ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বিজিএমইএর ‘জাপান ডেস্ক’ চালু, পোশাক রপ্তানি বাড়ানোর উদ্যোগ


বিজিএমইএর ‘জাপান ডেস্ক’ চালু, পোশাক রপ্তানি বাড়ানোর উদ্যোগ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ‘জাপান ডেস্ক’ চালু করেছে, যা রপ্তানি গন্তব্যের বহুমুখীকরণ এবং জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করবে।

আজ বিজিএমইএ ভবনে ফিতা কেটে এই ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে নতুন উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, "এটি দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে।" তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বৈচিত্র্যকরণের গুরুত্বও তুলে ধরেন।

আরও পড়ুন: লক-ইন শিথিলে শেয়ারের দামে কারসাজির আশঙ্কা, সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হতে পারে

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "জাপানের বাজারে বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে, তবে দেশটির বিশাল বাজারে প্রবেশের আরও সুযোগ রয়েছে।" তিনি উল্লেখ করেন যে, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে রপ্তানি বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, "জাপানি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, বাজারের তথ্য দ্রুত সরবরাহ এবং রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ‘জাপান ডেস্ক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" এখানে তিনজন অফিসার সার্বক্ষণিকভাবে কাজ করবেন, যারা জাপানি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি জানান, "জাপান বাংলাদেশের বাণিজ্যিক সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা যাবে।"

মাহমুদ হাসান খান বাবু জাপানের সহায়তায় নির্মিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং ঢাকার নতুন তৃতীয় টার্মিনালকে বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, "চট্টগ্রাম থেকে জাপানে সরাসরি শিপিং সেবা এবং ঢাকা-নারিতা বিমান যোগাযোগ পণ্য পরিবহন আরও সহজ করবে।"

এছাড়া, চীন ও ভারতের মতো আঞ্চলিক প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে জাপানের বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে স্থানীয় ও জাপানি অংশীদাররা যৌথভাবে কাজ করবে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

জাপান কমিটির উপদেষ্টা, ফরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব বলেন, "জাপান ডেস্ক জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে।" তিনি উল্লেখ করেন যে, এটি ছোট ও মাঝারি অর্ডার ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগ সহজীকরণ এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি, কর্মপরিবেশ ও কমপ্লায়েন্স ব্যবস্থার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ডেস্ক দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদানি ফের ভারতের সেরা ধনী, আম্বানিকে পেছনে ফেললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


আদানি ফের ভারতের সেরা ধনী, আম্বানিকে পেছনে ফেললেন

‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এর তথ্য অনুসারে, গৌতম আদানি ও তার পরিবার মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনীর মর্যাদা পুনরুদ্ধার করেছেন। অন্যদিকে, দেশটিতে শতকোটিপতি বা ডলার বিলিয়নেয়ারের সংখ্যা রেকর্ড ৩৯১ জনে পৌঁছেছে।

তালিকার বিশ্লেষণ অনুযায়ী, গৌতম আদানির সম্পদ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ কোটি ২৩ লাখ কোটি টাকায় (প্রায় ৯,৬০০ কোটি মার্কিন ডলার) দাঁড়িয়েছে। অপরদিকে, মুকেশ আম্বানির সম্পদ ১০ শতাংশ হ্রাস পেয়ে ৮ কোটি ৬৩ লাখ কোটি টাকায় নেমে এসেছে। ফলে, দুই ধনকুবেরের মধ্যে সম্পদের ব্যবধান বর্তমানে ৫৯,৪০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ইউরোপের বাজারে ইস্পাতের দাম বৃদ্ধি ও বাণিজ্য সুরক্ষার কারণে লক্ষ্মী নিবাস মিত্তল ও তার পরিবারের সম্পদ প্রায় দ্বিগুণ হয়ে ৩ কোটি ৩৯ লাখ কোটি টাকায় পৌঁছেছে, ফলে তারা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন।

প্রতিবেদন অনুযায়ী, সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা ও তার পরিবার চতুর্থ স্থানে রয়েছেন। পরবর্তী স্থানগুলোতে অবস্থান করছেন এইচসিএলের রোশনি নাদার মালহোত্রা, কুমার মঙ্গলম বিড়লা, সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভি এবং উইপ্রোর আজিম প্রেমজি।

অনিল আগরওয়াল ও তার পরিবার ২ কোটি ৮ লাখ কোটি টাকার সম্পদ নিয়ে নবম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, জেবি কেমিক্যালসের সাথে মার্জার পর সম্পদ ৫২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দশম স্থানে প্রবেশ করেছেন সমীর মেহতা ও তার পরিবার।

হুরুন ইন্ডিয়া উল্লেখ করেছে, "গত এক দশকের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, ভারতের শীর্ষ ১০ ধনীর অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে। বিশেষ করে শীর্ষ স্থানটি নিয়ে প্রতিযোগিতা ছিল সবচেয়ে তীব্র: গৌতম আদানি ও তার পরিবার ২০২২ সালে মুকেশ আম্বানিকে টপকে শীর্ষে ওঠেন, ২০২৩ সালে আবার পেছনে পড়েন, ২০২৪ সালে পুনরায় শীর্ষ স্থান পুনরুদ্ধার করেন, ২০২৫ সালে তা আবার হারান এবং ২০২৬ সালে এসে ফের প্রথম স্থানটি পুনরুদ্ধার করলেন। অর্থাৎ পাঁচ বছরে পাঁচবার শীর্ষ স্থানে রদবদল ঘটেছে।"

আদানির সম্পদের রেখাটি সবচেয়ে বেশি ওঠানামা করেছে; ২০২৪ সালে সর্বোচ্চ ১১ কোটি ৬২ লাখ কোটি টাকায় পৌঁছানোর পর তা কমে ৮ কোটি ১৫ লাখ কোটি টাকায় নেমেছিল এবং সেখান থেকে পুনরুদ্ধার করে বর্তমানে ৯ কোটি ২৩ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, ২০১৭ সালে মুকেশ আম্বানির সম্পদ যেখানে ছিল ২ কোটি ৫৮ লাখ কোটি টাকা, তা ২০২৪ সালে ১০ কোটি ১৫ লাখ কোটি টাকায় পৌঁছেছিল। তবে পরপর দুই বছর সম্পদ হ্রাস পেয়ে তা এখন ৮ কোটি ৬৩ লাখ কোটি টাকায় এসে ঠেকেছে।

হুরুন আরও জানিয়েছে, "তালিকার তিন থেকে দশ নম্বর স্থানগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ২০১৭ সালে এই আটটি পরিবারের সম্পদ যেখানে ১৭,৩০০ কোটি টাকা থেকে ২ কোটি ৫৮ লাখ কোটি টাকার মধ্যে ছিল, বর্তমানে তা ১ কোটি ৮৯ লাখ কোটি টাকা থেকে ৩ কোটি ৩৯ লাখ কোটি টাকার মধ্যে সংকুচিত হয়েছে এবং তারা বারবার নিজেদের জায়গা পরিবর্তন করেছেন। এলএন মিত্তল ও তার পরিবার এক দশকের শুরুতে বেশ এগিয়ে থাকলেও ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তবে এখন তারা সরাসরি তিন নম্বরে চলে এসেছেন।"

"অনিল আগরওয়াল ও সমীর মেহতার পরিবার তালিকার তলানি থেকে উঠে এসে যথাক্রমে নবম ও দশম স্থানে পৌঁছেছেন; তাদের সম্পদ যথাক্রমে ১২.০ গুণ এবং ৭.৬ গুণ বেড়েছে। অন্যদিকে, আজিম প্রেমজি ও তার পরিবার ২০২২ সালে বড় ধরনের পতনের মুখে পড়লেও গত তিন বছরের শক্তিশালী পুনরুত্থানের মাধ্যমে অষ্টম স্থানে নিজেদের অবস্থান মজবুত করেছেন।"

ভারতের সামগ্রিক সম্পদ ও নতুন প্রবণতা

হুরুন জানিয়েছে, ভারতে অন্তত ১,০০০০ কোটি টাকার মালিক এমন ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮১০ জনে, যা আগের বছরের তুলনায় ১২৮ জন বেশি। তাদের মোট সম্পদের পরিমাণ ১২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮৭.৫ লাখ কোটি টাকায় (প্রায় ১.৯৬ ট্রিলিয়ন মার্কিন ডলার), যা ভারতের মোট অর্থনীতির প্রায় অর্ধেক। এক বছরে দেশে নতুন ২৭ জন বিলিয়নেয়ার যুক্ত হয়ে মোট সংখ্যা রেকর্ড ৩৯১ জনে পৌঁছেছে। গত পাঁচ বছরে এই সংখ্যা ২৩৭ থেকে বেড়ে ৩৯১ হয়েছে।

ভারতের ধনীদের তালিকায় প্রযুক্তির প্রভাব স্পষ্ট। এবারই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত একটি স্বতন্ত্র খাত হিসেবে উঠে এসেছে, যেখানে ১৯ জন ধনীর মোট সম্পদ ৩ কোটি ৭ লাখ কোটি টাকা। বেঙ্গালুরুভিত্তিক ‘QpiAi’-এর প্রতিষ্ঠাতা নাগেন্দ্র নাগরাজা ১,৭০০ কোটি টাকার সম্পদ নিয়ে দেশের প্রথম কোয়ান্টাম-কম্পিউটিং খাতের ধনী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তালিকায় থাকা ব্যক্তিদের ৭০ শতাংশই স্বনির্ভর উদ্যোক্তা (১,২৬৬ জন), যা পাঁচ বছর আগে ছিল ৫৫ শতাংশ। সেক্টর বা খাতভিত্তিক হিসেবে শিল্পজাত পণ্য খাত থেকে সবচেয়ে বেশি ১৬৬ জন, কেমিক্যাল বা রাসায়নিক খাত থেকে ১৪২ জন এবং ফার্মাসিউটিক্যালস বা ওষুধ খাত থেকে ১৩৬ জন স্থান পেয়েছেন। ৪৬৫ জন ধনী নিয়ে ভারতের সবচেয়ে বড় ধনীদের শহর হিসেবে শীর্ষে রয়েছে মুম্বাই। এরপর রয়েছে নতুন দিল্লি (২৩৬ জন) এবং বেঙ্গালুরু (১২৯ জন)। তালিকায় ১৩১ জন নারী স্থান পেয়েছেন, যার মধ্যে ৩৩ জন ডলারে বিলিয়নেয়ার।

ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ধনীদের সংখ্যাও বেড়েছে; দেশটির বাইরে বসবাসকারী প্রবাসীদের সংখ্যা ১৫৬ জন, যার মধ্যে ৯০ জন যুক্তরাষ্ট্রে এবং ৩১ জন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। কূপিড-এর আদিত্য কুমার হালওয়াসিয়া সবচেয়ে দ্রুত সম্পদ তৈরি করেছেন; তার সম্পদ ৮৫৯ শতাংশ বেড়ে ১৮,৮০০ কোটি টাকায় পৌঁছেছে। জিপটোর সহ-প্রতিষ্ঠাতা ২৩ বছর বয়সী কৈবল্য ভোরা তালিকার সর্বকনিষ্ঠ সদস্য, যার পরেই রয়েছেন তার ২৪ বছর বয়সী সহ-প্রতিষ্ঠাতা আদিথ পালিচা। হুরুন জানিয়েছে, ২০২৬ সালের এই র‌্যাঙ্কিং প্রকাশের সময়কাল জুড়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্পদ গড়ে প্রতিদিন ৫,৮৩৩ কোটি টাকা হারে বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

চালকের আসনে থাকা কিশোর মেহেদী হাসানকে চাপা দেওয়ার অভিযোগে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


চালকের আসনে থাকা কিশোর মেহেদী হাসানকে চাপা দেওয়ার অভিযোগে গ্রেফতার

রাজধানীর বারিধারার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪)। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার ফুটপাতে উঠে এসে মেহেদীকে চাপা দেয়। ঘটনাস্থলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান মেহেদী। তার বাবার নাম এরশাদুল হক এবং বাড়ি নীলফামারীর ডোমার থানার সোনারায় হাজীপাড়ায়।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির চালকের আসনে ছিল এক কিশোর। তবে মামলায় ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়ির চালকের আসনে থাকা কিশোরটিকে আটক করে পুলিশে হস্তান্তর করে। পুলিশ তাকে হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

গুলশান থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার কিশোর গাড়ির মালিকের ছেলে। তার নাম আজান আলী শরীফ (১৭)। নাম প্রকাশ না করে পুলিশের গুলশান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, সাধারণত এ ধরনের দুর্ঘটনা ঘটলে পুলিশ গাড়ির চালককে আটক করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায়, আমরা ধরে নিয়েছি যে চালকই অভিযুক্ত। মামলায়ও শুধু ওই চালকের নাম রয়েছে। এর ভিত্তিতে ধারণা করা হয়েছে অপরাধী গাড়ির চালক, এজন্য সে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, পরে যখন আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, তখন বুঝতে পেরেছি ওই কিশোরই গাড়ি চালাচ্ছিল। এরপর তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র বলছে, এ ঘটনায় করা মামলায় ওই কিশোরের নাম উল্লেখ না করে গাড়ির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক ৫টার দিকে গুলশান থানাধীন বারিধারা ১ নম্বর সড়কের ১৪ নম্বর হোল্ডিংয়ের নির্মাণাধীন সাইটের বিপরীত পাশে ১৩ নম্বর বাসার সামনে ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন ভুক্তভোগী মেহেদী হাসান। এ সময় তার ডান দিক থেকে বেপরোয়া গতির একটি ডার্ক ব্লু রঙের প্রোটন প্রাইভেট কার (রেজি: নম্বর ঢাকা মেট্রো-গ-১৮-৬৬৭৬) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে মেহেদীকে চাপা দেয়। এতে সে মাথায়, বুক-পিঠের ডান পাশে, অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

সংবাদ পেয়ে বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘোষণা করেন তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ বের করে আনে। এ ঘটনায় মেহেদীর বড় ভাই মোক্তাদীর ইসলাম (২৮) বাদী হয়ে সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলা করেন। মামলার এজাহারে ওই কিশোরের নাম উল্লেখ না করার বিষয়ে মোক্তাদীর ইসলামের বক্তব্য জানা যায়নি। পুলিশও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেনি।

পুলিশ জানিয়েছে, ক্ষুব্ধ জনতার হাতে যাতে ওই কিশোর ‘মবের শিকার’ না হয়, সে জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে তার চাচার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

গুলশান থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোর ঢাকার গুলশান এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন। আর দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি তার মায়ের নামে নিবন্ধিত।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটির চালকের আসনে কিশোরটি থাকার বিষয়টি উঠে এসেছে দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজেও। সিসিটিভির ক্যামেরার ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ফুটপাতে বসে থাকা মেহেদীকে চাপা দেওয়ার পর প্রাইভেট কারটি একটি সড়কবাতির পোস্টে লেগে থেমে যায়। এরপর গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে আসেন।

গাড়ির ডান পাশ অর্থাৎ চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা কিশোরকে নামতে দেখা যায়। গাড়ির অপর পাশ থেকে নামেন শার্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তি।

আশপাশের লোকজন ছুটে এলে দুজনই গাড়ির পাশে অবস্থান নেন। পরে কিশোরটিকে সেখান থেকে এক পাশে সরে যেতে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে পুলিশে দেন ক্ষুব্ধ লোকজন। কিন্তু এ ঘটনায় করা মামলায় ওই কিশোরের নাম নেই।

চালক কিশোর হলেও আসামি আরেকজন

মামলার এজাহারে বলা হয়েছে, গাড়িটির চালক আকাশ মারক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দেন। এতে তার মাথা, বুক ও পিঠে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, আকাশ মারক ঘটনার পর থেকে পলাতক। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

রাজশাহী মহানগরীর শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজশাহী মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তাঁর দাবি, দেশ এগিয়ে যাওয়ার এ সময়ে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজশাহী শিক্ষানগরী ও শান্তির নগরী উল্লেখ করে তিনি বলেন, নগরীর শান্তি বিনষ্টের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
ছাত্রশিবিরের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি ছাত্রদল নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদল বিএনপির আবেগের জায়গা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার, ইরানি বিমান চীনে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার, ইরানি বিমান চীনে অবতরণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির প্রেক্ষাপটে চীনে অবতরণ করেছে ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্যের ভিত্তিতে এএফপি এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে উড্ডয়ন করা মাহান এয়ারের একটি ফ্লাইট চীনের গুয়াংজুতে অবতরণ করেছে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ফ্লাইটের অবতরণের তথ্য পাওয়া যায়নি।

এই সময় বিমানটি চীনে অবতরণ করার খবর প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিমান পরিবহন খাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানি বিমানকে ‘ল্যান্ডিং সার্ভিস’ বা অবতরণ-সংক্রান্ত সুবিধা প্রদান করবে, তাদের ‘ডলার ব্যবস্থার বাইরে ছুড়ে দেওয়া হবে’। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে তেহরান থেকে বাগদাদ, মাসকাট ও আঙ্কারাগামী ফ্লাইট বাতিল করা হবে।

মাহান এয়ার এর আগেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ফলে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারির মধ্যে চীনে ইরানি বিমানটির অবতরণ দুই দেশের মধ্যে বিমান চলাচল ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%