ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ


সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
সারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট এলাকায় চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে কৃষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ঘটনাস্থলে যাওয়া উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাহাট এলাকায় সার বিতরণ শুরু হলে চাহিদামতো সার না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সড়কে বসে অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ কৃষকেরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে।
 
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, উপজেলার কোনো না কোনো ইউনিয়নে প্রতিদিনই সার নিয়ে কৃষকেরা বিক্ষোভ করছেন এবং কোথাও কোথাও সড়ক অবরোধ করছেন। এসব পরিস্থিতি সামাল দিতে পুলিশকে প্রতিদিনই যেতে হচ্ছে।
 
ওসি বলেন, ‘কৃষি বিভাগে কী পরিমাণ সার মজুত আছে এবং কৃষকদের চাহিদা কত, তা পরিষ্কারভাবে জানানো হলে এ ধরনের সমস্যা কমত। কৃষি বিভাগ পর্যাপ্ত সার থাকার কথা বলছে, অথচ কৃষকেরা সার না পেয়ে সড়ক অবরোধ করছেন। এসব পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে পুলিশের অন্য কাজ ব্যাহত হচ্ছে।’
 
এদিকে একই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকাতেও সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। এ সময় তাঁরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় পর্যাপ্ত সার রয়েছে। আগাম ভুট্টা ও বেগুন চাষের জন্য কৃষকেরা বাড়তি সার মজুত করায় কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হচ্ছে। সমন্বয়ের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করা হচ্ছে।
 
উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে এক ডিলারের গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যান কৃষকেরা। পরে প্রশাসনের আশ্বাসে ১১৫ বস্তা সার ফেরত দেন তাঁরা। ওই ঘটনায় ধলডাঙ্গা বাজারের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের বিরুদ্ধে কৃষকদের সময়মতো সার না দেওয়া ও ক্যাশমেমোতে অসংগতির অভিযোগ ওঠে। পরে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশারির জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

‌কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


মশারির জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
 
 
কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 
 
সোমবার (০৭ সে‌প্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন।
 
নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল।
 
স্বজন আবু বক্কর সি‌দ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়।
 
পরে দুপুর একটার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।
 
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ মাস পর প্রোটিয়া দলে মিলার, ফিরলেন ডি কক ও কোয়েৎজিও

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


১৮ মাস পর প্রোটিয়া দলে মিলার, ফিরলেন ডি কক ও কোয়েৎজিও

 

ডেভিড মিলার সর্বশেষ ২০২৫ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। যদিও তিনি টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন, তবে ৫০ ওভারের ফরম্যাটে তাকে আর দেখা যায়নি।এখন সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরতে চলেছেন মিলার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ঘরের মাঠের সিরিজের জন্য ওয়ানডে দলে তার নাম ঘোষণা করেছে। ৩৭ বছর বয়সী এই ব্যাটারের সঙ্গে দলে ফিরছেন কুইন্টন ডি ককও।n 

 

ডি কক ১০ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। উল্লেখ্য, ডি কক এবং মিলার দুজনেই বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন।

দুজনের দলে ফেরার বিষয়ে কোচ শুকরি কনরাড মন্তব্য করেছেন, “কুইনিকে যখনই আমাদের প্রয়োজন তখনই খেলবে।

 

ওয়ানডে ক্রিকেট সম্ভবত কুইনির সেরা ফরম্যাট এবং সে সবকটি ওয়ানডে ম্যাচ খেলবে। ডেভিড অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। তবে সম্ভবত বাংলাদেশ সিরিজ মিস করবে, কারণ আইএলটি-২০তে খেলার প্রতিশ্রুতি রয়েছে তার।”এদিকে, দীর্ঘ সময় পর দলে ফিরেছেন জেরাল্ড কোয়েৎজি।

প্রায় ৩৪ মাস পর ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই পেসার। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনি খেলেছিলেন। ২৫ বছর বয়সী এই পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের ফরম্যাটে ফিরে আসছেন।

তবে কাগিসো রাবাদা হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি, তাই ঘরের মাঠের সিরিজে তিনি থাকছেন না। অন্যদিকে, নামিবিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২২৬ রান করা দুই ব্যাটার লুহান-ড্রে প্রিটোরিয়াস এবং দেওয়াল্ড ব্রেভিস দলে জায়গা পাননি। পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন মার্কো ইয়ানসেন এবং লুঙ্গি এনগিডি করবিন বশরা। দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল সমান তিনটি টেস্ট ম্যাচ খেলবে।

টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফর্টুইন, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কিউয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্তান স্টাবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

বিদ্যালয়ের ছাদের পলেস্তারা হঠাৎ করে ধসে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে।

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে একটি টেবিল ভেঙে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

বিদ্যালয়ের দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ার কারণে ২৯১ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন জানান, রাত বা সকালে কোনো এক সময় অফিস কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে। সকালে কক্ষের দরজা খুলে তিনি বিষয়টি আবিষ্কার করেন। পরে দেখা যায়, ধসে পড়া পলেস্তারার অংশের কারণে একটি টেবিল ভেঙে গেছে।

প্রধান শিক্ষক উল্লেখ করেন, এর আগে বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষে হালকা পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে বিদ্যালয়ে ২৯১ জন কোমলমতি শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।

অভিভাবক হাবিব উল্লাহ, আমিনুল ইসলামসহ স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটছে। এই অবস্থায় প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর ফলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে ছাদ ও বিভিন্ন কক্ষের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শীতেশ চন্দ্র পাল।

মো. মোশাররফ হোসেন খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়ের ভবনের বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

স্থানীয়দের মতে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগে থেকেই ঝুঁকি চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের পুরোনো ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, বই শুধু জ্ঞান দেয় না, চিন্তার শক্তিও দেয়। ইতিহাস জানতে এবং ভবিষ্যতের পথ চিনতে বই পড়ার বিকল্প নেই। 

তিনি বলেন, ‘ইতিহাস না জানলে বর্তমানকে বোঝা যায় না, আর বর্তমান না বুঝলে ভবিষ্যতের পথ তৈরি করা যায় না। তাই আমাদের পড়তে হবে, জানতে হবে এবং ভাবতে হবে।’

আজ সোমবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর পঞ্চম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বইমেলা একটি গুরুত্বপূর্ণ আয়োজন। পাঠাগার জ্ঞানচর্চার জায়গা, পাঠাভ্যাস গড়ে তোলার জায়গা এবং নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে যুক্ত করার অন্যতম মাধ্যম।

তিনি বলেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। 

বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম তিনি। তাঁর রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও দেশ গঠনের ভাবনা জানতে হলে তাঁর লেখা বই পড়তে হবে।"

তিনি জানান, ‘একটি জাতির জন্ম’ ও ‘আমার রাজনীতির রূপরেখা’সহ বিভিন্ন গ্রন্থ একটি বিশেষ সময়কে জানতে এবং জিয়াউর রহমানের জীবন, চিন্তা ও বাংলাদেশ হয়ে ওঠার ইতিহাস বুঝতে সহায়তা করে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, একটি বই অতীতের দরজা খুলে দেয়, বর্তমানকে বুঝতে শেখায় এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ বইটি তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সংগ্রাম সম্পর্কে জানার সুযোগ করে দেয়। যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানতে চান, তাদের এ ধরনের বই পড়া উচিত।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও শ্রদ্ধা ও শুভকামনা জানাই।’ প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আফরোজা খানম বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা, জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি ও মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; নতুন প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে, প্রশ্ন করতে হবে এবং পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। আর জ্ঞান অর্জনের অন্যতম শক্তিশালী মাধ্যম হলো বই।

নিজের বাবার লেখা বইয়ের প্রসঙ্গ তুলে ধরে আবেগাপ্লুত হয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমার বাবার এই বইটি যখন পড়ি, তখন মনে হয় বাবা আমার পাশে আছেন। মনে হয়, চারপাশ থেকে বাবা আমাকে দেখছেন।’

অনুষ্ঠানে বাবার লেখা বই থেকে একটি অংশ পাঠ করে শোনান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার পর মেজর জিয়া রাষ্ট্রক্ষমতায় আসেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুবই সাধারণ জীবনযাপন করতেন, বিলাসিতা পছন্দ করতেন না এবং সাধারণ মানুষের উন্নতির কথা ভাবতেন। এ সময় তিনি জিয়াউর রহমানের সততা ও সাদাসিধে জীবনযাপনের বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে একটি পরিবারের তিনজন মানুষ ভিন্ন তিনটি সময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দেশকে বিপর্যয় থেকে রক্ষা করেছেন।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং জিয়া স্মৃতি পাঠাগারের জন্য ১০০টি বই উপহার দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জ্ঞানার্জন ও মননশীলতা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, মাহামুদা হাবিবা এমপি, অধ্যাপক ড. হারুন আল রশিদ ও সাঈদ মাহমুদ জুয়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%