ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগেরে গৃহবধূকে হত্যার পর লাশ গুমের অভিযোগ, ২৪ ঘণ্টায় ঘাতক স্বামী গ্রেপ্তার


নাসিরনগেরে গৃহবধূকে হত্যার পর লাশ গুমের অভিযোগ, ২৪ ঘণ্টায় ঘাতক স্বামী গ্রেপ্তার

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ পুকুরে পাথর চাপা দিয়ে গুম করার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না ঘাতক স্বামীর। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুশীল দাশ (৩০) ওই এলাকার কুড়ের পাড়ের বাসিন্দা। তিনি মৃত মহরলাল দাশের ছেলে।
‎
‎অভিযানটি পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-৯), সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা পুলিশের যৌথ টিম।
‎
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে সুশীল দাশের সাথে রত্না রানী দাশের (২৬) বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক নানা বিষয় নিয়ে সুশীল স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
‎
‎ঘটনার প্রায় এক মাস আগে তিনি স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর সংসার করবেন না। বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করেও স্বামীর বাড়িতেই থেকে যান রত্না। আর সেই থেকে যাওয়াই তার জীবনে কাল হয়ে দাঁড়াল।
‎
‎পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাতে মেয়েকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রত্না। পরদিন সকালে তাকে ঘরে না পেয়ে সুশীল দাশ নিখোঁজের নাটক সাজান। তিনি শ্বশুরবাড়িতে খবর দেন এবং নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎
‎এদিকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিলেন না।
‎
‎অবশেষে গত ২১ অক্টোবর দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, সুশীল দাশের বাড়ির দক্ষিণ পাশের পুকুরে একটি বস্তা ভাসছে। খবর পেয়ে রত্নার ভাই ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বোনের মরদেহ শনাক্ত করেন।
‎
‎মরদেহ উদ্ধারের পর পুলিশ দেখতে পায়, রত্নার দুই হাত রশি ও কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। মরদেহটি বস্তায় ভরে তার সাথে বড় পাথর বেঁধে পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছিল, যাতে কেউ খুঁজে না পায়।
‎
‎এ ঘটনায় নিহতের ভাই শ্রীনিবাস দাস বাদী হয়ে সুশীল দাশকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২১, তারিখ- ২২ অক্টোবর ২০২৬। ধারা- দণ্ডবিধি ৩০২/২০১/৩৪।
‎
‎মামলা রুজুর পরপরই SRB-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিক্ষার চাল-টাকাও রক্ষা পেল না, অসহায় জলিলের পাশে দাঁড়ালেন এমপি খোকন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


ভিক্ষার চাল-টাকাও রক্ষা পেল না, অসহায় জলিলের পাশে দাঁড়ালেন এমপি খোকন

দুই পায়ে চলার শক্তি নেই, লাঠিতে ভর দিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে ভিক্ষা করে চলে জীবন। কেউ পাঁচ টাকা দেন, কেউ দশ টাকা। কখনো জোটে দুমুঠো খাবার, কখনো কাটে অনাহারে। এভাবেই একটু একটু করে জমিয়েছিলেন কিছু চাল আর সামান্য টাকা। কিন্তু সেই শেষ সম্বলটুকুও রক্ষা পেল না চোরের হাত থেকে। ঘরে একা ঘুমিয়ে থাকা অসহায় প্রতিবন্ধী আব্দুল জলিলের কুঁড়েঘরে সিঁধ কেটে চাল ও জমানো টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ঘুম থেকে উঠে সব হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তবে অসহায় জলিলের এমন দুর্দশার খবর পেয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি জলিলের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার পাশাপাশি চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।

জলিলের জীবনসংগ্রাম যেন প্রতিদিনের এক কঠিন বাস্তবতা। দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে পঙ্গুত্ব বরণ করে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন তিনি। শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এই মানুষটির এক বোন ছাড়া আপনজন বলতে তেমন কেউ নেই। বোন এসে রান্না করে খাইয়ে যান। আর বাকি সময়টুকু নিজের মতো করেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যান তিনি।

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাই সরদারের চর বেপারীকান্দির বেপারীবাড়ি এলাকায় একটি ছোট্ট কুঁড়েঘরে বসবাস করেন আব্দুল জলিল। মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়েই চলে তাঁর জীবন। ভিক্ষা করে পাওয়া চাল আর সামান্য টাকা ছিল তাঁর অনিশ্চিত জীবনের একমাত্র ভরসা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাতে জলিল যখন ঘরে একা ঘুমিয়ে ছিলেন, তখন দুর্বৃত্তরা তাঁর ঘরের সামনের দরজায় তালা লাগিয়ে পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা চাল ও জমানো সামান্য টাকা নিয়ে পালিয়ে যায় তারা। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা চোরদের বাধা দেওয়ার মতো সামর্থ্যও ছিল না তাঁর।

সকালে ঘুম থেকে উঠে ঘরের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন জলিল। যে চাল দিয়ে কয়েক দিন খাবারের ব্যবস্থা হতো, যে সামান্য টাকা ছিল তাঁর শেষ ভরসা, সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তাঁর কান্না দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় অনেকেই।

এলাকাবাসীর মতে, একজন অসহায় প্রতিবন্ধী মানুষের ঘর থেকে তাঁর বেঁচে থাকার শেষ সম্বলটুকু চুরি করে নেওয়া অত্যন্ত অমানবিক। যিনি নিজেই অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না, তাঁর সামান্য সম্পদটুকুও নিরাপদ নয়—এ ঘটনা সমাজের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে জলিলের দুর্দশার কথা শুনে তাঁর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি জলিলকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাঁর পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে জলিলের বসবাসের কুঁড়েঘরটি পাকা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।

জীবনের শেষ সম্বল হারিয়ে যখন চোখের জলে দিন কাটছিল জলিলের, তখন এই সহায়তা তাঁর মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিয়েছে। এখন অসহায় এই মানুষটির প্রত্যাশা, মাথা গোঁজার নিরাপদ একটি ঘর আর দুবেলা খাবারের নিশ্চয়তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরে পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


অবসরে পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান নেইমার

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর, ক্লাব ফুটবলেও নেইমার জুনিয়রকে কতদিন দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠের ফুটবলকে বিদায় জানানোর পর তিনি কীভাবে নিজের জীবনকে সাজাবেন, সে বিষয়ে মুখ খুলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের এই তারকা অবসরের পর প্রথম পুরো একটি বছর কোনো পেশাদার দায়বদ্ধতা ছাড়া কেবল ‘অলস’ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

ব্রাজিলে ‘ভারান্দা গুরমে’ নামক এক অনুষ্ঠানে মৌরিসিও মেইরেলেস ও ড্যানিয়েল জুকারম্যানের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার তার অবসরোত্তর পরিকল্পনা এবং মাঠের বাইরের জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন। পেশাদার ফুটবলের দীর্ঘদিনের কঠোর নিয়মকানুন থেকে মুক্তি পেয়ে তিনি নিজের স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে চান। অবসরের প্রথম বছরের পরিকল্পনা নিয়ে হাসতে হাসতে নেইমার বলেন, “অবশ্যই, আমি যখন খেলা ছেড়ে দেব, তখন প্রথম একটা বছর কিছু করব না। খালি বসে বসে অলস সময় পার করব। তখন আমার রুটিনটা হবে এমন—আজকে আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ আমার কিছু করতে ইচ্ছা করছে না, তো কিছু করব না।”

অবসরের পর কখন আনন্দের জন্য ফুটবলে ফিরবেন কিংবা কখন অলস সময় কাটাবেন—সে সিদ্ধান্তও সম্পূর্ণ নিজের মতো করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা। সাক্ষাৎকারে তিনি নিজের সন্তানদের সঙ্গে দৈনন্দিন জীবন নিয়েও কথা বলেন। নিয়মিত অনুশীলন ও ফিজিওথেরাপি সেশনের চরম ব্যস্ততার মধ্যেও তিনি পরিবারের জন্য সময় বের করে নেন। সন্তানরা যা পছন্দ করে, সে অনুযায়ী সময় কাটানোকে প্রাধান্য দেন এই ব্রাজিলিয়ান তারকা।

মেয়ের পছন্দ প্রসঙ্গে নেইমার জানান, তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’-এর মতো অ্যানিমেটেড সিনেমা খুব পছন্দ করে। তাই ব্যস্ত রুটিনের ফাঁকে মেয়ের পাশে বসে সিনেমা দুটি উপভোগ করেন তিনি। মাঠের রাজত্ব শেষে নেইমার যে নিজের মতো করে সাধারণ এক পারিবারিক ও স্বাধীন জীবন উপভোগের অপেক্ষায় আছেন, তা তার এই সাক্ষাৎকারেই স্পষ্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নেওয়া আ. লীগ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নেওয়া আ. লীগ নেতা গ্রেফতার

মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর ৩৩ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম সুমনকে (৩৮) গ্রেফতার করেছে।

গ্রেফতারের ঘটনা ঘটে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক, সিলেটে উন্নয়ন জরুরি : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক, সিলেটে উন্নয়ন জরুরি : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট, ২৩ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন যে, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এই উদ্যোগের অংশ হিসেবে সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধিত হবে।

মন্ত্রী শুক্রবার সিলেটের কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি কোম্পানিগঞ্জের চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, এর ফলে এলাকার মানুষ উপকৃত হবে এবং পর্যটন সুবিধা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হবে।

সিলেট নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মো. তোতিউর রহমান। এ সময় আলোচনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমিতির সভাপতি রফিকুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন প্রমুখ।

মন্ত্রী প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ কোম্পানিগঞ্জের বর্তমান স্থলবন্দরের সঙ্গে ভবিষ্যতে আরও একটি বন্দর স্থাপনের আশ্বাস দেন। জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর জন্য তিনি সবার প্রতি আহবান জানিয়ে বলেন, বিদেশ যাওয়ার আগে আমাদের জনশক্তিকে ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান অর্জন করা উচিত। একই সঙ্গে যে দেশে যাবেন, সেই দেশের ভাষার ওপর অন্তত প্রাথমিক দক্ষতা নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%