ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, কৃষকরা দিশেহারা


নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, কৃষকরা দিশেহারা

দিনাজপুরের নবাবগঞ্জ, যেটি শস্যভান্ডার হিসেবে পরিচিত, সেখানে ২০২৬-২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ফসলের উপর নেকব্লাস্ট (ঘাড়পচা) রোগের আক্রমণ কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কৃষকেরা জানান, একাধিকবার কিটনাশক প্রয়োগ করেও ফলাফল সন্তোষজনক হচ্ছে না। যদিও আগাম জাতের আমন ফসলের উপর এর প্রভাব তেমন পড়েনি, তবে জিরা জাত হিসেবে পরিচিত ব্রী-৩৪ ধানের ফসলের উপর এর প্রভাব উল্লেখযোগ্যভাবে পড়েছে।

এছাড়া, কারেন্ট পোকার আক্রমণও দেখা দিয়েছে। কৃষকেরা মুক্তি পেতে কীটনাশক প্রয়োগের পাশাপাশি ফসলের সারি ফাঁকা করে দিচ্ছেন। এ জাতের ধান কাটতে প্রায় এক মাস সময় লাগতে পারে। সে পর্যন্ত ফসলের অবস্থা কেমন হবে, তা আল্লাহ পাকই জানেন বলে তারা উল্লেখ করেন।

উপজেলার বুজরুক হরিনা গ্রামের চাষি তোফাজ্জল হোসেন জানান, এলাকার জিরা (ব্রি-৩৪) ধানে নেক ব্লাস্ট ও কারেন্ট পোকা দেখা দিয়েছে। এর ফলে ধানের শীষ মরে যাচ্ছে এবং ধানগাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন: রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা

এ বিষয়ে বেড়ামালিয়া গ্রামের চাষী ছলিম উদ্দিন মেম্বার ও স্বাধীন চন্দ্রও একই কথা জানান।

উপজেলার দলার দরগা বাজারের কীটনাশক বিক্রেতা ফরিদ হোসেন জানান, শালখুরিয়া পুটিমারা ও ভাদুরিয়া ইউনিয়নসহ প্রায় সব এলাকায় এ রোগ ও পোকার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, মাঠের অবস্থা মোটামুটি ভালো আছে। কিছু এলাকায় রোগ ও পোকা দেখা দিয়েছে এবং কৃষি বিভাগ থেকে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে উপজেলায় ২১ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জমির মধ্যে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে হাইব্রীড জাত এবং ১৯ হাজার ৮৩০ হেক্টর জমিতে উফশী জাত রয়েছে। গড় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৩.৩৫ মেঃ টন চাল।

আরও পড়ুন: লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজের পরামর্শ দেওয়ায় বৃদ্ধ নানাশ্বশুরকে লাঞ্ছিতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


নামাজের পরামর্শ দেওয়ায় বৃদ্ধ নানাশ্বশুরকে লাঞ্ছিতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বরগুনায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নানাশ্বশুরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নাতিজামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাতিজামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জমা দেন।

অভিযুক্ত মো. রব্বানী গাজী বরগুনা সদর উপজেলার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতিজামাই। অভিযোগকারী সোহরাব হোসেন মৃত ময়জউদ্দিন মুসুল্লীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেনের বাড়ির পাশেই বসবাস করেন অভিযুক্ত রব্বানী গাজী। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ হিসেবে তিনি রব্বানী গাজীকে নামাজ আদায়ের কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বৃদ্ধ সোহরাব হোসেনের চলাফেরার অবলম্বন হিসেবে ব্যবহৃত হাতের লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে চুরমার করে ফেলেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী আরও উল্লেখ করেন, বার্ধক্যের কারণে তার স্বাভাবিক চলাফেরা করতে কষ্ট হয়। এ অবস্থায় চলাফেরার জন্য ব্যবহৃত লাঠিটি ভেঙে দেওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। ঘটনার পর থেকে শারীরিক অসুবিধার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় পথে-ঘাটে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক আচরণ করেন বলে দাবি করেছেন সোহরাব হোসেন। ভবিষ্যতে তার ওপর আরও বড় ধরনের হামলা কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে পুলিশের কাছে আইনগত সহায়তা চেয়েছেন ওই বৃদ্ধ।

এদিকে, একজন বয়স্ক মানুষের চলাফেরার অবলম্বন লাঠি ভেঙে ফেলার অভিযোগটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বিএইচএস নিউজকে বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর বিষয়ে অভিযুক্ত মো. রব্বানী গাজীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন অভিযোগকারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু ধর্ষণের অভিযোগে সোহেলের ১০ বছরের আটকাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


শিশু ধর্ষণের অভিযোগে সোহেলের ১০ বছরের আটকাদেশ

জামালপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেল (২৮) নামের এক যুবককে আদালত ১০ বছরের আটকাদেশ প্রদান করেছে। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন।

আদেশ ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সোহেল সদর উপজেলার জালালেরপাড়া এলাকার সুলতানের ছেলে।

মামলার এজাহার ও আদালতের সূত্র অনুযায়ী, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে জালালেরপাড়া এলাকায় বাড়ির বাইরে শৌচাগারে যাওয়ার সময় শিশুটিকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করেন সোহেল। পরে শিশুটির বাবা তাকে খুঁজতে বের হলে বিষয়টি টের পেয়ে পালিয়ে যান সোহেল। এ ঘটনায় ২৫ ডিসেম্বর শিশুটির বাবা জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচার চলাকালে আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোহেলকে ১০ বছরের আটকাদেশ প্রদান করে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) দিদারুল ইসলাম দিদার বলেন, ‘১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। এ আদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯১ বছরের আওয়াদের কোরআন তেলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ দর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


৯১ বছরের আওয়াদের কোরআন তেলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ দর্শকরা

বয়স ৯১ বছর। পবিত্র কোরআনের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। শৈশবে কোরআন শেখা ও তিলাওয়াতের শুরু। জীবনের শেষ প্রান্তে এসেও অংশ নিয়েছেন টেলিভিশনের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায়। তার সুমধুর তিলাওয়াত ও কোরআনের প্রতি ভালোবাসার গল্প শুনে আবেগে আপ্লুত হন বিচারক, অতিথি ও উপস্থিত দর্শকরা। মিসরের ধর্মবিষয়ক মন্ত্রীও চোখের পানি ধরে রাখতে পারেননি।

এই ব্যতিক্রমী ঘটনা ঘটে মিসরের জনপ্রিয় কোরআন তেলাওয়াতবিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘দাওলাতুত তিলাওয়াহ’র দ্বিতীয় আসরের উদ্বোধনী পর্বে। ৯১ বছর বয়সী শেখ আওয়াদ আল-ফারদি এবারের আসরের সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।

শেখ আওয়াদ আল-ফারদির কোরআনের সঙ্গে পথচলা শুরু হয় মাত্র ছয় বছর বয়সে। জীবনের প্রায় পুরোটা সময় তিনি কোরআন শেখা, তিলাওয়াত ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি মিসরের আল-বুহাইরা প্রদেশের আবু হুমুস এলাকায়। দীর্ঘদিন ধরে নিজ এলাকায় একটি কোরআন শিক্ষাকেন্দ্র বা মক্তব পরিচালনা করে শিশুদের কোরআন শিক্ষা দিয়ে আসছেন তিনি।

দুই রাত ঘুমাতে পারেননি আনন্দে

শেখ আওয়াদ প্রথমে ভেবেছিলেন, ‘দাওলাতুত তিলাওয়াহ’ অনুষ্ঠানটি মূলত শিশু-কিশোর ও তরুণ কোরআন পাঠকদের জন্য আয়োজন করা হয়েছে। তাই তার বয়সে সেখানে অংশ নেওয়ার কথা ভাবেননি। কিন্তু তার এক শিক্ষার্থী তাকে প্রতিযোগিতায় আবেদন করতে উৎসাহিত করেন। পরে সেই শিক্ষার্থীর অনুপ্রেরণায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।

জীবনের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে—এ আনন্দে অনুষ্ঠানে যাওয়ার আগে টানা দুই রাত ঘুমাতে পারেননি বলে জানান শেখ আওয়াদ। মঞ্চে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করার সুযোগ তার কাছে ছিল অত্যন্ত আবেগের ও আনন্দের।

অনুষ্ঠানে তার তিলাওয়াত ও জীবনকাহিনি শুনে উপস্থিত ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে মিসরের আওকাফমন্ত্রী ড. ওসামা আল-আজহারি তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

তিলাওয়াত শেষে শেখ আওয়াদ মন্ত্রীর উদ্দেশে আন্তরিক কিছু কথা ও দোয়া করেন। এরপর মন্ত্রী বিচারকদের কাছে জানতে চান, তিনি মঞ্চে গিয়ে এই প্রবীণ কোরআনপ্রেমীকে আলিঙ্গন করতে পারেন কি না। অনুমতি পেয়ে মঞ্চে উঠে তাকে বুকে জড়িয়ে ধরেন।

এ সময় মন্ত্রী তাকে বলেন, তার সঙ্গে দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। মন্ত্রীর ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শেখ আওয়াদ। কান্নায় ভেঙে পড়েন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামি বক্তা মোস্তফা হোসনিও আবেগাপ্লুত হয়ে মঞ্চে উঠে শেখ আওয়াদের হাত ও মাথায় চুমু দেন। বিচারক ও দর্শকদের অনেককেও তখন চোখের পানি মুছতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দর্শকদের মধ্যেও ব্যাপক আবেগের সৃষ্টি করে।

প্রতিযোগিতা থেকে সম্মানিত অতিথি

শেখ আওয়াদের দীর্ঘদিনের কোরআনচর্চা ও অবদানের প্রতি সম্মান জানিয়ে মিসরের আওকাফমন্ত্রী একটি বিশেষ সিদ্ধান্ত নেন। তাকে প্রতিযোগিতার মূল্যায়ন ও প্রতিদ্বন্দ্বিতা থেকে অব্যাহতি দিয়ে বাকি আসরের স্থায়ী সম্মানিত অতিথি হিসেবে রাখার ঘোষণা দেন তিনি।

এ ছাড়া মিসরের কোরআন পাঠকদের সংগঠনের প্রধান শেখ মোহাম্মদ হাশশাদ তাকে সংগঠনের সম্মানসূচক সদস্যপদ দেওয়ার ঘোষণা দেন। দেশটির সংগীতশিল্পীদের সংগঠনের প্রধান মোস্তফা কামালও তাকে পাঠক ও নাশিদশিল্পী শাখার সদস্যপদ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

৯১ বছর বয়সেও শেখ আওয়াদ আল-ফারদির পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠা নতুন করে মনে করিয়ে দিয়েছে, আল্লাহর কিতাব শেখা, পড়া ও চর্চার জন্য বয়স কোনো বাধা নয়। জীবনের শেষ প্রান্তেও কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই প্রবীণ মিসরীয় কোরআনপ্রেমী।

সূত্র: ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি (ইকনা)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতা দেখা গেল: সাদিক কায়েম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতা দেখা গেল: সাদিক কায়েম

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা ও তাণ্ডবের ঘটনা নিয়ে দলটির তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ সুযোগ পেলে বাংলাদেশের জনগণের ওপর এভাবে প্রতিশোধ নিতে চায়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্য করেন।

সাদিক কায়েম ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, "গোপালগঞ্জে আওয়ামী লীগের যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেলো, এটাই আওয়ামী লীগ।" তিনি আরও বলেন, "সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।"

বর্তমান সরকারের ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেছেন। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, "এটাই রাষ্ট্র পরিচালনায় তাদের যোগ্যতার নমুনা।"

পোস্টের শেষ অংশে সারা দেশে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন ডাকসু ভিপি। তিনি প্রশ্ন তুলেছেন, "গত কয়েক দিনে সারা দেশে আওয়ামী লীগের কতজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? নাশকতায় আহত ও নিহতদের পরিবারের জন্য রাষ্ট্র কী উদ্যোগ নিয়েছে?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%