০৯:৪৪ এম
কানাডার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যুদ্ধ মহড়ার সময় তাজা গোলাবারুদ ব্যবহার করার ফলে ঘটে যাওয়া একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৩৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলবার্টার প্রিমিয়ার (সরকারপ্রধান) ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, চিকিৎসাধীনদের মধ্যে ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বাকি ১২ জন সামান্য আঘাত পেয়েছেন।
জাতীয় প্রতিরক্ষা বিভাগের সূত্রে সিবিএস জানিয়েছে, নিহত চার সেনাসদস্য হলেন—প্রাইভেট এইডেন গোল্ডিং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট হেইডেন লাইকমার্ক ও সার্জেন্ট মরগান ওং। ইতিমধ্যে তাদের পরিবারকে শোক সংবাদ জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব-মধ্য আলবার্টার ‘কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইট’ নামক সামরিক প্রশিক্ষণ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তের পর প্রতিরক্ষা বিভাগ স্পষ্ট করেছে যে, এ ঘটনার পেছনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
আরও পড়ুন: চীনে নদীর তলদেশে ট্রেন চলাচল, আলোর লেজারের প্রদর্শনী পর্যটকদের মুগ্ধ করছে
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করে বলেন, শান্তিকালীন সময়ে দেশের মাটিতে কানাডীয় সামরিক বাহিনীর জন্য এটি অন্যতম ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা। মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানিয়েছেন, দুর্ঘটনাটি আদৌ এড়ানো সম্ভব ছিল কি না এবং কোথায় গাফিলতি ছিল, তা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশজুড়ে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন