০৪:০৭ পি.এম
কুমিল্লা নগরীর স্টেশন রোডে ৩৩ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৫০ কোটি টাকার ৩০ শতক জমি উদ্ধার করেছে জেলা পরিষদ। উচ্চ আদালতের নির্দেশনার পর উচ্ছেদ অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ জমিটির দখল পুনরুদ্ধার করেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে প্রায় ২৩টি অবৈধ দোকান উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করা হয়। এরপর জেলা পরিষদ নতুন করে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে জমির দখল গ্রহণ করে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম গত ৩৩ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তিনি সেখানে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছিলেন। এ জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের মামলা চলছিল।
আরও পড়ুন: ভোলার মহিষের দুধের ঐতিহ্যবাহী টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সমৃদ্ধ
সর্বশেষ ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় প্রদান করেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির দখল পুনরুদ্ধার করে জেলা পরিষদ।
এদিকে, উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। এখন উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, ‘উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান লিজ দেয়া হবে।’
আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন