০১:৪৬ পি.এম
টি. রেক্সের তুলনায় আকারে কিছুটা ছোট এবং অত্যন্ত দুর্লভ প্রজাতির ডাইনোসর ‘ন্যানোটাইরানাস’-এর একটি সম্পূর্ণ কঙ্কাল রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। নিউইয়র্কের সোথবি’স নিলাম হাউসে ১২ মিনিটের তীব্র প্রতিযোগিতার পর ৪ কোটি ৭৩ লাখ (৪৭.৩ মিলিয়ন) ডলারে কঙ্কালটি এক অজ্ঞাত ক্রেতার দ্বারা ক্রয় করা হয়।
ডাইনোসরের জীবাশ্মের এই অসাধারণ দাম নিয়ে গবেষক ও বিজ্ঞানীরা তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এই ধরনের মূল্যবান নমুনা ব্যক্তিগত সংগ্রহে চলে যাওয়ার ফলে সাধারণ মানুষের এবং গবেষকদের জন্য এটি অপ্রাপ্য হয়ে পড়ছে।
স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিজ্ঞান ও বিবর্তনবিদ্যার অধ্যাপক স্টিভ ব্রুসাটে হতাশা প্রকাশ করে বলেন, "ন্যানোটাইর্যানাসের অস্তিত্ব নিয়ে যখন বিজ্ঞানীরা নিশ্চিত হচ্ছেন, তখন এর অন্যতম সেরা কঙ্কালটি কোনো জাদুঘরে প্রদর্শিত না হয়ে সংগ্রাহকের ভান্ডারে হারিয়ে যাচ্ছে।" লন্ডন কুইন মেরি ইউনিভার্সিটির জীবাশ্মবিদ ডেভিড হোনও এই উচ্চ মূল্যে অবাক হয়েছেন। তিনি মন্তব্য করেন, উপযুক্ত গবেষণা ছাড়া এর সঠিক বৈজ্ঞানিক মূল্যায়ন করা সম্ভব নয়। নমুনাটি যদি কোনো সরকারি সংগ্রহশালায় স্থান না পায়, তবে এটি বিজ্ঞানের জগত থেকে একরকম হারিয়ে যাবে।
আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে
‘জোডি’ নামের এই জীবাশ্মটি বর্তমানে বিজ্ঞানীদের জানা মাত্র তিনটি তুলনামূলকভাবে সম্পূর্ণ ন্যানোটাইর্যানাস কঙ্কালের মধ্যে একটি। এর আগে কঙ্কালটির আনুমানিক মূল্য ৬ থেকে ৯ মিলিয়ন ডলার ধরা হয়েছিল। যদিও এটি রেকর্ড দামে বিক্রি হয়েছে, তবে গত জুলাই মাসে ৫ কোটি ১ লাখ ডলারে বিক্রি হওয়া ‘গাস’ নামের একটি টি. রেক্স কঙ্কালের রেকর্ডটি ভাঙতে পারেনি। গাসের দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে সামান্য বড় ৯.৬ ফুট উচ্চতা ও ১৯.৬ ফুট দীর্ঘ এই জোডির উচ্চমূল্যের পেছনে এর দুষ্প্রাপ্যতাই মূল কারণ বলে মনে করা হচ্ছে।
মন্টানার হেল ক্রিক ফরমেশন থেকে ২০১৯ সালে খামার মালিক জোডি পিয়ারসন এই কঙ্কালটি আবিষ্কার করেন। কঙ্কালটির নাম ‘জোডি’ রাখা হয়েছে তার নামানুসারে। বিখ্যাত বাণিজ্যিক জীবাশ্মবিদ ক্লেটন ফিপস, যিনি ‘ডাইনোসর কাউবয়’ নামে পরিচিত, এই কঙ্কালটি খনন করেছিলেন। ১৯০২ সালে এই অঞ্চলে প্রথম টি. রেক্স-এর কঙ্কাল পাওয়া গিয়েছিল।
সোথবি’স জানিয়েছে, জোডির কঙ্কালটি অসাধারণভাবে সংরক্ষিত। এতে ১৯১টি হাড়ের অংশ রয়েছে, যার মধ্যে একটি প্রায় সম্পূর্ণ মাথার খুলিও অন্তর্ভুক্ত। শরীরের অনুপস্থিত হাড়গুলো থ্রিডি প্রিন্ট ও খোদাই করা অংশ দিয়ে নিখুঁতভাবে প্রতিস্থাপন করা হয়েছে। পূর্ণ মালিকানাধীন এই জীবাশ্মটি ক্রয়ের ফলে এর নতুন মালিক চাইলে এর প্রতিরূপ তৈরি করে জাদুঘর বা সংগ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন।
আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন