০১:০২ এম
পঞ্চগড়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পাউরুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাউরুটিতে ব্লেডটি পাওয়া যায়।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর স্কুল ফিডিংয়ের খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রথম শিফটের ছুটির পর শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল ফিডিংয়ের পাউরুটি নিয়ে বাড়ি ফিরে। পরে পাউরুটি খেতে গিয়ে সে এর ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা পাউরুটিটি নিয়ে বিদ্যালয়ে যান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ রায় পরে পাউরুটিটি সংগ্রহ করে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে নিয়ে যান।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ রায় বলেন, মিম আক্তারের অভিভাবক পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ নিয়ে বিদ্যালয়ে আসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি পাউরুটিটি শিক্ষা কার্যালয়ে নিয়ে যেতে বলেন। পরে সেটি সেখানে জমা দেয়া হয়। তবে অন্য শিক্ষার্থীদের প্যাকেটে এ ধরনের কোনো বস্তু পাওয়া যায়নি।
দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, খবর পাওয়ার পর পাউরুটিটি সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে পঞ্চগড় জেলায় পাউরুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন