০৯:৪৭ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : রাজধানীর রূপনগর থানার সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঠাও চালক মো. আশরাফুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১১ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রূপনগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটের দিকে রূপনগর থানাধীন সেকশন-৭, পশ্চিম ব্লক-ডি, রোড-৪ এর আরামবাগ মেইন রোডে নুসাইবা জেনারেল স্টোরের সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলের কাছেই টহলরত ছিল। বিস্ফোরণের পর পুলিশ সদস্যরা জড়িতদের আটকের চেষ্টা করলে অন্যরা পালিয়ে যায়। তবে দৌড়ে পালানোর সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আশরাফুলকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি সবুজ রঙের ভাঙা জর্দার কৌটার অংশ, তিন টুকরা সাদা স্কচটেপ এবং নয়টি তারকাঁটা জব্দ করে।
এ ঘটনায় রূপনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন