ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর


সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দ্য নিউ আরবের রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির নাম হলো ফাদেল আল-সাফওয়ানি এবং জাওয়াদ কুরেইরিস।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং বিদেশি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়ার মতো বেশ কয়েকটি অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে তাদের করা আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। তবে মানবাধিকারবিষয়ক একটি সংগঠনের দাবি, জাওয়াদ কুরেইরিসের বিরুদ্ধে অভিযোগ ওঠার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

আরও পড়ুন: অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’ জানায়, ২০২০ সালের ডিসেম্বরে জাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছিল, যখন সে বিক্ষোভে অংশ নিয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিল।

সংস্থাটির দাবি, বিক্ষোভের সময় জাওয়াদের বয়স ছিল ১৪ বছর। অর্থাৎ যেসব কর্মকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল, সেগুলো ঘটার সময় তিনি নাবালক ছিলেন।

এই মৃত্যুদণ্ড কার্যকরের ফলে সৌদি আরবে নাবালক অবস্থায় সংঘটিত কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি আবার আলোচনায় এসেছে। মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’ আরো জানায়, জাওয়াদ কুরেইরিসের কাছ থেকে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।

সংস্থাটির মতে, এই মৃত্যুদণ্ড সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে কুরেইরিসের পরিবারের বিরুদ্ধে নেওয়া এক ধরনের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে। ২০১১ সালের বিক্ষোভের সময় সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে কুরেইরিসের বড় ভাই নিহত হন। এছাড়া, তার আরো দুই ভাইকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। রিপ্রিভ জানায়, ২০১৫ সালের আগস্ট থেকে সৌদি আরব এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যারা কথিত অপরাধ সংঘটনের সময় শিশু ছিলেন।

আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ

এই পাঁচজনই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া সম্প্রদায়ের পরিবারের সদস্য। ২০১১ সালের আরব বসন্তের সময় এবং পরবর্তী বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে দেশটির শিয়া সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বসবাস। তবে সৌদি আরব মূলত সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। গত মাসে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ‘সন্ত্রাসবাদে’ জড়িত থাকার অভিযোগে আরো পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন এমন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন, যা সংঘটনের সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক মৃত্যুদণ্ড প্রকল্পের প্রধান জিদ বাসইউনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। গত দুই বছরে দেখা গেছে, শিশুদের ক্ষেত্রেও এই শাস্তি কার্যকর করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের অধিকাংশই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। ২০২৫ সালে সৌদি আরবে মোট ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

আরও পড়ুন: কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ১০০ জন সৌদি নাগরিক। এ ছাড়া মাদক পাচারের দায়ে দণ্ডিত ১২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে ৯০ জনই বিদেশি নাগরিক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে চীন ও ইরানের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের তালিকায় সৌদি আরবের অবস্থান ছিল তৃতীয়।

সৌদি আরবের সরকারের দাবি, দেশে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজন। দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সব ধরনের আইনি প্রক্রিয়া ও আপিলের সুযোগ শেষ হওয়ার পরই কেবল মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান

 

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. রবিউল ইসলাম রোমান। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সোমবার (১৬ নভেম্বর) একটি জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। পরে তাঁর দেওয়া পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

বিবৃতিতে রোমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দলের বিভিন্ন মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে আশাবাদী হয়েছিলেন। কিন্তু তাঁর দৃষ্টিতে ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।

রোমানের অভিযোগ, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন রোমান। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত ভাঙচুরের ছবি সম্পাদনা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগও তোলেন তিনি। এমনকি হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তাঁর কাকাকেও আসামি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

বিএনপির রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে পারিবারিক একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মামা মরহুম আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত থাকার পর জীবনের শেষ সময়ে দলের পক্ষ থেকে যথাযথ খোঁজখবর ও সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন রোমান।

তিনি বলেন, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তাঁর মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তাঁর খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।

বিবৃতিতে রোমান আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি কিংবা কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।

তিনি ঝিনাইগাতীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে যেন কষ্ট দেওয়া বা অন্যায়ভাবে হয়রানি করা না হয়। পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতা বজায় রেখে মাদকমুক্ত, পাহাড় ও প্রকৃতিবান্ধব এবং অন্যায়-দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিবৃতির শেষাংশে রাজনৈতিক জীবনের পথচলায় পাশে থাকা, সহযোগিতা করা ও ভালোবাসা দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুনের সঙ্গে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র পাননি। তিনি আরও বলেন, সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না। দু-একজন নেতা দল থেকে চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড

লালমনিরহাটের মহেন্দ্রনগর বাজারে অবৈধভাবে সার পাচারের সময় তিনটি অটোরিকশা থেকে ৪৫ বস্তা ডিএপি সার স্থানীয়রা জব্দ করেছেন। সোমবার ভোরে সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে এই সারগুলো জব্দ করা হয়।

এ ঘটনার সময় সার সিন্ডিকেটের সাথে জড়িত এরশাদ আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত এরশাদ সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস এ সময় বলেন, "তিনটি গাড়িতে মোট ৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে এবং তা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে হারাটি ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে এই সার বিতরণ করা হবে। পাচারের সাথে জড়িত ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​সরকারি খরচে মালয়েশিয়ায় যাওয়া ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ কারা? অস্বচ্ছতা ও নাম প্রকাশের দাবিতে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


​সরকারি খরচে মালয়েশিয়ায় যাওয়া ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ কারা? অস্বচ্ছতা ও নাম প্রকাশের দাবিতে প্রশ্ন

চলতি নভেম্বর মাসের শেষেই মালয়েশিয়ায় যাওয়া ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধা’কে সম্পূর্ণ সরকারি খরচে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এই তথ্য জানান। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও, এই ১ হাজার জুলাই যোদ্ধা আসলে কারা, তাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে হয়েছে এবং তাদের সুনির্দিষ্ট তালিকা কেন এখনো প্রকাশ করা হয়নি—তা নিয়ে তীব্র প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে জনমনে।
বিশেষ করে জুলাই আন্দোলনের প্রকৃত মাঠের যোদ্ধারা এবং সচেতন মহল বলছেন, তালিকায় থাকা ওই ১ হাজার ব্যক্তির নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশ করা না হলে প্রকৃত যোদ্ধারা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। মুখরোচক ঘোষণা বা মৌখিকভাবে ‘জুলাই যোদ্ধা’ আখ্যা দিয়ে নির্দিষ্ট কোটা বা তালিকার স্বচ্ছতা নিয়ে সাধারণ তরুণ ও চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
যাঁদের প্রশ্ন ও ক্ষোভের মূল বিষয়গুলো:
তালিকার অস্বচ্ছতা: কোনো ধরনের উন্মুক্ত তালিকা বা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া প্রকাশ না করেই হঠাৎ ১ হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে বিদেশ পাঠানোর ঘোষণায় তৈরি হয়েছে ধোঁয়াশা।
যোদ্ধাদের পরিচয় নিয়ে প্রশ্ন: প্রকৃত জুলাই যোদ্ধারা মাঠে রক্ত দিলেও এই ১ হাজার সৌভাগ্যবান ব্যক্তি কারা, কোন প্রক্রিয়ায় বা কার বা কাদের মাধ্যমে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হলো—তার সদুত্তর মিলছে না।
স্বচ্ছতা ও নামের তালিকা প্রকাশের দাবি: জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল বৈষম্যহীনতা ও স্বচ্ছতা। অথচ এই ১ হাজার জনের নাম গোপন রেখে শুধু মুখে মুখে ঘোষণার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলের যুবসমাজ।
সংশ্লিষ্টদের মতে, প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মানিত করার প্রক্রিয়াটি হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক। তাই অবিলম্বে ওই ১ হাজার জুলাই যোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা ও তাদের বাছাইয়ের প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা, ৩ কোটি ৬৭ লক্ষ টাকার ঋণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা, ৩ কোটি ৬৭ লক্ষ টাকার ঋণ বিতরণ

নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, সফল উদ্যোক্তা প্রমুখ। অনুষ্ঠানে ঋণ গ্রহণকারী কৃষক, উদ্যোক্তা, খামারী, মৎস্যচাষী এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা অনুষ্ঠানে বলেন, নওগাঁ দেশের উত্তরের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত। এই অঞ্চলে উৎপাদিত ধানের চাল ও আমের সুনাম বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই নওগাঁর কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতগুলোকে আরো সমৃদ্ধশালী করতে কৃষক, কৃষি উদ্যোক্তা, মৎস্যচাষী, খামারী এবং গ্রামের নারী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদানের কোন বিকল্প নেই। বক্তারা বলেন, এই ঋণ কার্যক্রমের সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছাতে হবে। এর জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন খাতে ঋণ গ্রহণকারীদের মাঝে ঋণের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তা, চাষী ও খামারীসহ মোট ১৩৬ জন (ব্যক্তি ও প্রতিষ্ঠান) সুবিধাভোগীদের মাঝে স্বল্প সুদে ৩ কোটি ৬৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। ঋণ প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পূবালী ব্যাংক পিএলসি ৫০ লক্ষ টাকার ঋণ বিতরণ করছে। দিনব্যাপী মেলায় ১৬টি স্টলে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংক তাদের ঋণ কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কৃষি ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%