০৩:০৯ এম
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে বাহির থেকে পাথর নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ট্রেনে থাকা দুইজন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী স্টেশনের কাছাকাছি আসার সময় বাহির থেকে পাথর নিক্ষেপের এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) এবং অপরজন একই জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ফাহিমের বড় ভাই আরমান মিয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি ও আমার ছোট ভাই ফাহিম আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগিতে উঠেছিলাম। আমরা বগির মাঝামাঝি বসা ছিলাম। ফাহিম আসনের সিটে বসেছিলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। টঙ্গী স্টেশনের কাছাকাছি আসলে বাহির থেকে একটি পাথর ট্রেনের জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে আঘাত করে। আমাদের ঢাকায় ব্যাগের ব্যবসা আছে এবং আমরা দুই ভাই ওই ব্যবসার সঙ্গে জড়িত। ফাহিম ট্রেনে ব্যথায় ও ভয়ে কাঁপছিল এবং সেই কারণে কোনো কথা বলতে পারেনি।
আহত লিটন মিয়া বলেন, আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ব্যবসার কারণে ঢাকায় বেশি সময় কাটাতে হয়। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লাগে, তারপর আরেকজনের গলায় লাগে। ঢাকায় গেলে সিটিস্ক্যান করতে হবে। তিনি এ বিষয় নিয়ে বলেন যে, এমন পাথর নিক্ষেপ যেন না ঘটে, সে জন্য সচেতনতা ও সরকারের প্রচার বাড়াতে হবে।
ট্রেনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ এই ঘটনায় কথা বলেন। তিনি বলেন, ট্রেন ছাড়লে সবাইকে ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য বলা হয়, কিন্তু যাত্রীরা গরমের কারণে জানালা খোলা রাখে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন