ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ, প্রাণঘাতী দুর্ঘটনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে


ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ, প্রাণঘাতী দুর্ঘটনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে

ঈদ, বিশ্ব ইজতেমা, ভর্তি পরীক্ষা, বিভিন্ন উৎসব কিংবা বড় রাজনৈতিক সমাবেশের সময় ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের চিত্র বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। আসনসংকটের কারণে অনেক যাত্রী ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করছেন, যা একদিকে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে, অন্যদিকে ট্রেনের ইঞ্জিন এবং কোচের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া ঈদযাত্রায় রেলপথে অন্তত ৩১টি দুর্ঘটনা ঘটেছে এবং এতে প্রাণ হারিয়েছেন ২৩ জন। সংশ্লিষ্টদের ধারণা, এসব দুর্ঘটনার উল্লেখযোগ্য অংশই ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত। একই সময় রেলওয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, ট্রেনের ছাদে যাত্রী বহনের কারণে যান্ত্রিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ছে এবং সেবার মান বাধাগ্রস্ত হচ্ছে।

বুধবার বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ প্রকাশিত ‘ইনফরমেশন বুক’ অনুযায়ী, যাত্রী পরিবহনের জন্য মোট ২ হাজার ৬৪২টি কোচ রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫২টি ব্রড গেজ এবং ১ হাজার ৪৯০টি মিটার গেজ লাইনের জন্য নির্ধারিত। তবে সব কোচ সচল নয়। ব্রড গেজ লাইনের মোট ৫৬১টি যাত্রীবাহী বগির মধ্যে ১৬২টি এখন অকেজো বা মেরামতের অপেক্ষায় রয়েছে। ফলে সচল রয়েছে ৩৯৯টি বগি, যা মোট বগির ৭১ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে মিটার গেজ লাইনের মোট ১ হাজার ২৪৩টি বগির মধ্যে ২৪২টি অকেজো থাকলেও ১ হাজার ১টি বগি ব্যবহারের উপযোগী হয়ে আছে। এক্ষেত্রে প্রাপ্যতার হার ৮০ দশমিক ৫৩ শতাংশ।

আরও পড়ুন: ফরিদপুরে নিখোঁজ সামিউলের লাশ খুঁজতে মেঝে খুঁড়ে মিলল না কিছুই

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, সীমিতসংখ্যক সচল বগি দিয়েই প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী পরিবহন করতে হয়। ঈদের মতো উৎসবের সময় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তখন অনেক ট্রেনে ধারণক্ষমতার দুই-তিন গুণ বেশি যাত্রী ওঠেন। শুধু বগির ভেতর নয়, ছাদেও অবস্থান নেয় শত শত মানুষ।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দীন গণমাধ্যমকে বলেন, রেলওয়ের বগিগুলো নির্দিষ্ট ওজন বহনের জন্য নকশা করা হয়েছে। কিন্তু ঈদের সময় যখন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ওঠেন, তখন ট্রেনের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত ওজনের কারণে ট্রেনের গতি কমিয়ে চালাতে হয়।

তিনি বলেন, ‘‌অতিরিক্ত চাপের ফলে বগির স্প্রিংগুলো পুরোপুরি বসে যায় এবং বিভিন্ন সেফটি আইটেম ক্ষতিগ্রস্ত হয়। ঈদের পর প্রতিটি বগি নতুন করে পরীক্ষা করতে হয়। এতে ট্রেনের আয়ু সরাসরি কমে না গেলেও রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অনেক ক্ষেত্রে যে মেরামত দুই মাস পর করার কথা, সেটি ১৫ দিনের মধ্যে করতেই হয়। ফলে নির্ধারিত রক্ষণাবেক্ষণ সূচি ব্যাহত হয়।’

রেলওয়ে কর্মকর্তাদের মতে, পরিবহন, বাণিজ্যিক ও আইন-শৃঙ্খলা বিভাগ যৌথভাবে কাজ করলেও উৎসবমুখর সময়ে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে ট্রেনের নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং যান্ত্রিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, পুলিশ বলছে শ্বাসরোধে হত্যা

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ট্রেনের ছাদে ভ্রমণ শুধু বেআইনি নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণও। ট্রেন কোনো বাঁক বা মোড় অতিক্রম করার সময় কেন্দ্রবিমুখী বলের কারণে ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে পারেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের গতি কমিয়ে ট্রেন চালাতে হয়।

তিনি আরো বলেন, অতিরিক্ত যাত্রীর ওজনের কারণে বিশেষ করে মিটার গেজ ট্রেনের সাসপেনশন স্প্রিংগুলো পুরোপুরি বসে যায়। তখন বগির বডি বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে ঘর্ষণে জড়িয়ে পড়ে। এতে যান্ত্রিক ক্ষতি হয় এবং অনেক সময় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভেঙে যায়। ফলে সংশ্লিষ্ট বগিগুলো দ্রুত ওয়ার্কশপে পাঠাতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে শুধু আইন প্রয়োগ নয়, যাত্রী চাহিদার অনুযায়ী কোচ ও ট্রেনের সংখ্যা বাড়ানোও অত্যন্ত জরুরি। অন্যথায় প্রতি উৎসব মৌসুমেই একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি থাকবে, অন্যদিকে রেলওয়ের মূল্যবান রোলিং স্টকের ওপর বাড়তি চাপ পড়বে এবং সেবার মান আরো ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হাদিউজ্জামান এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, রেলওয়ের বর্তমান সংকটের মূল কারণ হলো যাত্রী চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান। ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে এ ব্যবধান আরো প্রকট হয়ে যায়। ঢাকায় কর্মসংস্থান এবং জীবিকার কারণে উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ এখানে বসবাস করে। ঈদের ছুটিতে এদের বড় অংশ একসঙ্গে বাড়ি ফেরার জন্য এ রুটে অতিরিক্ত চাপ তৈরি হয়। তাই এ রুটে অতিরিক্ত ট্রেন, কোচ এবং লোকোমোটিভ সংযোজনের মাধ্যমে পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

আরও পড়ুন: গ্রামপুলিশ মোক্তার আলীকে ফুলে সাজানো রিকশায় রাজকীয় বিদায়

দীর্ঘমেয়াদে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য রেলওয়ের নিজস্ব কোচ এবং লোকোমোটিভ বহর সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করে তিনি আরো বলেন, নতুন সরকারের উচিত আগামী বাজেটে রেল পরিচালনা খাতে বিনিয়োগ বাড়িয়ে এসব সরঞ্জাম সংগ্রহকে অগ্রাধিকার দেয়া। তবে নতুন কোচ এবং লোকোমোটিভ সংগ্রহ এবং বহর সম্প্রসারণে সময় লাগবে। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উৎসব মৌসুমে প্রতিবেশী দেশ থেকে ব্রড গেজ কোচ বা লোকোমোটিভ ভাড়া বা লিজ নেয়ার উদ্যোগ বিবেচনা করা যেতে পারে। এতে ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেয়া সহজ হবে এবং ঝুঁকিপূর্ণ ভ্রমণও কমানো সম্ভব হবে।

সূত্র : বণিক বার্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে আপিলের শুনানি আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের ওই রায় স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে বেঞ্চ এই আদেশ প্রদান করেছে।

এদিন সকালে সুপ্রিম কোর্টের জন্য আলাদা স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে তিন মাসের মধ্যে আপিল শুনানি শুরু হয়।

এর আগে, গত ২১ মে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। এই রায়টি বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ২ সেপ্টেম্বর প্রদর্শন করেছিলেন।

২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী একটি রিট দায়ের করেন, যেখানে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সঙ্গে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়। পরে ওই রিটের ভিত্তিতে একই বছরের ২৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ১, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ১, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সজীব নামে এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন।

এ দুর্ঘটনায় সজীবের সহকারী জিহাদসহ আরও তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছিল।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তার সহকারী জিহাদ। কিন্তু ৯ মাইল এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই সজীব প্রাণ হারান। আহত হন তার সহকারী জিহাদ, অপর ট্রাকের চালক ও সহকারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহত সজীবের মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে গর্জে উঠল সন্দ্বীপ-সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:০২ পি.এম


মাদকের বিরুদ্ধে গর্জে উঠল সন্দ্বীপ-সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ

সন্দ্বীপভিত্তিক ৩৩টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেছে। এ কর্মসূচি সোমবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিটি সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত হয়েছে, যেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি এনাম নাহার গোলচত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবি ব্যাংকের সামনে ঘুরে সন্দ্বীপ থানা গেটে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন স্লোগান প্রদর্শন করেছেন।

র‍্যালি শেষে এনাম নাহার মোড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময়, প্রায় ৭ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এনাম নাহার মোড় ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আসিফ আখতার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান নওশাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক নজরুল নাইম, অর্থ সম্পাদক আমিন রসুল রিয়াদসহ পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, মাদক শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

তারা আরও বলেন, সামাজিক সংগঠনগুলো যদি একযোগে কাজ করে, তাহলে সমাজের নানা সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে মাদকমুক্ত, সবুজ ও মানবিক সন্দ্বীপ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেলিকপ্টারটির পাইলটরা নিরাপদ আছে।

ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কেউ আহত হয়নি’ (হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায়)।

এ ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবারের (৯ জুন) মধ্যেই প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

তবে হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এই বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত অবরোধ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে আসছে।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা। একই সময়ে ইরান দাবি করেছে, তারা ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।

সাধারণত টহল ও নজরদারি মিশনে ব্যবহৃত হলেও, সম্প্রতি অ্যাপাচি হেলিকপ্টারগুলো আরও গভীর এলাকায় অভিযান চালাচ্ছে, যা সেন্টকমের আরও আক্রমণাত্মক অবস্থান প্রদর্শনের প্রচেষ্টার অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে সেন্টকম রোববার এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে মার্কিন বাহিনী ইরানের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%