ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন মারা গেছেন


সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন মারা গেছেন

সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন (৪৮) মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। রবিবার (১৮ অক্টোবর) আনোয়ারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

নিহত আনোয়ার হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রা পাশা গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতা মনসুর হোসেন। তিনি সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, আনোয়ার হোসেন পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। ১০ অক্টোবর হাইল শহরে তার মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে ভর্তি করে। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা ওসি( তদন্ত) আলমগীর, তদন্ত কর্মকর্তা মোজাম্মেল ও রাফির (২৬) ভূমিকা নিয়ে প্রশ্ন

জেসমিন বেগম বলেন, "আমার স্বামীর মরদেহ যেন সন্তানরা দেখতে পারে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ও সৌদি সরকারের দৃষ্টি কামনা করছি।"

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। তারপরেও আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের ফলে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা সংকটের সমাধানে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে এবং সক্রিয়ভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৮ অক্টোবর) বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়ক ওআইসির মন্ত্রীপর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলো। তারা আশা প্রকাশ করেছে যে, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।

ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়ক ওআইসির মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে এই অঙ্গীকার করা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও মন্ত্রীপর্যায়ের বিশেষ কমিটির কো-চেয়ার হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে ও সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সংকট মোকাবিলায় মানবিক ও আইনি কার্যক্রমে সমর্থন দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থাপিত পাঁচ দফা কর্মপরিকল্পনার গুরুত্বও তুলে ধরেন তিনি।

আইনি কাঠামোর আওতায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য বিশেষ করে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডা বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


কানাডা বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে

কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ রবিবার (১৮ অক্টোবর) ঢাকার কানাডীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মাননীয় রণদীপ সারাই ১১ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করেন। সফরের প্রধান উদ্দেশ্য ছিল কৌশলগত অংশীদারির মাধ্যমে কানাডা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করা এবং উভয় দেশের জনগণের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করা।

সফরকালে, প্রতিমন্ত্রী সারাই চারটি নতুন উদ্যোগের জন্য ৪৫ মিলিয়ন কানাডিয়ান ডলার (৩৯০ কোটি টাকা) অনুদান ঘোষণা করেন। এই তহবিল বাংলাদেশে কৃষি উদ্ভাবন, অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ও সংস্কার, অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে।

বায়োএন্টারপ্রাইজ কানাডাকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার বরাদ্দ করা হয়েছে, যা বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের উদ্ভাবকদের সঙ্গে কানাডার কৃষি খাতের সংযোগ স্থাপনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে।

কোওয়াটার ইন্টারন্যাশনালকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার দেওয়া হয়েছে, যা ব্যবসার পরিবেশ উন্নত করা এবং বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর লক্ষ্যে কাজ করবে।

বিশ্বব্যাংককে ৫০ লাখ কানাডিয়ান ডলার বরাদ্দ করা হয়েছে, যা অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হবে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে (আইএফসি) ৪০ লাখ কানাডিয়ান ডলার দেওয়া হয়েছে, যা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বেসরকারি খাতের বিকাশে সহায়তা করবে।

এই বিনিয়োগের ঘোষণা কানাডা ও বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কের ধারাবাহিকতার একটি বড় উদাহরণ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কানাডা এদেশে ৬.৩ বিলিয়ন কানাডিয়ান ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে এবং ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার অতিক্রম করবে।

সফরের সময়, রণদীপ সারাই প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও জলবায়ু অর্থায়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানে বাংলাদেশ, কানাডা ও অন্যান্য অংশীদারের যৌথ প্রচেষ্টার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন।

সফরকালে, প্রতিমন্ত্রী সারাই সরাসরি দেখেন যে, মানুষ, গবেষণা ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ কিভাবে মানুষের জীবনমান উন্নত করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে। ঢাকার আশকোনায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনকালে তিনি জানতে পারেন, কানাডার সহায়তায় তরুণ-তরুণীরা, বিশেষ করে নারীরা, কিভাবে দক্ষতা অর্জন করে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। কানাডা, ব্র্যাক ও অস্ট্রেলিয়ার একটি বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে কানাডা এখানে ৪ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার প্রদান করেছে, যা গত পাঁচ বছর ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা করে আসছে।

ঢাকাস্থ আইসিডিডিআর,বি হাসপাতাল পরিদর্শনকালে, প্রতিমন্ত্রী সারাই দেখেন যে, কানাডার সহায়তায় পরিচালিত গবেষণা কার্যক্রম কিভাবে স্বাস্থ্য সমস্যা সমাধানে সাশ্রয়ী ও জীবনরক্ষাকারী ভূমিকা পালন করছে। এসব উদ্ভাবন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি কানাডাতেও, লাখো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে কানাডা আইসিডিডিআর,বি কে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য ১ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান প্রদান করেছে। বাংলাদেশ ছাড়া কানাডাই একমাত্র দেশ, যারা আইসিডিডিআর,বি কে এ ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে আসছে। এ ছাড়া যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সমস্যা ও ঘাটতি নিয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য কানাডা আইসিডিডিআর,বি কে ২ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা প্রদান করেছে।

কক্সবাজারে, প্রতিমন্ত্রী সারাই দীর্ঘদিন ধরে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৮ সাল থেকে কানাডার ৬০ কোটি কানাডিয়ান ডলারেরও বেশি সহায়তা কীভাবে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগণের জন্য শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং জীবিকার সুযোগ সম্প্রসারণে অবদান রাখছে, সে সম্পর্কেও তিনি সরাসরি অবগত হন। এ সময় তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা, বাংলাদেশ ও আঞ্চলিক অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী সারাই কক্সবাজারে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) একটি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি দেখেন, গবেষণার মাধ্যমে কৃষকরা কীভাবে ফসলের উৎপাদন বাড়াতে, খাদ্যের চাহিদা মেটাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারছেন। বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়াতে এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে কৃষি খাতে উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সিমিট বায়োএন্টারপ্রাইজ কানাডার সঙ্গে কাজ করবে।

ঢাকায় সফরের অংশ হিসেবে, প্রতিমন্ত্রী সারাই গিলডান অ্যাকটিভওয়্যার বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে কানাডার বৃহত্তম বিনিয়োগকারী এবং বাংলাদেশে তারা উৎপাদন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কার্যক্রম ও পরিচালনা করে আসছে। এ পরিদর্শনের মধ্য দিয়ে কানাডা-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করে। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার গুরুত্বও আলোচনায় স্থান পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাবিদ সাজে চীনা এজেন্ট, ভারতীয় সেনা কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


শিক্ষাবিদ সাজে চীনা এজেন্ট, ভারতীয় সেনা কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

জম্মু ও কাশ্মীর পুলিশ ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি চীনসহ বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে সংবেদনশীল তথ্য পাচার করেছেন। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তিরা শিক্ষাবিদ সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, অভিযুক্ত নারী, যিনি একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার স্ত্রী এবং তেলেঙ্গানার বাসিন্দা, বর্তমানে জম্মুর গান্ধী নগর থানার অধীনে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, তিনি অজান্তেই এক ফাঁদে পা দিয়েছেন; তিনি বুঝতে পারেননি যে, যাদের সঙ্গে তিনি যোগাযোগ করছিলেন তারা আসলে শিক্ষাবিদ নন, বরং চীনের গোয়েন্দা সংস্থার সদস্য।

এ ঘটনায় গান্ধী নগর থানায় ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩’-এর ৩ ও ৫ নম্বর ধারা এবং ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস)-এর ১৫২ ও ৬১(২) নম্বর ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর ৩ নম্বর ধারার আওতায় জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর তথ্য সংগ্রহ বা আদান-প্রদান সংক্রান্ত অপরাধগুলো অন্তর্ভুক্ত রয়েছে; অন্যদিকে, ৫ নম্বর ধারায় সংরক্ষিত তথ্য অন্যায়ভাবে আদান-প্রদান, নিজের কাছে রাখা বা তা নিয়ে কাজ করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্ত অনুযায়ী, শিক্ষাবিদ সেজে আসা কয়েকজন চীনা এজেন্ট ওই নারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং তাকে কৌশলগত ও কার্যক্রমগত গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ের ওপর নিবন্ধ ও লেখা তৈরি করতে বাধ্য করে, যা পরে প্রকাশিত হয়।

শুরুতে তারা তাকে পরিবেশ ও ভূ-রাজনীতি সংক্রান্ত বিষয়ে লিখতে দিয়েছিল এবং ধীরে ধীরে তারা তাকে প্রতিরক্ষা বিষয়ক বিষয়াবলীতে মনোনিবেশ করতে বাধ্য করে।

তদন্তকারীদের সন্দেহ, ওই নারী অজান্তেই এক ‘বুদ্ধিবৃত্তিক ফাঁদে’ পা দিয়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে, যারা শিক্ষাবিদ হিসেবে তার কাছে এসেছিল, তারা আসলে ছিল এমন সব এজেন্ট, যারা সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

সূত্র অনুযায়ী, একটি নির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই নারী নজরদারির আওতায় আসেন। অভিযোগে বলা হয়েছে, তিনি রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত সংবেদনশীল নথিপত্র, আলোকচিত্র এবং ইলেকট্রনিক তথ্য গোপনে সংগ্রহ, নিজের কাছে রাখা ও তা অন্য কোথাও পাঠানোর কাজে জড়িত ছিলেন।

ধারণা করা হচ্ছে, এই ধরনের তথ্য এনক্রিপ্ট করা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে রিসোর্ট মালিকদের সঙ্গে প্রশাসনের সভা, অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


রাঙ্গামাটিতে রিসোর্ট মালিকদের সঙ্গে প্রশাসনের সভা, অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে নির্দেশনা

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট মালিকদের নিয়ে আলোচনা করা হয়। এই সভাটি রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আফারফী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন এবং পর্যটন খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী।

এ সভায় জেলার পর্যটন খাতে বিশেষ করে রিসোর্ট ও কটেজে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সকল রিসোর্টে বাধ্যতামূলক অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখতে জরুরি নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত খাদ্য ও থাকার পরিবেশ বজায় রাখা এবং সেবার মান বৃদ্ধির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, "কক্সবাজারের মত মর্মান্তিক ঘটনা দেশের আর কোথাও ঘটুক তা আমরা চাইনা। এমন ঘটনা ঘটলে পর্যটকরা সেই এলাকা থেকে মুখ ফিরিয়ে নিবেন। এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।"

তিনি আরও উল্লেখ করেন, রাঙ্গামাটি জেলার প্রতিটি কটেজ, রিসোর্ট, হাউজবোটসহ আবাসিক ও খাবার হোটেলসমূহে অগ্নিবির্বাপক ব্যবস্থা ও সরঞ্জামের যথাযথ ব্যবস্থা করতে হবে। যাদের অগ্নিনির্বাপক সরঞ্জাম নেই তারা আগামী ৭ দিনের মধ্যে তার ব্যবস্থা করবেন। এই সময়সীমা শেষে আমাদের টিম মোবাইল কোর্ট পরিচালনা করবে। তখন কোন অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%