মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৪৯ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে দুর্বৃত্তের গুলিতে এক কিশোর নিহত হয়েছে, যার নাম মারুফ ওরফে দুখু মিয়া (১৭)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেট সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজের ভেতর এই গুলির ঘটনা ঘটে।
নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানিয়েছেন, সে তার মা সেলিনা বেগম ও স্ত্রী মিমের সঙ্গে ধলপুর সিটি পল্লীতে বসবাস করত। তার বাবা মৃত আব্দুর রশীদ। এক বছর আগে মারুফের বিয়ে হয়েছে। দয়াগঞ্জে অ্যালুমুনিয়াম পাতিল কারখানায় কর্মরত ছিল মারুফ।
বিথী আরও জানান, সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরে আসে মারুফ। কিছুক্ষণ পর স্ত্রীকে জানিয়ে বাসার বাইরে চলে যায় সে। এরপর তারা জানতে পারেন, ওয়াসা গেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। মারুফের গলার নিচে গুলিবিদ্ধ হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মারুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, এলাকার কারও সঙ্গে মারুফের কোনো দ্বন্দ্ব ছিল না। কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই কিশোরের গলার নিচে একটি গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৯০ টাকা পাওনা পরিশোধের পর কথোপকথনের এক পর্যায়ে এক ভ্যারাইটিজ ব্যবসায়ীর রডের আঘাতে টেইলার (দর্জি) আলিফ উদ্দিন খুন হয়েছেন।
এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিংয়ের পাশে। নিহত আলিফ উদ্দিন আতুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সূত্রে জানা গেছে, টেইলার আলিফ উদ্দিনের পাশের দোকানে ভ্যারাইটিজ ব্যবসা করেন সায়পুর গ্রামের ইমাম উদ্দিন। আলিফের কাছে ইমামের ৯০ টাকা পাওনা ছিল। টাকা চাইলে আলিফ তা পরিশোধ করেন। পরবর্তীতে ফিরে যাওয়ার সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইমাম রড দিয়ে আঘাত করলে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাঠালিয়া উপজেলায় কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি কৃষকদের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাত। মাঠপর্যায়ে নিয়মিত উঠান বৈঠক, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সময়োপযোগী পরামর্শ দিয়ে তিনি স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছেন।
বিভিন্ন কৃষিভিত্তিক অনলাইন পোর্টাল ও নির্ভরযোগ্য উৎসের তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই কৃষি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এই বিষয়টি মাথায় রেখে কাঠালিয়া উপজেলার বিভিন্ন ব্লকে কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দিচ্ছেন মহিবুল্লাহ সিফাত। বিশেষ করে নিরাপদ সবজি চাষ, জৈব সার ও বালাইনাশকের সুষম ব্যবহার, এবং আধুনিক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
মাঠপর্যায়ের কৃষকরা জানান, অতীতে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করায় অনেক সময় উৎপাদন খরচ বেশি হতো এবং আশানুরূপ ফলন পাওয়া যেত না। কিন্তু উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিয়মিত তদারকি ও পরামর্শ পাওয়ার পর থেকে তাদের ফসলের উৎপাদন খরচ অনেক কমে গেছে এবং ফলনও বেশ ভালো হচ্ছে। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় তিনি ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব ফেরোমন ফাঁদ ও আলোর ফাঁদ ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছেন।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাত বলেন, "বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি ও আধুনিক প্রযুক্তিগুলো মাঠপর্যায়ের কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। কৃষকরা যদি সঠিক সময়ে সঠিক তথ্য ও পরামর্শ পান, তবে কম খরচে বাম্পার ফলন পাওয়া সম্ভব। কাঠালিয়ার প্রতিটি কৃষকের মুখে হাসি ফোটাতে এবং কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
কৃষক"রা" মনে করছেন, মাঠপর্যায়ে এভাবে সরকারি কর্মকর্তাদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকলে কাঠালিয়া উপজেলা শুধু নিজের খাদ্য চাহিদা মিটিয়ে দেশের খাদ্য নিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম জনাব আব্দুর শহিদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের আরামবাগের নিজ বাসভবনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আব্দুর শহিদ চৌধুরী দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দলটির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রাজনৈতিক জীবন, দলের প্রতি অবদান এবং সাংগঠনিক কর্মকাণ্ডের কথা এ উপলক্ষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনা সভায় মরহুমের রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই প্রার্থনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীরা ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের অন্তর্ভুক্ত হয়ে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে তাদের ইউআইইউ পরিবারে স্বাগত জানানো হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সাবেক উপাচার্য প্রফেসর এমিরিটাস ড. এম রিজওয়ান খান। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য ইংরেজি ও গণিতের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা এবং সমাধানের সক্ষমতা অর্জন লাগবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি, শৃঙ্খলা এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ এবং একাডেমিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
এ সময় আরও বক্তব্য দেন- স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অ্যাডভাইজার প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ, স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আব্দুল মজিদ এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শরীফ আহমেদ মুকুল।
এছাড়া নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ