০১:০১ এম
ইউরোপজুড়ে অন্তত ১৮টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্স এই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে। তবে যুক্তরাজ্য এসব হুমকিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া সতর্কবার্তা’ হিসেবে চিহ্নিত করেছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং রোমানিয়াগামী বিভিন্ন ফ্লাইটে এই হুমকি প্রদান করা হয়। এর মধ্যে ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি উড়োজাহাজও অন্তর্ভুক্ত ছিল। পরে সেটিকে গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের উত্তরাঞ্চলের এভরেক্স বিমানঘাঁটিতে অবতরণ করতে বাধ্য করা হয়।
হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির যুদ্ধবিমান দ্বারা পাহারা দেয়া হয়। তবে উড়োজাহাজটি নির্ধারিত সময়ে রোমে অবতরণ করে। স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি ফ্লাইটও এই হুমকির শিকার হয়েছে। এখন পর্যন্ত তল্লাশি চালানো কোনো উড়োজাহাজে বিস্ফোরক পাওয়া যায়নি।
আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। এর দুই দিন আগে যুক্তরাজ্যের দুটি ফ্লাইটসহ ইউরোপের আটটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে কোনো উড়োজাহাজে বিস্ফোরক পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার এসব ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। ইতালির রাজধানী রোমের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রোমগামী দুটি ফ্লাইটে বোমা হামলার যে হুমকি দেয়া হয়েছিল, সেগুলো ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছিল।
‘ফাইটার্স অব দ্য মেল স্টেট’ নামক একটি গোষ্ঠী বা ব্যক্তির পক্ষ থেকে পাঠানো ওই বার্তায় নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ‘নারীবাদী শাসনব্যবস্থা’র কথা উল্লেখ করা হয়েছে। ইতিহাসে নিজেদের নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করে বার্তায় বিস্ফোরণের মাধ্যমে ‘আকাশ রক্তে রাঙিয়ে দেয়ার’ হুমকি দেয়া হয়েছে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন