবর্তীতে সাব্বির শেখ ও দুখু শেখ ছোট ভাই ফয়সাল এবং মোটরসাইকেলটি নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।
আরও পড়ুন: পাঁচবিবির গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ, সরকারি সহযোগিতার দাবি
ভুক্তভোগীর দাবি, ছোট ভাইকে ছেড়ে দেওয়ার বিনিময়ে অভিযুক্তরা তাঁর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং প্রতিবাদ করলে মারধরের হুমকি দেন। পরে ৬ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি কৌশলে ঘর থেকে বেরিয়ে আসেন এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় মাদক ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, বাদীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন