০৯:০৭ পি.এম
নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং করে প্রতারণার সঙ্গে জড়িত সদস্যদের গোয়ালঘরে পর্যন্ত এসি; অথচ তাদের কোনো নির্দিষ্ট কর্ম নেই। এমনই একটি চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
লালপুর থানা পুলিশ জানায়, ২৫ আগস্ট ভোররাতে (৩টা ২৫ মিনিটে) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া এলাকায় সাগর আহম্মেদের বাড়ির উত্তর পাশের একটি টিনশেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মো. মাহফুজ হোসেন (২১)। তারা সবাই লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ব্যবহৃত ঘরটি বাইরে থেকে সাধারণ গোয়ালঘরের মতো হলেও ভেতরে আধুনিক সুযোগ-সুবিধা ছিল। এমনকি ঘরের ভেতরে এসি লাগানো ছিল, যা দিয়ে তারা দীর্ঘ সময় ধরে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালাত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
থানার রেকর্ড যাচাই করে জানা গেছে, প্রধান আসামি বাবুল আহম্মেদের বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ হ্যাকার চক্রকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসছিল। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন