ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইটের প্রস্তাব, বিমানমন্ত্রীর বিবেচনার আশ্বাস


দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইটের প্রস্তাব, বিমানমন্ত্রীর বিবেচনার আশ্বাস

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করার পাশাপাশি দুই দেশের পর্যটন খাত ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বৈঠক বুধবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। মন্ত্রী জবাবে বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মন্ত্রী আশ্বস্ত করেন যে, সরকার ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।’

আরও পড়ুন: মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে এই উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরো সুদৃঢ় ও গতিশীল করবে।

সাক্ষাৎকালে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ আমলের অপরাধের তথ্য সংগ্রহে সব দলকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


আওয়ামী লীগ আমলের অপরাধের তথ্য সংগ্রহে সব দলকে চিঠি

আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব অপরাধের তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য দেশজুড়ে গণশুনানির আয়োজন করা হবে। দেশের সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য চিঠি পাঠানো হয়েছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য প্রকাশ করেন। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, দেশের বিভিন্ন জেলায় প্রতি সপ্তাহে গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে এই কর্মসূচি পরিচালিত হবে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলো এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে। সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। যদি কোনো ঘটনার মামলা হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। আর মামলা না হলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, গণশুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তা তদন্ত করা হবে। যদি তদন্তে অভিযোগের সত্যতা ও অপরাধের উপাদান পাওয়া যায়, তবে আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা নেওয়া হবে। গণশুনানিতে অভিযুক্ত কাউকে পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, এমনকি গ্রেপ্তারের উদ্যোগও নেওয়া হতে পারে।

গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামী ২৬ নভেম্বর যশোরে প্রথম কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গুম, অপহরণ, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অনেক পরিবার গুম ও হত্যাকাণ্ডের শিকার হলেও ভয়ে কিংবা নানা কারণে মামলা করেনি। আবার অনেক অভিযোগের ক্ষেত্রে এখনো বিচার নিশ্চিত হয়নি। অপরাধের শিকার পরিবারগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের কেউ কেউ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এসব অপরাধের অভিযোগ যথাযথভাবে যাচাই করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার ও আইনের শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠার বার্তা দিতে চায় প্রসিকিউশন। ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যেই দেশব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাটিও খতিয়ে দেখা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ওই দিন তার দেশত্যাগের ঘটনাটি কোনো অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ থেকে পালিয়ে যেতে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধির আওতায় বিচারের সুযোগ রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনের গুমের ঘটনায় চলমান তদন্ত দ্রুত শেষ করার ব্যাপারেও প্রসিকিউশন আশাবাদী।

গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত পরিচালনা ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। একইভাবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও অপরাধের অভিযোগ তদন্ত করতে পারে। ফলে এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ভিত্তি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ পর্যন্ত কদম রসুল সেতুর কাজ বন্ধ হয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


শেষ পর্যন্ত কদম রসুল সেতুর কাজ বন্ধ হয়ে গেল

নারায়ণগঞ্জ জেলা বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের শীতলক্ষ্যা কদম রসুল সেতুর নির্মাণ প্রকল্পের কাজ শেষ শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল, সিরাদৌল্লা রোড চারার গোপন মাজার পর্যন্ত এসে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়, জাগা না বুঝাইয়া দেওয়ার কারণে আপাতত স্থগিত হয়ে গেল,
সেতু কর্তৃপক্ষ ীয় ইঞ্জিনিয়ারদের ভুল নকশার কারণে আজ স্বপ্নের কদম রাসূল সেতুর প্রকল্পের কাজ স্থগিত হয়ে গেল, এই নকশাটি যদি ফলের আরদের পিছন সাইড দিয়া নকশাটা করা হলে মাজারটাও সুরক্ষা থাকতো এবং সড়কটাও দীর্ঘ হতো যানজটের সৃষ্টি হত না,
এ বিষয়ে প্রকৌশলী ইঞ্জিনিয়ারদের সাথে, নারায়ণগঞ্জ বিভিন্ন সংগঠন রাজনৈতিক বিশ্লেষকরা দোকান মালিকগণ সহ আমজনতা এ বিষয়ে বারবার জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন প্রশাসক এর সহিত বিভিন্ন আলোচনা করেও ওই সময় সমাধান হয় নাই ও গুরুত্ব প্রদান করা হয়নি, এখন এ অবস্থায় আজ বন্ধ হওয়ার দায়ভারকে নিবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ১৯১টি মামলা দায়ের করেছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৯টি কাভার্ড ভ্যান, ২৭টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ড ভ্যান, ১১৫টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৮২টি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৭টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৮টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ড ভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেলসহ মোট ৮২০টি মামলা দায়ের হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ৩৭টি কাভার্ড ভ্যান, ১৫৬টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৭৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৯৯৭টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, অভিযান চলাকালে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালি ৫ লাখ কর্মী নেবে, তালিকায় রয়েছে বাংলাদেশও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


ইতালি ৫ লাখ কর্মী নেবে, তালিকায় রয়েছে বাংলাদেশও

ইউরোপের দেশ ইতালিতে বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন বছরে দেশটির সরকার প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নিয়োগ করা হবে। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।

ইতালির সরকারের ঘোষিত ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বিদেশি শ্রমিকদের বৈধ পথে আনার উদ্দেশ্যে এবং দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ করা হবে। এইভাবে তিন বছরে মোট কর্মী নিয়োগের সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে পৌঁছাবে।

নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব খাতে মৌসুমি কর্মীর পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, সেবা ও অন্যান্য খাতে বিদেশিদের কাজের সুযোগ থাকবে। তিন বছরের জন্য নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে নিয়োগ দেওয়া হবে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ রয়েছে।

বাংলাদেশিদের জন্য কী সুযোগ

বাংলাদেশও ইতালির এই কর্মী নিয়োগ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। দেশটির সরকারের নির্ধারিত তালিকায় বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের জন্য আলাদা করে পাঁচ লাখ বা নির্দিষ্ট কোনো বড় সংখ্যার কোটা বরাদ্দ করা হয়নি। বরং বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যে বাংলাদেশও রয়েছে।

এদিকে, গত ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি রয়েছে।

কীভাবে আবেদন করতে হবে

ইতালির ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব গ্রহণ করতে হবে। এরপর নিয়োগকর্তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন।

অনুমোদন পাওয়ার পর কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে দূতাবাস।

২০২৭ সালের জন্য আবেদন প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়সূচি রয়েছে। ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনের তথ্য পূরণ করতে পারবেন। এরপর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন শুরু হবে।

ইতালিতে কাজের সুযোগ পেতে শুধুমাত্র চাকরির প্রস্তাব থাকা যথেষ্ট নয়; সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং দেশটির ভাষা সম্পর্কে ধারণাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, নির্মাণ, পর্যটন, উৎপাদন ও সেবামূলক কাজে অভিজ্ঞতা থাকলে কর্মীদের জন্য সুযোগ তৈরি হতে পারে।

এছাড়া, ইতালির নতুন একটি ব্যবস্থার আওতায় দেশটির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা দক্ষ কর্মীরা নির্দিষ্ট শর্তে বার্ষিক কোটার বাইরেও কাজের জন্য যাওয়ার সুযোগ পেতে পারেন। এই প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং পেশাগত দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%