মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪২ পি.এম
মোহামেদ আল ফায়েদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে প্রায় ৩০০ নারী ক্ষতিপূরণ হিসেবে ১৫ কোটি পাউন্ড দাবি করেছেন। বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসের সাবেক মালিকের বিরুদ্ধে এই অভিযোগের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৯০ কোটি টাকা। তবে হ্যারডসের পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য যে অর্থ রাখা হয়েছে, তা এই পরিমাণের দ্বিগুণেরও বেশি।
যুক্তরাজ্যের আইন প্রতিষ্ঠান কেপি ল প্রায় ২৭৫ জন অভিযোগকারীর প্রতিনিধিত্ব করছে, যাদের অধিকাংশই হ্যারডসের সাবেক কর্মী। প্রতিষ্ঠানটির আইনজীবী লুসি ট্রেনর জানিয়েছেন, ২০২৪ সালে হ্যারডসের জন্য বরাদ্দকৃত ৬ কোটি ২০ লাখ পাউন্ডের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। মোট ক্ষতিপূরণের পরিমাণ কমপক্ষে ১০ কোটি পাউন্ড এবং সর্বোচ্চ ১৫ কোটি পাউন্ড হতে পারে।
ট্রেনর আরও বলেন, প্রতিটি মামলার তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের হারানো আয় ও পেনশন, চিকিৎসার খরচসহ অন্যান্য ক্ষতির বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। কেপি ল কর-সংক্রান্ত নথি পর্যালোচনা করেছে এবং কর্মসংস্থান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছে। তাঁরা সময়ের সঙ্গে নির্দিষ্ট পদগুলোর বেতন কীভাবে পরিবর্তিত হয়েছে, তা বিশ্লেষণ করেছেন।
হ্যারডসের এক মুখপাত্র জানিয়েছেন, ৬ কোটি ২০ লাখ পাউন্ডের বরাদ্দ কোনো সর্বোচ্চ সীমা নয়, বরং এটি একটি আনুমানিক হিসাব। প্রতিটি ব্যক্তির দাবি আলাদাভাবে মূল্যায়ন করে সেই অনুযায়ী ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হবে। এ বিশ্লেষণে হ্যারডসকে সহায়তা করেছে বাইরের আইনজীবী ও নিরীক্ষকেরা।
মুখপাত্র আরও বলেন, ‘নির্যাতনের শিকার সব যোগ্য ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হ্যারডস প্রতিশ্রুতিবদ্ধ।’ তাঁর ভাষ্য, ২৬০ জনের বেশি ব্যক্তি হ্যারডসের ক্ষতিপূরণ কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এ পর্যন্ত ১১৩টি দাবি নিষ্পত্তি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের আইনজীবীদের পছন্দের পদ্ধতিতে ক্ষতিপূরণের প্রক্রিয়া এগিয়ে চলছে।
বহু বছরের যৌন নির্যাতনের অভিযোগ
মোহামেদ আল ফায়েদের বিরুদ্ধে বহু নারী ধর্ষণ, যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর হ্যারডস যথেষ্ট পদক্ষেপ নেয়নি। পরে হ্যারডস আল ফায়েদের চেয়ারম্যান থাকাকালে তাঁর কর্মকাণ্ডের জন্য ‘পরোক্ষ দায়’ বা ‘ভিকারিয়াস লায়াবিলিটি’ স্বীকার করে।
১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত লন্ডনের হ্যারডসের মালিক ছিলেন মিশরীয় ধনকুবের আল ফায়েদ। ২০১০ সালে তাঁর পরিবার প্রতিষ্ঠানটি কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের কাছে বিক্রি করে দেয়। ২০২৩ সালে ৯৪ বছর বয়সে মারা যান আল ফায়েদ।
নারীদের যৌন নির্যাতনের অভিযোগ বছরের পর বছর অস্বীকার করার পর ২০২৪ সালে হ্যারডস এক বিবৃতিতে জানায়, তারা অভিযোগগুলোতে ‘চরমভাবে হতবাক’ এবং ‘সঠিক কাজটি করতে দৃঢ়প্রতিজ্ঞ’।
এরপর ২০২৫ সালের মার্চে আল ফায়েদের বিরুদ্ধে অভিযোগ আনা ব্যক্তিদের জন্য নিজস্ব ক্ষতিপূরণ কর্মসূচি চালু করে হ্যারডস। প্রতিষ্ঠানটির দাবি ছিল, এ প্রস্তাব ভুক্তভোগীদের জন্য আকর্ষণীয়, কারণ এর আওতায় তাঁদের অতিরিক্ত আইনি খরচ দিতে হবে না। চলতি বছরের মার্চে নতুন করে দাবি গ্রহণ বন্ধ হয়ে যায়।
হ্যারডস জানিয়েছে, ৬ কোটি ২০ লাখ পাউন্ডের বরাদ্দটি তাদের হিসাব অনুযায়ী সম্ভাব্য অর্থপ্রদানের পরিমাণ—তা হ্যারডসের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে হোক কিংবা নিজস্ব আইনজীবীর মাধ্যমে দাবি করা ব্যক্তিদের ক্ষেত্রে হোক।
হ্যারডসের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি পর্যন্ত দাবিদারদের ৪০ লাখ পাউন্ড পরিশোধ করা হয়েছে।
কারও ক্ষতিপূরণ পৌঁছাতে পারে ১০ লাখ পাউন্ডে। কর্মজীবন ও আয় হারানোর ক্ষতি নির্ধারণে বিশেষজ্ঞ ট্রেভর গিলবার্ট বলেন, কোনো ব্যক্তি নির্দিষ্ট একটি ক্যারিয়ার গড়ার পথে ছিলেন, কিন্তু পরে তা চালিয়ে যেতে না পারলে তাঁর ক্ষতির পরিমাণ ১০ লাখ পাউন্ড হওয়া অস্বাভাবিক নয়। এ ধরনের ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে খুব বেশি আয় করতেই হবে, এমন নয়।
তিনি বলেন, তার অভিজ্ঞতায় সাধারণত ক্ষতিপূরণপ্রার্থীরা তাঁদের দাবির সর্বোচ্চ সীমার দিকে মামলা এগিয়ে নেন, আর বিবাদীপক্ষ চেষ্টা করে সর্বনিম্ন সীমার দিকে রাখতে। পরে আলোচনা বা সমঝোতা বৈঠকের মাধ্যমে একটি নির্দিষ্ট অঙ্কে পৌঁছানোর চেষ্টা করা হয়।
যৌন নির্যাতনের মামলায় বিশেষজ্ঞ ব্যারিস্টার জেমস কাউন্সেল বলেন, উল্লেখযোগ্য অঙ্কের ক্ষতিপূরণ পাওয়া দাবিদারদের জন্য কঠিন হতে পারে। কারণ ইংল্যান্ডের আদালত ঐতিহাসিকভাবে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের তুলনামূলকভাবে কম ক্ষতিপূরণ দিয়ে এসেছে।
দ্রুত নিষ্পত্তির দাবি
ক্ষতিগ্রস্ত নারীরা তাঁদের মামলার দ্রুত নিষ্পত্তি চান। এদিকে হ্যারডস ও আল ফায়েদের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে একটি আইনি বিরোধ চলছে। আল ফায়েদের পরিবারের সদস্যদের পরিবর্তে একজন স্বাধীন প্রশাসক নিয়োগের চেষ্টা করছে হ্যারডস।
হ্যারডস জানিয়েছে, ক্ষতিপূরণের ব্যয় বহনে সহায়তা করার জন্য তারা আল ফায়েদের সম্পত্তির কাছ থেকে অর্থ পাওয়ার চেষ্টা করছে। কেপি লকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইনি বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আলোচনা করবে না। কেপি লর বেশির ভাগ মামলার দাবিদারই হ্যারডস ও আল ফায়েদের সম্পত্তি—দুই পক্ষের বিরুদ্ধেই দাবি করেছেন।
এ বিষয়ে নভেম্বরে শুনানি হওয়ার কথা। ওই সময়ই বিচারক সিদ্ধান্ত দিতে পারেন, আবার পরবর্তী সময়েও সিদ্ধান্ত জানাতে পারেন।
হ্যারডসের মুখপাত্র বলেন, ‘নতুন ও স্বাধীন নির্বাহক নিয়োগ সব ভুক্তভোগীর স্বার্থে—শুধু একটি আইন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা ব্যক্তিদের জন্য নয়, বরং সম্পত্তির বিরুদ্ধে সম্ভাব্য দাবি থাকা সবার জন্য।’
তিনি আরও বলেন, ‘হ্যারডস ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পেতে বাধা দিচ্ছে—তাঁদের আইনজীবীদের পক্ষ থেকে এমন কোনো পরামর্শ দেওয়া হলে তা বাস্তবতার ভুল উপস্থাপন এবং এই প্রক্রিয়ায় ভুক্তভোগীদের আস্থার জন্য ক্ষতিকর।’
আল ফায়েদের সম্পত্তির প্রতিনিধিত্বকারী আইন প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উরকহার্ট অ্যান্ড সুলিভান এলএলপির অংশীদার জাস্টিন মাইকেলসন বলেন, সম্পত্তির নির্বাহকেরা অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে আইনি কারণে এ বিষয়ে আর মন্তব্য করতে পারবেন না।
ক্ষতিপূরণের প্রক্রিয়া যেভাবে দীর্ঘায়িত হচ্ছে, তা দাবিদারদের জন্য ‘অত্যন্ত কষ্টদায়ক’ বলে মন্তব্য করেছেন কেপি লর আইনজীবী লুসি ট্রেনর।
কেপি ল যাঁদের প্রতিনিধিত্ব করছে, তাঁদের মধ্যে হ্যারডসের ফ্যাশন ক্রেতা, ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির জন্য নির্বাচিত ব্যক্তি এবং ব্যক্তিগত সহকারীরাও রয়েছেন। তাঁদের উল্লেখযোগ্যসংখ্যকই কর্মজীবনের প্রথম দিকে ছিলেন। অভিযোগের কারণে তাঁদের কারও কারও ক্যারিয়ারের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু দাবিদারের ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে আইন প্রতিষ্ঠানটি। তবে ক্ষতিপূরণের অর্থ থেকে আইন প্রতিষ্ঠানটি একটি অংশ নেবে।
আল ফায়েদের বিরুদ্ধে অভিযোগকারীদের একজনের স্বামী কিটন স্টোন বলেন, ‘হ্যারডস গত দুই বছর ধরে বিশ্বকে বলে আসছে যে তারা ভুক্তভোগীদের পাশে আছে। কিন্তু নারীরা বাস্তবে যা দেখেছেন, তা হলো বিলম্ব। তাঁদের কেউ কেউ এরই মধ্যে ৩০ বা ৪০ বছর অপেক্ষা করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ এখন সত্তরের কোঠায়।’
আল ফায়েদের বিরুদ্ধে বছরের পর বছর অনুসন্ধান চালিয়েছিলেন স্টোন। তাঁর সেই অনুসন্ধানের ভিত্তিতেই ২০২৪ সালে বিবিসিতে একটি প্রামাণ্যচিত্র প্রচারিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সদর হাসপাতালে ৬ জন এবং হরিরামপুরে ৫ জন। এছাড়া সাটুরিয়ায় ৪ জন ও ঘিওরে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বেসরকারি হাসপাতাল মুন্নু মেডিকেল কলেজে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন রোগী।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত সরকারি হাসপাতালে ৫৯৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২২৬ জনসহ মোট ৮২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু ঘটেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল আজিজ মন্তব্য করেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।”
তিনি আরও বলেন, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি উল্লেখ করেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় বৈঠকে এই তারিখ চূড়ান্ত করা হবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।
এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করেনি। ভোটের তারিখ ঘোষণা সম্পর্কে সরকার কিছুই জানে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে নির্বাচন পরিচালনার। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা বা আইন-শৃঙ্খলা কমিটি, এ ধরনের সভা করার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাজেটসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নতুন জীবনসঙ্গী হলেন আইরিশ-অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ধনকুবের এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান-প্রধান ক্যামেরন ও'রাইলি। কিছুদিন গোপনীয়তা বজায় রাখার পর, গত সপ্তাহান্তে একটি পারিবারিক অনুষ্ঠানে ৫২ বছর বয়সী জেমাইমা এবং ৬২ বছর বয়সী ক্যামেরন একে অপরের হাত ধরেন। জেমাইমার ভাবি জেমাইমা জোন্স সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের উৎসবের ছবি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেম থেকে বিয়ে
জানা গেছে, চলচ্চিত্র ও তথ্যচিত্র তৈরির ক্ষেত্রে পারস্পরিক পেশাগত সম্পর্কের সূত্র ধরেই তাদের পরিচয় ঘটে। গত এক বছর ধরে ডেটিং করার পর চলতি বছরের শুরুতে তারা আংটি বদল করেন। অবশেষে ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের নতুন অধ্যায়ের সূচনা হলো। ১৯৯৫ সালে পাকিস্তানের তৎকালীন জনপ্রিয় ক্রিকেটার ইমরান খানের সাথে বিয়ের পর দীর্ঘ ৯ বছর সংসার করেন জেমাইমা। ২০০৪ সালে বিচ্ছেদের আগে তাঁদের ঘরে সুলাইমান ও কাসিম নামে দুই পুত্রসন্তান জন্ম নেয়।
কে এই ক্যামেরন ও'রাইলি?
ক্যামেরন ও'রাইলি একজন প্রভাবশালী আইরিশ-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী, ফাইন্যান্সিয়ার এবং এক্সিকিউটিভ প্রযোজক। অস্ট্রেলিয়া ও ইউরোপজুড়ে তাঁর বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য রয়েছে। তিনি আয়ারল্যান্ডের বিখ্যাত প্রয়াত মিডিয়া টাইকুন ও সাবেক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্থনি ও'রাইলির সুযোগ্য সন্তান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর ক্যামেরন আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক 'গোল্ডম্যান স্যাক্স'-এ কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে প্রযুক্তি ও স্মার্ট-মিটারিং খাতে বিনিয়োগের লক্ষ্য নিয়ে তিনি 'বায়ার্ড ক্যাপিটাল' প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে জাপানি টেক-জায়ান্ট তোশিবা প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলারে এই প্রতিষ্ঠানটি কিনে নেয়।
জেমাইমার নতুন স্বামী ক্যামেরন অস্ট্রেলীয় গণমাধ্যম প্রতিষ্ঠান 'এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া'র (বর্তমান এআরএন মিডিয়া) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন চলচ্চিত্র ও তথ্যচিত্রে এক্সিকিউটিভ প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
ক্যামেরন এর আগে ইলসে ও'রাইলির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। প্রায় দুই দশকের দাম্পত্য জীবন শেষে ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই সংসারে তার চার সন্তান রয়েছে।
জেমাইমা গোল্ডস্মিথের নিজস্ব পরিচয়
জেমাইমা সাবেক স্বামীর রাজনৈতিক পরিচয়ের বাইরে সাংবাদিকতা, মানবাধিকার সচেতনতা এবং চলচ্চিত্র নির্মাণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান 'ইনস্টিনক্ট প্রডাকশনস'-এর প্রতিষ্ঠাতা। খ্যাতনামা ভারতীয় পরিচালক শেখর কাপুরের 'হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?' চলচ্চিত্রের চিত্রনাট্য ও প্রযোজনার কাজ করে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। এছাড়াও তিনি 'দ্য নিউ স্টেটসম্যান' ও 'ভ্যানিটি ফেয়ার'-এর মতো জনপ্রিয় বিশ্বমানের পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
সফরের জন্য পাঁচটি ভেন্যু এবং তিনটি কর্মসূচি নিয়ে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে, জানালেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সফরের সময় প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি ২০০ অতিরিক্ত পুলিশ সদস্যও দায়িত্ব পালন করবেন।
সফরের আগে সোমবার দুপুরে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, "রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।" সফরকালে রাষ্ট্রপতি দুটি মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচির জন্য পাঁচটি ভেন্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাবেন।
দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফর শেষে রাত ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ