০৯:১৫ এম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ওই অঞ্চলে পৌঁছেছে। এর ফলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে তিনটি বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করছে।
একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) রণতরীটি সেন্টকম এলাকায় প্রবেশ করে। প্রথমে পরিকল্পনা ছিল রুজভেল্টের মাধ্যমে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরীটিকে প্রতিস্থাপন করার, কিন্তু পরিস্থিতির পরিবর্তনের কারণে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলে রাখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েনের দিনেই বাহরাইনে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে এটিই ইরানের প্রথম হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য ৮০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইইউ
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের পাঠানো দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মাস্কাট সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন