ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ভাইরাল তেহরানের ইরানি ব্যবসায়ী


নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ভাইরাল তেহরানের ইরানি ব্যবসায়ী

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার তেহরানের একটি সাধারণ বাদাম ও মিষ্টির দোকানে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারাগত অদ্ভুত মিল থাকার কারণে এই ইরানি ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছেন। তবে এই আকস্মিক জনপ্রিয়তা তার জন্য হাসির খোরাক নিয়ে এসেছে, পাশাপাশি ব্যবসা বয়কটের হুমকিও ডেকে এনেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী তার মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার স্কেলের পেছনে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়।

আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামা জানায়, প্রথমে বিষয়টি নিয়ে বেশ কৌতুক ও ট্রোল শুরু হয়। অনেকেই ওই ব্যবসায়ীর দোকানের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন এবং রসিকতা করে জানান যে তারা ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকেই কেনাকাটা করতে চান। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি কেবল রসিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি।

আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

নেতানিয়াহুর চেহারার সঙ্গে চেহারার মিল থাকার ‘অপরাধে’ অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ীর দোকান বয়কট করার ডাক দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি হওয়া ক্ষোভের বলি হয়ে, স্রেফ চেহারার মিল থাকার কারণে এখন নিজের ব্যবসা রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে তেহরানের এই নিরপরাধ দোকানদারকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


পাবনার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ, হামলার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করে।

বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা অফিসের থাইগ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় কার্যালয়ের সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।

এ সময় কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমে বৃহস্পতিবার শুরু হচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


বায়তুল মোকাররমে বৃহস্পতিবার শুরু হচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্বারিরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবারের সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন মিশরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের ক্বারী আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ ক্বারী ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই।

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ তিলাওয়াত করবেন। এছাড়া, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিরাও সম্মেলনে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন উপস্থিত থাকবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এবারের সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য এবং বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের আলেম-ওলামা, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের নেতারা অংশ নেবেন।

সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান এবং নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আয়োজকেরা জানিয়েছেন, দেশের কোরআন শিক্ষা, তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের প্রচার-প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারে কাজ করছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘Turning Everyday Problem into Business Idea (দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সেমিনার রুমে এ অনুষ্ঠান শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সালাউদ্দিন পলাশ। সেমিনারটি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের বিষয়ে অনুপ্রাণিত করেন। তিনি আলোচনা করেন কীভাবে একটি ব্যবসায়িক উদ্যোগ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে।

অধ্যাপক ড. মোহাম্মদ সালাউদ্দিন পলাশ ‘Jobseekers to Job Creators’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, "আমাদের অন্যতম সমস্যা হলো আমরা চাকরি করতে চাই, কিন্তু চাকরি দিতে চাই না।" তিনি এ মানসিকতা থেকে বের হয়ে এসে চাকরিপ্রার্থী হওয়ার পরিবর্তে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে বাংলাদেশের গ্র্যাজুয়েটদের মধ্যে ৮ লাখ ৮৫ হাজার মানুষ বেকার ছিলেন। এ প্রসঙ্গে তিনি শুধু চাকরির সন্ধান না করে নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে অন্যদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।

কৃষি খাতের উদাহরণ টেনে অধ্যাপক সালাউদ্দিন পলাশ বলেন, বাংলাদেশের ভোক্তারা কৃষকের উৎপাদিত পণ্য যে দামে বিক্রি হয়, তার তুলনায় ২৫২ শতাংশ বেশি অর্থ দিয়ে পণ্য কেনেন। কৃষক ও ভোক্তার মধ্যকার এই মূল্য ব্যবধান এবং সংশ্লিষ্ট সমস্যার সম্ভাব্য ব্যবসায়িক সমাধান নিয়েও তিনি আলোচনা করেন।

এছাড়া দেশি-বিদেশি ছয়টি উদাহরণের মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকে কীভাবে ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে সমাধান করা যায়, তা তুলে ধরেন তিনি। এসব উদাহরণের মধ্যে আইফার্মার (iFarmer) কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ধারণা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

সেমিনারে দৈনন্দিন জীবনের সমস্যাকে নতুন ব্যবসায়িক ধারণায় রূপান্তর, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাহিদা দুই লাখ লিটার, উৎপাদন কমেছে ৫২ শতাংশ, প্রতিবন্ধী কর্মীদের কর্মসংস্থান বাধাগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


চাহিদা দুই লাখ লিটার, উৎপাদন কমেছে ৫২ শতাংশ, প্রতিবন্ধী কর্মীদের কর্মসংস্থান বাধাগ্রস্ত

গাজীপুরের টঙ্গীতে সরকারি উদ্যোগে উৎপাদিত বোতলজাত পানি ‘মুক্তা ড্রিংকিং ওয়াটার’-এর চাহিদা থাকলেও এটি বাজারে নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না। গুণগত মান ও স্বাদের কারণে ক্রেতাদের কাছে এটি গ্রহণযোগ্য হলেও উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা, দুর্বল বাজারজাতকরণ এবং প্রচারের অভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পের এই পণ্য বাজারে পিছিয়ে পড়ছে। গত দুই বছরে পানিটির উৎপাদন ৫২ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৮০ শতাংশ কর্মী শারীরিক প্রতিবন্ধী। তাই উৎপাদন ও বিক্রি বাড়ানোর সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনাও জড়িয়ে আছে।

মৈত্রী শিল্পের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৫০ লাখ ৩ হাজার ৭৪৩ লিটার মুক্তা পানি উৎপাদিত হয়েছিল। পরবর্তী অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৫ লাখ ১ হাজার ৮৬৩ লিটারে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন আরও কমে ২৪ লাখ ৯ হাজার ৫০০ লিটার হয়েছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ২৫ লাখ ৯৪ হাজার ২৪৩ লিটার, যা আগের উৎপাদনের প্রায় ৫২ শতাংশ।

অথচ এর আগের বছরগুলোতে উৎপাদন ছিল ঊর্ধ্বমুখী। ২০২১-২২ অর্থবছরে ৪২ লাখ ১০ হাজার লিটার এবং ২০২২-২৩ অর্থবছরে ৪৫ লাখ ৮ হাজার লিটার পানি উৎপাদিত হয়। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন ৫০ লাখ লিটার ছাড়িয়ে যায়। এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক পতন।

চাহিদার চার ভাগের এক ভাগ উৎপাদন

মৈত্রী শিল্প কর্তৃপক্ষের হিসাবে, মুক্তা পানির দৈনিক চাহিদা প্রায় দুই লাখ লিটার। বিপরীতে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা মাত্র ৫০ হাজার লিটার। অর্থাৎ চাহিদার চার ভাগের এক ভাগ পানি উৎপাদন করতে পারছে প্রতিষ্ঠানটি। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা অনুযায়ী নিয়মিত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

গাজীপুর শহর ও টঙ্গীর বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে, অনেক দোকানি মুক্তা পানির নামই জানেন না। আবার যারা পণ্যটি চেনেন, তাঁদের অনেকের দোকানেও নিয়মিত পাওয়া যায় না। সরবরাহের ঘাটতির কারণে ক্রেতাদের আগ্রহ থাকলেও বাজারে পণ্যটির উপস্থিতি সীমিত।

তবে পানিটির স্বাদ ও মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। টঙ্গী বাজার রোডের ব্যবসায়ী আবু হানিফ বলেন, ‘বাজারে কত ব্র্যান্ডের বোতলের পানি পাওয়া যায়। কিন্তু মুক্তা পানি খাইলে স্বাদডা আলাদা লাগে, বেশ ভালো। আমার কাছে অন্য পানির চাইতে মুক্তা পানিই বেশি সুস্বাদু লাগে। তাঁদের প্রতিষ্ঠানের বাইরেই একটা বিক্রয়কেন্দ্র আছে। হেইখান থেইকা প্রায়ই কার্টন ধরে পানি কিনা নিয়া আসি। দোকানের কাস্টমারদেরও খাওয়াই।’

১১ ধাপে পরিশোধন, কর্মীদের বড় অংশ প্রতিবন্ধী

বৃহস্পতিবার কারখানায় গিয়ে দেখা যায়, একদিকে তৈরি হচ্ছে প্লাস্টিকের বোতল, অন্যদিকে চলছে বোতলে পানি ভরা ও প্যাকেটজাত করার কাজ। নির্ধারিত পোশাক ও স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের বিভিন্ন ধাপে কাজ করছেন কর্মীরা। তাঁদের বড় একটি অংশ শারীরিক প্রতিবন্ধী।

কারখানায় রিভার্স অসমোসিস (আরও) পদ্ধতিতে ১১টি ধাপে পানি পরিশোধন করা হয়। এরপর বোতলে পানি ভরা, সিল করা, লেবেল লাগানো ও কার্টনে প্যাকেটজাত করা হয়। কর্তৃপক্ষের দাবি, কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষাগারে প্রতিটি ব্যাচের পানি পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করা হয়।

সরকারি দপ্তরে ব্যবহার কমায় বিক্রিতে প্রভাব

মৈত্রী শিল্প কর্তৃপক্ষের ভাষ্য, গত দুই অর্থবছরে উৎপাদন ও বিক্রি কমে যাওয়ার অন্যতম কারণ সরকারি দপ্তরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহারে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত। সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান ছিল মুক্তা পানির বড় ক্রেতা। এসব প্রতিষ্ঠানে বোতলজাত পানির ব্যবহার কমে যাওয়ায় মুক্তা পানির বিক্রিতেও প্রভাব পড়ে।

কর্তৃপক্ষের দাবি, ওই সময়ে প্রায় তিন মাস উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। উৎপাদন ও বিক্রি কমে যাওয়ায় প্রতিষ্ঠানের আয়েও চাপ তৈরি হয়। এমনকি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধেও সমস্যা দেখা দেয়। ২০২৬ সালের শুরুতে দায়িত্ব নেওয়া কর্মকর্তারা কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেন।

বিক্রি কমেছে, আয়েও পড়েছে প্রভাব

মৈত্রী শিল্পের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মুক্তা পানি বিক্রি করে আয় হয়েছিল ৭ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৯০৭ টাকা। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৯ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় হয় ১১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৪৯৪ টাকা ৮০ পয়সা।

এরপর আয় কমতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছরে মুক্তা পানি বিক্রি থেকে আয় হয় ৯ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৯০১ টাকা ৬৭ পয়সা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও কমে দাঁড়ায় ৯ কোটি ৭০ লাখ ২২ হাজার ৯১৬ টাকা ৭৮ পয়সায়।

প্রতিষ্ঠানের সামগ্রিক আয়-ব্যয়ের হিসাবেও ওঠানামা রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকা, বিপরীতে ব্যয় ২৮ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৬৭ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ২৭ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৬৩৯ টাকা এবং ব্যয় ২৮ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৫৬৭ টাকা। সর্বশেষ অর্থবছরে আয় দাঁড়ায় ২৩ কোটি ২০ লাখ ৯ হাজার ৭৬৪ টাকা এবং ব্যয় ১৪ কোটি ৭২ লাখ ১ হাজার ৮৩২ টাকা।

সারা দেশে বিক্রয় প্রতিনিধি মাত্র দুজন

মার্কেটে মুক্তা পানির পরিচিতি ও সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে জনবল সংকটকে বড় বাধা হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান বলেন, বিজ্ঞাপন ও প্রচারের ক্ষেত্রে তাঁদের বড় ঘাটতি রয়েছে। এ কারণে চাহিদা থাকা সত্ত্বেও বাজারে মুক্তা পানির উপস্থিতি বাড়ানো যাচ্ছে না।

তিনি বলেন, ‘বর্তমানে সারা দেশে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ মাত্র দুজন। অথচ প্রয়োজন ৬০০ জনের বেশি। মাত্র দুজন দিয়ে বিক্রি বাড়ানো সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ভোক্তা পর্যায়েও পানি পৌঁছে দিতে হবে।’

বরকাতুর রহমান আরও বলেন, গত দুই বছরে পরপর দুবার নির্বাহী পরিচালক পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানকে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে। নেতৃত্বের পরিবর্তনে অস্থিরতা তৈরি হয়, যার প্রভাব উৎপাদনেও পড়ে। বর্তমানে জনবল বাড়ানো, নতুন পণ্য যুক্ত করা এবং শোরুমের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আধুনিক অটোমেশন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ

মৈত্রী শিল্প সূত্রে জানা যায়, টঙ্গীতে মুক্তা ড্রিংকিং ওয়াটার কারখানাটি ২০০৪ সালের ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় কারখানাটি স্থাপন করা হয়েছিল। পানি পরিশোধন ও বোতলজাতকরণের যন্ত্রপাতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সেল অ্যাকুয়া টেকনোলজিস ইনকরপোরেটেড থেকে আমদানি করা হয়।

উৎপাদন সক্ষমতা বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে নতুন অটোমেশন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মৈত্রী শিল্পের উপসহকারী প্রকৌশলী মো. চাঁদ মিয়া বলেন, দৈনিক চাহিদা প্রায় দুই লাখ লিটার হলেও কারখানায় উৎপাদন সক্ষমতা মাত্র ৫০ হাজার লিটার। এ কারণে বাজারে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না। প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশই প্রতিবন্ধী। বোতল তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে তাঁদের অবদান রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ, দেশব্যাপী পরিবেশক নেটওয়ার্ক গড়ে তোলা এবং প্রচার-প্রচারণা জোরদার করা গেলে মুক্তা পানির বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। এতে একদিকে সরকারি এই প্রতিষ্ঠানের আয় বাড়বে, অন্যদিকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগও সম্প্রসারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%