১০:৪৫ পি.এম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত আব্দুল কাদের (২৫) একই উপজেলার ডুগডুগি গ্রামের রহিদুল ইসলামের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা বেলায় একটি মোটরসাইকেলে করে দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন আব্দুল কাদেরসহ তিনজন আরোহী। এমন সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন আব্দুল কাদের। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন