১১:০১ এম
রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে (রিফাইনারি) বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিয়েভের এটি দ্বিতীয় হামলা, যা এই স্থাপনায় সংঘটিত হয়েছে।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর দক্ষিণ-পূর্বের কাপোতন্যা জেলার মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, মস্কোর দিকে আসা চার ডজনেরও বেশি ড্রোনকে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী এখনও ব্যাপক হামলা প্রতিহত করে যাচ্ছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটিতে বিস্ফোরণের মুহূর্ত দেখা গেছে। ভিডিওতে স্থাপনাটির একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এরপর আরও একটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।
এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় সোবিয়ানিন জানিয়ে ছিলেন, হামলায় রিফাইনারি প্রাঙ্গণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের ইরানে ‘দখলের’ ইঙ্গিত, সামরিক অভিযানকে ‘যুদ্ধ’ বললেন না
এদিকে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ওয়াশিংটন খুব শিগগিরই রাশিয়ার তেল সরবারহের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হলেই এই মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন