ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইয়াসিন ট্রফির জন্য নিজেকে অযোগ্য মনে করেন ভোজিনহা


ইয়াসিন ট্রফির জন্য নিজেকে অযোগ্য মনে করেন ভোজিনহা

৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া প্রথমে ইয়াসিন ট্রফির ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম দেখে এটিকে রসিকতা মনে করেছিলেন। পরে তিনি এটিকে নিজের ক্যারিয়ার এবং দেশের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন।

ফ্রান্স ফুটবলের ২০২৬ ইয়াসিন ট্রফির ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় ভোজিনিয়া জায়গা পেয়েছেন। উনাই সিমন, এমিলিয়ানো মার্তিনেজ, কর্তোয়া, দাভিদ রায়া, এদুয়ার্দ মেন্দি ও ইয়াসিন বুনুর মতো গোলরক্ষকদের সঙ্গে তাঁর নাম দেখে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি।

ভোজিনিয়া মন্তব্য করেন, “অনেকেই বলবেন এটা অন্যায্য, এবং এক অর্থে আমিও সেটাই অনুভব করি। খবরটি শোনার পর আমি ভেবেছিলাম এটা একটা রসিকতা। কারণ বিশ্বের সেরা লিগ ও সেরা দলগুলোর হয়ে খেলা অসাধারণ গোলরক্ষকদের প্রতি আমার অনেক সম্মান আছে।”

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তবে তিনি মনোনয়নকে শুধুমাত্র ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না। ভোজিনিয়ার মতে, এটি কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানেরও স্বীকৃতি। তাঁর ভাষায়, “আমার ক্যারিয়ার ও জীবনের এই পর্যায়ে এটি মহাবিশ্বের কাছ থেকে পাওয়া একটি উপহার। যারা আমাকে এই তালিকায় রেখেছেন, তাদের ধন্যবাদ।”

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের অভিষেকেই ভোজিনিয়া আলো ছড়ান। স্পেন ও সৌদি আরবের বিপক্ষে ক্লিনশিট রেখে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে দলকে তুলতে সক্ষম হন। শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে কেপ ভার্দে বিদায় নেয়।

বিশ্বকাপের সেই পারফরম্যান্সই ৪০ বছর বয়সী ভোজিনিয়াকে ইয়াসিন ট্রফির আলোচনায় নিয়ে এসেছে। এবার তিনি বিশ্বের শীর্ষ গোলরক্ষকদের সঙ্গে তালিকায় জায়গা করে নিতে পেরেছেন।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় মদসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

​বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় মদসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ৯ বোতল ভারতীয় মদসহ মো. বাচ্চু মিয়া (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীন চিনাকান্দি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক বাচ্চু মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার গামারীতলা গ্রামের মৃত কাসম আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করে ৯ বোতল ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। পথিমধ্যে সীমান্ত পিলার ১২১০/২-এস থেকে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাকান্দি এলাকায় বিজিবির টহল দল তাকে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মামুন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মামুন গ্রেপ্তার

মৌলভীবাজারে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মামুন নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মৌলভীবাজার সদর থানা পুলিশ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

আটক মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করছেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ এ বিষয়ে অভিযোগ করে বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। তিনি বলেন, এ ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়া কার্ড ও বিশেষ ভাতায় বরাদ্দ ২০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ক্রীড়া কার্ড ও বিশেষ ভাতায় বরাদ্দ ২০০ কোটি টাকা

দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার ক্রীড়াবিদদের জন্য রেলপথ, বিমান এবং সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদান করবে।

আজ রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক মতবিনিময় সভার উদ্বোধনকালে এসব তথ্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ‘মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে। এর মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদ ইতোমধ্যে ‘ক্রীড়া কার্ড’ পেয়েছেন। তবে পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হবে এবং নতুন ৯৫ জনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকার রেল, বিমান, সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। এশিয়ান গেমস বা ফুটবলের সামগ্রিক ফলাফল নিয়ে সাময়িক হতাশা থাকলেও, জাতীয় ক্রীড়া পরিষদের মূল্যায়ন কমিটির রিপোর্ট পাওয়ার পর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

এশিয়ান গেমস বা ফুটবলের ফলাফল নিয়ে খুব বেশি হতাশা প্রকাশ না করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে ফল হতাশাজনক হলেও, আমরা ভুল থেকে শিখতে চাই। এনএসসির মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট পেলে সার্বিক বিষয় তুলে ধরব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, সর্বোচ্চ মৃত্যু মোটরসাইকেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, সর্বোচ্চ মৃত্যু মোটরসাইকেলে

সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী এবং ৬১ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে ১৫৪টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ।

রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০৬ জন ছিলেন পথচারী, যা মোট নিহতের ২৫ দশমিক ০৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট নিহতের ১২ দশমিক ৫২ শতাংশ।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৯ জন, তিন চাকার যানবাহনের যাত্রী ৮৮ জন, বাসের যাত্রী ২৬ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স ও জিপের আরোহী ২১ জন, ট্রাক-কাভার্ডভ্যান-ট্রলির আরোহী ১৯ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৮ জন এবং বাইসাইকেল আরোহী ছয়জন।

আঞ্চলিক সড়কেই বেশি দুর্ঘটনা

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৭৮টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ১৪৫টি, শহরের সড়কে ৬৩টি এবং গ্রামীণ সড়কে ৫৬টি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে। ১০৯টি ঘটনায় পথচারী চাপা বা ধাক্কার শিকার হয়েছেন। এছাড়া ৯৮টি মুখোমুখি সংঘর্ষ, ৬১টি পেছন থেকে আঘাত এবং ছয়টি অন্যান্য ধরনের দুর্ঘটনা ঘটেছে।

ঢাকায় ৫২ দুর্ঘটনায় নিহত ২১

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ২৯ দশমিক ৮৬ শতাংশ এবং প্রাণহানির ৩১ দশমিক ৬৭ শতাংশই ঢাকা বিভাগে ঘটেছে।

চট্টগ্রাম বিভাগে ১৭ দশমিক ৮৭ শতাংশ দুর্ঘটনা ও ১৭ দশমিক ৭৩ শতাংশ প্রাণহানি, খুলনা বিভাগে ১৭ দশমিক ৪২ শতাংশ দুর্ঘটনা ও ১৪ দশমিক ৪২ শতাংশ প্রাণহানি, রাজশাহী বিভাগে ১২ দশমিক ২১ শতাংশ দুর্ঘটনা ও ১০ দশমিক ৮৭ শতাংশ প্রাণহানি হয়েছে।

এছাড়া ময়মনসিংহে ৭ দশমিক ২৩ শতাংশ দুর্ঘটনা ও ৭ দশমিক ৮০ শতাংশ প্রাণহানি, বরিশালে ৫ দশমিক ২০ শতাংশ দুর্ঘটনা ও ৬ দশমিক ৬১ শতাংশ প্রাণহানি, রংপুরে ৫ দশমিক ৬৫ শতাংশ দুর্ঘটনা ও ৫ দশমিক ৯১ শতাংশ প্রাণহানি এবং সিলেটে ৪ দশমিক ৫২ শতাংশ দুর্ঘটনা ও ৪ দশমিক ৯৬ শতাংশ প্রাণহানি ঘটেছে।

একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি ৩৮ জন নিহত হয়েছেন। আর সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

রাজধানী ঢাকায় সেপ্টেম্বরে ৫২টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নিহতদের পেশাগত পরিচয়ও তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। এতে দেখা যায়, নিহতদের মধ্যে ২ জন পুলিশ সদস্য, একজন সেনা সদস্য, ১৩ জন শিক্ষক, তিনজন সাংবাদিক, দুজন চিকিৎসক, চারজন প্রকৌশলী, একজন কাস্টমস কর্মকর্তা, একজন বিদেশি নাগরিক, ব্যাংক-বীমার ১১ কর্মকর্তা-কর্মচারী, ১৮ জন এনজিও কর্মী এবং ২৪ জন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।

এছাড়া বিভিন্ন পর্যায়ের ২৫ জন ব্যবসায়ী, ওষুধ ও বিভিন্ন পণ্যসামগ্রীর ২১ জন বিক্রয় প্রতিনিধি, তিনজন মসজিদের ইমাম বা খাদেম, চারজন মোটর মেকানিক, ছয়জন পোশাক শ্রমিক, একজন পরিচ্ছন্নতাকর্মী, ১৪ জন দিনমজুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

সময় বিশ্লেষণে দেখা যায়, ভোরে ৮ দশমিক ১৪ শতাংশ, সকালে ২৪ দশমিক ৪৩ শতাংশ, দুপুরে ২১ দশমিক ২৬ শতাংশ, বিকেলে ১৭ দশমিক ৪২ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ৭৬ শতাংশ এবং রাতে ১৬ দশমিক ৯৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

নৌ ও রেল দুর্ঘটনাও বেড়েছে

সেপ্টেম্বরে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, সাতজন আহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। একই সময়ে ২৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানাচ্ছে, সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জন নিহত হয়েছেন। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর ফলে। গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ প্রয়োজন।

সংস্থাটির মতে, যানবাহনের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। এ জন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জীবনমুখী সচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, অনির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না জানা ও না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, রাজধানীতে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু, দক্ষ চালক তৈরির উদ্যোগ এবং চালকদের বেতন, কর্মঘণ্টা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

এছাড়া মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, সব রেলক্রসিংয়ে গেটকিপার নিয়োগ, সড়ক ব্যবহারকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে বাজেটে অর্থ বরাদ্দ এবং সড়ক, রেল ও নৌপরিবহনকে সমন্বিত করে অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠনের সুপারিশ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, প্রযুক্তি ও অবকাঠামোর উন্নয়ন এবং সড়ক ব্যবহারকারীদের শিক্ষা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তবে এ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%