০৪:৪৬ পি.এম
রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সম্পর্কিত বই জব্দ করেছে জেলা প্রশাসন।
পাঠাগারে তল্লাশি চালিয়ে মোট প্রায় তিনশো বই জব্দ করা হয়।
বুধবার (১০ জুন) দুপুর আড়াইটায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এই বই জব্দের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২১৮ দুর্ঘটনায় ঝরেছে ১৬৯ প্রাণ
এর আগে বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত ভ্রাম্যমাণ পাঠাগারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা বই পাওয়া গেলে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠাগারে তল্লাশি করে বইগুলো জব্দ করেন।
এছাড়া জানা গেছে, বই জব্দের সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শেখ মুজিব এবং স্বৈরাচারী হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোনো গ্রন্থ, সাময়িকী অথবা প্রবন্ধ রাখা হবে না মর্মে মুচলেকা দেয়া হয়েছিল।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ওই দিন ছাত্রদলের নেতাকর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে যান। এ সময় বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া গেলে বাসটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, ‘স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সর্ষের মধ্যে ভূত রয়েছে। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে।’ তিনি আরও জানান, ‘আমরা বইগুলো জব্দ এবং দোষীদের শাস্তি চাই।’
আরও পড়ুন: ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন
এ বিষয়ে ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজশাহীতে বই রাখার জায়গা না থাকায় বইগুলো গাড়ির মধ্যেই ছিল। তবে এগুলো কাউকে পড়তে দেয়া হতো না।’
বই জব্দ করার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদফতর এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশব্যাপী এই ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রমটি প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রেখে আসছে।
আরও পড়ুন: ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন