০৪:৫০ পি.এম
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বুধবার (১০ জুন) বিকেল তিনটায় কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের আলোচনা চলছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনটি পরিচালনা করছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে করবেন
আবুল কালাম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে তিনি দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার বিষয় নিয়ে একটি সতর্কবার্তা দিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী কি সেই নির্দেশনাগুলো জানাবেন?
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাব দেন যে, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন ও অন্যান্য কার্যক্রমে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতেই হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে।
নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগে হাত দিতে হবে।
আরও পড়ুন: গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ালো সরকার
প্রধানমন্ত্রী আরও বলেন, সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে হবে।
এছাড়া, আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকারি সেবা প্রদানকে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন