০৪:২১ পি.এম
গুগল ডিপমাইন্ড নতুন এক গবেষণার মাধ্যমে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের নিরাপত্তা নিয়ে তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সিগন্যালের ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের সফটওয়্যার বাস্তবায়ন গাণিতিকভাবে যাচাই করেছেন। তাদের দাবি, এই পদ্ধতির মাধ্যমে কোডের ভুল শনাক্তকরণ এবং সফটওয়্যারের নিরাপত্তা যাচাইয়ের কাজ অনেক দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুগল ডিপমাইন্ডের গবেষক স্বরাত চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গবেষণার বিষয়টি জানান। গবেষণায় ‘অ্যালফাপ্রুফ কোড’ নামের একটি নতুন এআই কাঠামো ব্যবহার করা হয়েছে, যা সিগন্যালের ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল মেশিন-কোড পর্যায় পর্যন্ত যাচাই করতে সক্ষম।
সিগন্যালের প্রোটোকলটি ব্যক্তিগত বার্তার এন্ড-টু-এন্ড এনক্রিপশনে ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপও তাদের বার্তা আদান-প্রদানে সিগন্যাল প্রোটোকল ব্যবহার করে। তবে গবেষণায় হোয়াটসঅ্যাপের পুরো অ্যাপ বা নিরাপত্তাব্যবস্থা সরাসরি যাচাই করা হয়েছে—এমন কোনো তথ্য প্রতিবেদনে নেই।
আরও পড়ুন: চীনে ওষুধের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কৌশল
যেভাবে কাজ করেছে গুগলের এআই
সফটওয়্যারের প্রতিটি ধাপ গাণিতিকভাবে যাচাই করা একটি সময়সাপেক্ষ কাজ। পূর্বে এ ধরনের কাজে বিশেষজ্ঞদের দীর্ঘ সময় ধরে কোড পরীক্ষা করতে হতো। তবে গুগল ডিপমাইন্ড জানিয়েছে, এআইয়ের সহায়তায় সেই প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে চার সপ্তাহ ধরে কাজ করে অ্যালফাপ্রুফ কোডের এআই এজেন্টগুলো ছয় মিলিয়নেরও বেশি লাইন গাণিতিক প্রমাণ তৈরি করেছে। এই কাজটি সর্বশেষ ‘জেমিনি কার্বন’ মডেলের সহায়তায় সম্পন্ন করা হয়। এআইয়ের তৈরি প্রমাণগুলো মানব বিশেষজ্ঞদের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হয়েছে। শেষ পর্যায়ে কোডের প্রায় ১ শতাংশ অংশ বিশেষজ্ঞদের আলাদাভাবে পর্যালোচনা করতে হয়েছে।
গবেষকেরা সিগন্যালের কোডে আগে শনাক্ত ও সংশোধন করা দুটি ত্রুটি আবার যুক্ত করে এআই ব্যবস্থাটির কার্যকারিতা যাচাই করেন। পরে এআই ব্যবস্থা উভয় ত্রুটি শনাক্ত করতে সক্ষম হয়।
আরও পড়ুন: সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি কেনাকাটায় বিশেষ ছাড়ের বিধানসহ বিল উত্থাপন
ব্যক্তিগত বার্তার নিরাপত্তায় এর গুরুত্ব অপরিসীম। সফটওয়্যারের ছোটখাটো ত্রুটিও সাইবার হামলার সুযোগ তৈরি করতে পারে। অনেক সময় মানুষের চোখ এড়িয়ে যাওয়া এসব ভুল কাজে লাগিয়ে হ্যাকাররা তথ্য চুরি বা অননুমোদিত প্রবেশের চেষ্টা করে। এআইয়ের মাধ্যমে কোডের ত্রুটি দ্রুত শনাক্ত করা গেলে সফটওয়্যার ব্যবহারের আগেই সেগুলো সংশোধনের সুযোগ বৃদ্ধি পাবে।
স্বরাত চৌধুরী জানিয়েছেন, এটি তাদের কাজের প্রাথমিক ধাপ। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সফটওয়্যার অবকাঠামো যাচাই করার লক্ষ্য রয়েছে তাদের। গুগল ডিপমাইন্ড গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট স্পেসিফিকেশন ও গাণিতিক প্রমাণগুলো অনলাইনে প্রকাশ করেছে, যাতে ওপেন সোর্স কমিউনিটির গবেষকেরা সেগুলো পরীক্ষা ও পর্যালোচনা করতে পারেন।
তবে এ গবেষণার অর্থ এই নয় যে হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের বার্তা কখনোই কেউ পড়তে পারবে না, কিংবা সব ধরনের সাইবার ঝুঁকি দূর হয়ে গেছে। বরং নির্দিষ্ট একটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের সফটওয়্যার বাস্তবায়ন গাণিতিকভাবে যাচাইয়ের ক্ষেত্রে এআইয়ের সক্ষমতা তুলে ধরেছে এই গবেষণা।
আরও পড়ুন: সামাজিক কল্যাণে তরুণদের এআই উদ্ভাবন উদযাপন করতে গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন