ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে


উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে

উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের বিষয়টি নিয়ে আলোচনা করেছে। উভয় দেশের উপ-প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বৈঠকটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী রিয়ো চোল উং এবং ভিয়েতনামের উপ-প্রতিরক্ষামন্ত্রী নগুয়েন চুয়ং থাং নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং তা আরও জোরদারের বিষয়ে আলোচনা চলে।

রিয়ো চোল উং ২২ সেপ্টেম্বর থেকে ভিয়েতনাম সফর করছেন। সফরের সময় তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফান ভান জিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন। উভয় পক্ষ ২০২৫ সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতার আওতায় নির্ধারিত ক্ষেত্রগুলো বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ‘বিবি’ নামে ডাকার কারণ ও রাজনৈতিক উত্থান

উত্তর কোরিয়ার প্রতিনিধিদল ভিয়েতনামের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সামরিক চিকিৎসা একাডেমি পরিদর্শন করেছে। তাঁরা দেশটির জাতীয় নেতা হো চি মিনের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। এই সফরটি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারের সাম্প্রতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। ওই সময় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। তবে সর্বশেষ বৈঠকে নতুন কোনো সামরিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়নি; বরং পূর্ববর্তী সমঝোতার আওতায় সহযোগিতা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। তথ্যসূত্র: তাস

আরও পড়ুন: দীর্ঘ লড়াই শেষে সিডনিতে বাংলাদেশি কমিউনিটির মসজিদের অনুমোদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, বাংলাবাজারে অলি কেন ধরাছোঁয়ার বাইরে?

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


বরিশালে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, বাংলাবাজারে অলি কেন ধরাছোঁয়ার বাইরে?

একাধিক মাদক মামলার আসামি ওয়ালিদ হোসেন অলি; মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ, পুলিশের কিছু সদস্যের সঙ্গে যোগাযোগের দাবিও

বরিশাল নগরীতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একের পর এক মাদক কারবারি গ্রেপ্তার হলেও বাংলাবাজার এলাকায় ২২ বছর বয়সী ওয়ালিদ হোসেন অলিকে ঘিরে মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা এবং পুলিশের কিছু সদস্যের সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তই চূড়ান্ত বিষয়।

বাংলাবাজার এলাকার একাধিক বাসিন্দার ভাষ্য, অল্প বয়সেই অলি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে এলাকায় একটি প্রভাববলয় তৈরি করেছেন বলে তাদের ধারণা। তার সঙ্গে কিশোর ও তরুণদের একটি গ্রুপ রয়েছে এবং তাদের মাধ্যমে মাদক সরবরাহ ও বিক্রির কার্যক্রম পরিচালিত হয় বলেও অভিযোগ রয়েছে।

অলির বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে। ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে বাংলাবাজার ইঞ্জিনিয়ার সড়কের একটি ভাড়া বাসা থেকে ৭৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবির এসআই মো. ফিরোজ আলম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

পরে জামিনে মুক্ত হয়ে অলি ফের এলাকায় সক্রিয় হয়েছেন বলে স্থানীয়দের একাংশের দাবি। বাংলাবাজার, রিফিউজি কলোনি, কালুশাহ সড়ক, আমতলার মোড়, আশেদ আলী সড়ক এবং ১১ নম্বর ওয়ার্ডের ব্যাপ্টিস্ট মিশন রোডসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগও রয়েছে।

এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আশেদ আলী সড়কের সঙ্গে সংযুক্ত ড্রেনের ওপর তৈরি একটি রাস্তার এলাকায় সন্ধ্যার পর মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা বাড়ে। সেখানে নিয়মিত মাদক কেনাবেচা চলে বলেও কয়েকজনের দাবি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এসব কথিত মাদক কার্যক্রমের সঙ্গে অলির সম্পৃক্ততা রয়েছে। তার সঙ্গে থাকা কিশোর ও তরুণদের একটি অংশ মাদক সরবরাহ ও বিক্রির কাজে ব্যবহৃত হয় বলেও অভিযোগ রয়েছে।

মাদক ব্যবসার পাশাপাশি কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। বাংলাবাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, মাদক ব্যবসার সঙ্গে কিশোর গ্যাংয়ের কথিত যোগসূত্র ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধের ঝুঁকি তৈরি করতে পারে।

তালাশ বিডির অনুসন্ধানে অলিকে ঘিরে কয়েকজন ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। একাধিক সূত্রের ভাষ্য, একসময় র‍্যাবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘নাক কাটা রুবেল’-এর মাধ্যমে অলির অপরাধজগতে প্রবেশ ঘটে বলে অভিযোগ রয়েছে। রুবেল আত্মগোপনে যাওয়ার পর বাংলাবাজার বড়বাড়ি এলাকার এক যুবকের কাছ থেকেও অলি আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ওই যুবক নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন বলে সূত্রের দাবি।

অলির বিরুদ্ধে ওঠা অভিযোগের আরেকটি গুরুতর দিক হলো পুলিশের কিছু মাঠপর্যায়ের সদস্যের সঙ্গে তার যোগাযোগ থাকার দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অভিযানের খবর আগেই পেয়ে যাওয়ার সুযোগ পান অলি—এমন ধারণা স্থানীয়ভাবে রয়েছে। কিছু পুলিশ সদস্যের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে বলে তারা দাবি করেন।

তবে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করার মতো সরকারি নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার তথ্য এই প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০২৬ সালের ২৫ মার্চ তরিকুল ইসলাম নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে। পরে ধারালো অস্ত্র উঁচিয়ে একটি দল ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শী সূত্রের দাবি। একটি সূত্রের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে ওই হামলা হয় এবং এতে অলির সম্পৃক্ততা নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের আইনগত অবস্থান ও তদন্তের অগ্রগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের ভাষ্য, একসময় বাবা-মায়ের সঙ্গে টিনের ভাড়া বাসায় বসবাস করতেন অলি এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠে খেলাধুলা করতেন। বর্তমানে তার জীবনযাপন ও চলাফেরায় পরিবর্তন এসেছে বলে তাদের দাবি। বাংলাবাজারের এক বাসিন্দার দাবি, অলির দুটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল রয়েছে এবং তিনি একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন।

তার বর্তমান জীবনযাপন ও সম্পদের উৎস নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব বিষয় নিজে কোনো অপরাধের প্রমাণ নয়; সম্পদের উৎস সম্পর্কে নিশ্চিত হতে নথিপত্র যাচাই প্রয়োজন।

অন্যদিকে, বাংলাবাজার এলাকায় অলির কথিত মাদক নেটওয়ার্ক ও তার সঙ্গে থাকা কিশোরদের কার্যক্রম নিয়ে একটি বিশেষ ডিবি টিম তথ্য সংগ্রহ করছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

অলির বক্তব্য জানতে তালাশ বিডির পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেন। পরে তাকে তার বিরুদ্ধে থাকা মাদক মামলার নথি এবং মাদকবিরোধী অভিযান চলাকালীন কথিত কার্যক্রমের বিষয়ে তথ্য ও প্রমাণ থাকার কথা জানানো হলে অলি বলেন, “আমি এখন থানায় আছি, আপনার সঙ্গে পরে কথা বলব।”

পরবর্তীতে হোয়াটসঅ্যাপে একাধিকবার তার বক্তব্য চাওয়া হয়। জবাবে ভয়েস বার্তায় তিনি বলেন, “আমি আপনার সঙ্গে রাতে বাসার সামনে এসে কথা বলব।” তবে নির্ধারিত সময়ে তার সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম হোয়াটসঅ্যাপে তালাশ বিডিকে পাঠানো এক বার্তায় বলেন, “২২ বছর বয়সী ওয়ালিদ হোসেন অলির বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার যে অভিযোগ উঠেছে, সেটিও আমাদের নজরে রয়েছে। তাকে নিয়ে আমাদের বিশেষ ডিবি টিম কাজ করছে। বরিশালে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী যেকোনো সময় অলিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হতে পারে।”

তিনি আরও বলেন, “পুলিশের কোনো সদস্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে অভিযানের তথ্য ফাঁস করেছেন বা তাদের কোনোভাবে সহযোগিতা করেছেন—তদন্তে এমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় নকল ওজন কমানোর ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


ফ্লোরিডায় নকল ওজন কমানোর ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে নকল ওজন কমানোর ওষুধ ওজেম্পিক বিক্রির একটি আন্তর্জাতিক চক্রে জড়িত থাকার অভিযোগে দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, তারা চীন থেকে নকল ওজেম্পিক এনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিবেশকের কাছে কম দামে বিক্রি করতেন।

অভিযুক্তদের মধ্যে ৩৩ বছর বয়সী স্বপ্নদীপ রায় এবং ৩৭ বছর বয়সী ভিকি রামানচা রয়েছেন। উভয়ই ভারতের নাগরিক এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যাঞ্চলীয় আদালতে ২০২৫ সালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অভিযোগপত্র প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামনে আসে।

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তারা চীনের অনুমোদনহীন প্রস্তুতকারকদের কাছ থেকে হাজার হাজার নকল ওজেম্পিক সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে পাচার করেন। পরে এসব ওষুধ কম দামে দেশটির বিভিন্ন পরিবেশকের কাছে বিক্রি করা হতো। সেখান থেকে তা সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছাত।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, নকল ওষুধগুলোর মোড়ক, ভেতরের নির্দেশনা, লেবেল ও সূচ পর্যন্ত নকল করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ক্রেতাদের বিশ্বাস করানো যে তারা অনুমোদিত ওজেম্পিক কিনছেন। আসল ওজেম্পিক তৈরি করে ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইতালি থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পর আদালতে হাজির হন স্বপ্নদীপ রায়। অন্যদিকে ভিকি রামানচা এখনো পলাতক রয়েছেন।

দুজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পাচার ও প্রতারণার ষড়যন্ত্রের একটি অভিযোগ, পাচারের তিনটি অভিযোগ এবং নকল ওষুধ বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে নকল ওষুধ রাখার দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রত্যেকের সর্বোচ্চ ৭১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নকল ওজেম্পিকের সরবরাহ নিয়ে আপত্তি থাকা প্রতিষ্ঠানগুলোকে নিয়ম না মানতে উৎসাহিত করতেন তারা। একটি বার্তায় তারা লিখেছিলেন, কম দামে পণ্য চাইলে কিছু নিয়ম এড়িয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে হবে। এছাড়া চক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে তারা হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছে কৌঁসুলিরা।

২০২৪ সালের মার্চে ভিকি রামানচা প্রায় ১১ হাজার নকল ওজেম্পিকের চালান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি গুদামে পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ফ্লোরিডার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হাজার হাজার নকল ওষুধ বিক্রি বা সরবরাহ করা হয়।

২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন দেশটির ওষুধ সরবরাহ ব্যবস্থায় নকল ওজেম্পিক পাওয়া যাওয়ার বিষয়ে ভোক্তাদের সতর্ক করেছিল। সংস্থাটি জানিয়েছে, নকল ওষুধের সংখ্যা বাড়ছে এবং এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের নিয়ম অনুযায়ী, ওজন কমানোর জন্য ব্যবহৃত এই ধরনের ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অপরাধবিষয়ক বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন দুভা বলেন, বিশেষ করে বহুল ব্যবহৃত নকল ওষুধ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তার দাবি, অভিযুক্তরা মানুষের স্বাস্থ্যঝুঁকিকে কাজে লাগিয়ে নিজেদের আর্থিক লাভ করেছেন।

স্বপ্নদীপ রায়ের আইনজীবীরা মঙ্গলবারের শুনানি ও তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ২ দিন ছুটিসহ চাকরি, বেতন ৩৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


ইউএস-বাংলা এয়ারলাইন্সে ২ দিন ছুটিসহ চাকরি, বেতন ৩৫ হাজার

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ১৫ অক্টোবর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা বা হোটেলে কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২ দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী জীবন বিমা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন .

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে একজনের কাছেই মিলল সাড়ে ৩ কেজি সোনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


যশোরে একজনের কাছেই মিলল সাড়ে ৩ কেজি সোনা

যশোরে এক যুবককে আটক করা হয়েছে, যার কাছে প্রায় সাড়ে ৩ কেজি সোনা পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় ২১ বিজিবি দপ্তরের একটি প্রেসনোটে এই তথ্য প্রকাশ করা হয়।

আটকের শিকার রিপন হোসেন (৪১) শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে সোনার বারসহ পাচারকারী রিপনকে আটক করা হয়। পরে উদ্ধার করা বারগুলো যশোরের একটি দক্ষ জুয়েলারি দ্বারা যাচাই করা হলে জানা যায়, সেগুলো খাঁটি সোনা এবং ২৪ ক্যারেটের।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান গণমাধ্যমকে জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী, তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি সোনার বার জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এর বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%