ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস হেলপার গ্রেফতার


নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস হেলপার গ্রেফতার
ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ বাসের দুই হেলপারকে গ্রেফতার করা হয়েছে।  যার বাজারমূল্য ২৪ লাখ টাকা।  ঢাকা থেকে যাত্রীবাহী বাসে নড়াইলের উদ্দেশ্যে এ মাদক নিয়ে আসা হচ্ছিল।  যা খুচরা পর্যায়ে বিক্রি করা হতো।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩০)। এরা দু’জন ঢাকাগামী বাসে হেলপারের আড়ালে দীর্ঘ আট বছর ধরে মাদকের চালান আনা-নেওয়ার কাজ করছেন।
 
ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে শনিবার দুপুরে যাত্রীবাহী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে (ঢাকা মেট্টো ব-১১৯৬৫৮) অভিযান চালানো হয়। এ সময় বাসের সামনের সিটে বসা ইয়াকুব সরদারের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ইয়াকুবের সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়। তারা দু’জন যাত্রীবাহী বাসে হেলপারের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের চালান বহন করে আসছেন।
 
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনের নামে মামলা দায়ের হয়েছে। এর আগে ২০১৮ সালে ইয়াকুবের নামে সদর থানায় মাদকের মামলা দায়ের হয়।  
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ‘যুদ্ধবিরতি’ চলাকালীন নিহতের সংখ্যা ৭৪ হাজারের কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


গাজায় ‘যুদ্ধবিরতি’ চলাকালীন নিহতের সংখ্যা ৭৪ হাজারের কাছাকাছি

প্রায় এক বছর হতে চলেছে কথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা এবং প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। ফলে নিহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান এই হামলায় নিহতের সংখ্যা ৭৩,৯১০ জনে পৌঁছেছে।

শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইসরায়েলি আগ্রাসনের ফলে আহত মানুষের সংখ্যা বর্তমানে ১,৭৪,৯১৪ জন। এছাড়া বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ইসরায়েলের এই ধারাবাহিক হামলার কারণে গবেষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে, উদ্ধারকাজ এবং পূর্ণাঙ্গ হিসাব সম্পন্ন হলে মোট নিহতের সংখ্যা ১ লাখের বেশি হয়ে যাবে।

জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ'-এর প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, আগ্রাসনের প্রথম দুই বছরে গাজায় আনুমানিক ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল অবরোধ এবং ভয়াবহ সামরিক অভিযান শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের সামরিক ঘাটতি পুরনো কৌশল হিসেবে চিহ্নিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


ইসরায়েলের সামরিক ঘাটতি পুরনো কৌশল হিসেবে চিহ্নিত

দীর্ঘকাল ধরে ইরান, গাজা, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে বহুমুখী যুদ্ধ পরিচালনার কারণে ইসরায়েলি বাহিনীর ওপর সামরিক সরঞ্জাম ও জনবলের চাপ বৃদ্ধি পেয়েছে।

ট্যাংকের অভাব, সেনাদের ছুটি বাতিল করা এবং যুক্তরাষ্ট্র থেকে ১২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া আটকে যাওয়ার খবর সাম্প্রতিক সময়ে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে, প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই সংকট বাস্তবতার চেয়ে অস্ত্র সংগ্রহের একটি কৌশলগত পদক্ষেপ।

ইসরায়েলের চ্যানেল ১২ এবং দৈনিক মারিভের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টানা যুদ্ধের ফলে তাদের অনেক ট্যাংক ও সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত যানগুলোর মেরামতের জন্য পর্যাপ্ত বাজেট নেই। অন্যদিকে, বাজেটের অভাবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন অ্যাপাচি হেলিকপ্টার কেনার পরিকল্পনা ব্যাহত হয়েছে।

এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাজেট বৃদ্ধি নিয়ে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের সঙ্গে একমত্যে পৌঁছাতে পারেননি।

প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্তার আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীতে সত্যিকার অর্থে সংকট তৈরি হওয়া সম্ভব নয়। এই ধরনের খবর গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া মূলত ওয়াশিংটন ও ইউরোপ থেকে দ্রুত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার জন্য একটি পুরনো কৌশল। অন্যান্য দেশ যেভাবে অস্ত্রের মজুদকে যুদ্ধের জন্য পর্যাপ্ত মনে করে, ইসরায়েল সেটিকে সংকটজনক হিসেবে বিবেচনা করে। কারণ তারা একাধিক ফ্রন্টে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে চায়।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পটপরিবর্তন বা নীতিগত পরিবর্তনের আগে চুক্তিগুলো দ্রুত নিশ্চিত করাই ইসরায়েলের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে ২ হাজার পাউন্ড ওজনের ৬০ হাজারটি দূরপাল্লার বোমা বিক্রির উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে, পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ইসরায়েলি বাহিনীতে ১ লাখ ৬৯ হাজার ৫০০ সক্রিয় সেনা এবং ৪ লাখ ১৯৬৫ হাজার রিজার্ভ সেনা ছিল। তবে টানা সংঘাতের কারণে সেনাসংখ্যা বৃদ্ধির তাগিদ দিচ্ছেন সেনাপ্রধান এজাল জামির। তিনি পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ ৩৬ মাস করার আহ্বান জানিয়েছেন।

উগ্র অর্থোডক্স (হারেদি) তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও প্রায় ২৪ হাজার সমনের বিপরীতে মাত্র ১ হাজার ২০০ জন এতে সাড়া দিয়েছেন।

গাজা, লেবানন, ইরান, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং সিরিয়ায় চলমান যুদ্ধগুলো পরিচালনার জন্য ইসরায়েলের হাতে যথেষ্ট অস্ত্র রয়েছে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে নতুন কোনো আঞ্চলিক শক্তির সঙ্গে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিতেই আগাম এসব সরঞ্জাম ও সেনার ঘাটতির বিষয়টি সামনে আনা হচ্ছে তেল আবিবের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের ৩০৬ খেলোয়াড়ের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


নতুন কুঁড়ি স্পোর্টসের ৩০৬ খেলোয়াড়ের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

তৃণমূল থেকে উঠে আসা ৩০৬ জন তরুণ ক্রীড়াবিদকে কেন্দ্র করে শুরু হলো নতুন স্বপ্নের যাত্রা। আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজনে ৪০ দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে নির্বাচিত সেরা ৩০৬ জন উদীয়মান ক্রীড়াবিদ এই ক্যাম্পে অংশগ্রহণ করছেন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেএসপির অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি। এ সময় জাতীয় দলের সাবেক খেলোয়াড়, প্রশিক্ষক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল তার দীর্ঘ ক্রীড়া জীবনের স্মৃতিচারণ করেন। বিকেএসপিকে দেশের খেলোয়াড়দের আবেগ ও সাফল্যের ভিত্তিভূমি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "একাগ্রতা, কঠোর অনুশীলন ও অদম্য স্বপ্ন থাকলে যেকোনো বাধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব।"

নিম্ন ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করতে তাদের শুধু ভালো খেলোয়াড় নয়, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে ওঠার আহ্বান জানান প্রতিমন্ত্রী আমিনুল। তিনি নিজের রাজনৈতিক লড়াই-সংগ্রামের অভিজ্ঞতা এবং জাতীয় দলে খেলার সময়ের স্মৃতিও তরুণদের সামনে তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, "প্রতিভাবান এসব ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে অভিভাবকের মতো থাকবে সরকার। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ নিশ্চিত করা হবে।"

তৃণমূল থেকে উঠে আসা এসব ক্রীড়াবিদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি জানান, এই আয়োজন কেবল ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখান থেকে নির্বাচিত মেধাবী ক্রীড়াবিদদের বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনা হবে।

নতুন প্রজন্মের এই ৩০৬ ক্রীড়াবিদকে আগামীর ক্রীড়া অগ্রযাত্রার ‘প্রথম সৈনিক’ হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, "তাদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় দলের কাণ্ডারিরা উঠে আসবে। যারা একদিন বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন

বাংলাদেশে সফররত চীন নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ এবং ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এই পরিদর্শনের সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনী জাহাজ দুটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় তিনি জাহাজ দুটির কমান্ডিং অফিসার ও কর্মকর্তা-নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়া আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজগুলো পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও চীনা নৌবাহিনী জাহাজ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে যৌথ মহড়া 'PASSEX'-এ অংশগ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%