ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান মানিকগঞ্জের ডিসির


নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান মানিকগঞ্জের ডিসির

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত কাজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব বিষয় আলোচনা করা হয়। ‘নিরাপদ সড়ক সবার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল যৌথভাবে সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশল) মাহবুব কামাল, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নুর অতএব আহমেদ, গোলড়া হাইওয়ে থানার প্রতিনিধি দেওয়ান কউসিক আহমেদ, বিআরটিসি উথুলী প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক ইবাদুল ইসলাম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং শ্রমিক নেতা আবুল বাসার।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

আলোচনা সভায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পাশাপাশি পথচারীদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, চালক এবং পথচারীসহ সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

এর আগে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি রোডশোর আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: জীববৈচিত্র্য রক্ষায় প্রযুক্তি হস্তান্তর চায় বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি-টেন্ডারবাজি করা যাবে না: আব্দুল্লাহ আল জাবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি-টেন্ডারবাজি করা যাবে না: আব্দুল্লাহ আল জাবের

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সুবিধাজনক অবস্থানে আসা রাজনৈতিক দলগুলো জুলাইয়ের চেতনাকে অবহেলা করছে, এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি উল্লেখ করেন, ‘জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করা যাবে না; এ কারণেই জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখাটা তাদের জন্য একধরনের হুমকি।’

মঙ্গলবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান নিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ‘১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা প্রভাব বিস্তার করছে, তারাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলার জায়গায় ঠেলে দিয়েছে।’

এ সময় তিনি জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ঢাকা থেকে কুমিল্লা রেললাইন নির্মাণের জন্য সরকারের ৮৪ হাজার কোটি টাকা বরাদ্দের সুযোগ থাকে, কিন্তু জুলাইয়ের চেতনা ও শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে নাকি অর্থ নেই! কারণ, ৮৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্প হলে আমলাদের বেগমপাড়ায় বাড়ি কেনার কিংবা স্বজনদের বিদেশে পড়াশোনা করানোর সুযোগ তৈরি হয়। কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখলে তো আর টেন্ডারবাজি-চাঁদাবাজি করা যাবে না।’

গণঅভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, "যখন সাধারণ মানুষ রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করছিল, তখন একশ্রেণির রাজনৈতিক নেতা সচিবালয় ও দূতাবাসে বসে পরবর্তী নির্বাচনে কে কোন মন্ত্রণালয় পাবে, তা নিয়ে দর-কষাকষিতে ব্যস্ত ছিলেন।"

শহীদ ওসমান হাদির স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘৩২ বছরের যুবক ওসমান হাদি বলে গেছেন—জুলাইয়ের রক্ত ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, এটি আগামী বাংলাদেশ বিনির্মাণের শপথ। তিনি যে লড়াইয়ের মশাল মানুষের মনে জ্বালিয়ে দিয়ে গেছেন, তা আর নেভানো সম্ভব নয়। সর্বাত্মক প্রতিকূলতার মধ্যেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাবে।’

বক্তব্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং জুলাই গণহত্যার বিচার ও 'জুলাই সনদ' বাস্তবায়নে দলগুলোর দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন।

এ ছাড়া শাকিল ইসলাম হত্যার বিচার দাবি করে জাবের ঘোষণা দেন, ইনকিলাব মঞ্চ এ হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনে গণ-অর্থায়নের মাধ্যমে ৪০ লাখ টাকা সহায়তা দেবে।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ৩১ দিনব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না করে জনগণের সমস্যার সমাধানে মনোনিবেশ করতে। তিনি মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, যখন সরকার দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে নিয়ে কাজ করছে, তখন একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি তারা সত্যিকার অর্থে দেশের জনগণের অধিকার রক্ষা করতে চান, তবে তাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে জনগণের বাস্তব সমস্যার সমাধানে কাজ করা উচিত।

আমিনুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি প্রায় ৪৫ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

এবারের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন।

এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ ও ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যার সমাধানেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

রাজশাহীর পবা-মোহনপুর আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি মাদকের চেয়ে দুর্নীতিকে সমাজের বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে সততার সঙ্গে কাজ করার মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আহŸান জানান।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তান কর্তৃক মা-বাবাকে হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন একটি ঘটনা ঘটেছে। তিনি জানান, গত সংসদ অধিবেশনে এ বিষয়ে একটি কঠোর আইন পাস করা হয়েছে। নতুন আইনে অপরাধীরা যেন সহজে জামিন না পায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার বিধান রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বর্তমানে অনেকটা অসহায় অবস্থায় রয়েছে এবং ইতোমধ্যে দু'বার তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। তবে শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ও মানসিকতারও পরিবর্তন করতে হবে। পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের মানসিকভাবে পরিবর্তন এনে দেশসেবায় আত্মনিয়োগ করার আহŸান জানান।

সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে তিনি বলেন, তারা চোরাই পথে দেশত্যাগ করেনি, বরং সরকারিভাবেই চার্টার্ড বিমানে করে সদিচ্ছায় দেশ ছেড়েছে। এ বিষয়ে ফেসবুকে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

ফসলি জমিতে পুকুর খননের তীব্র বিরোধিতা করে এমপি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। যেসব জমিতে ইতোমধ্যে পুকুর কাটা হয়েছে, আইনের মাধ্যমে সেগুলোর শ্রেণি পরিবর্তনের নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে জানিয়ে তিনি বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপর জোর দেন। এ সময় তিনি উল্লেখ করেন, পুকুর খননকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা সভার পর একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। পরে এমপি মিলন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে এমপি বলেন, ফ্যামিলি কার্ড তৈরি একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে পারে, অনেকেই হয়তো সহযোগিতা করতে চাইবেন না কিংবা অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করতে পারেন। তাই ভোটার আইডি কার্ড দেখে সব তথ্য নিখুঁতভাবে লিপিবদ্ধ করার জন্য তিনি তথ্যসংগ্রহকারীদের নির্দেশ দেন। এসময় তিনি মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের মাঝে সরকারি ট্যাব বিতরণ করেন।

অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, অতিরিক্ত কৃষি অফিসার মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম এবং সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আঞ্জু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্স ও ডিজিটাল সেবা বৃদ্ধিতে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


রেমিট্যান্স ও ডিজিটাল সেবা বৃদ্ধিতে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ, ওয়ান ব্যাংক পিএলসি-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সম্পন্ন করেছে, যা গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনের সেবার পরিধি বৃদ্ধি করবে।

চুক্তিটি রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া এবং ওয়ান ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম।

নগদ আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের নগদ ওয়ালেটে পৌঁছাতে সক্ষম হবে। বিদেশে অবস্থানরত প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন মুহূর্তের মধ্যে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

এছাড়া, ভবিষ্যতে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা এবং যেকোনো ঋণ ও মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করার সম্ভাব্যতাও যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া মন্তব্য করেন, "ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকদের কাছে নগদ ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিধি আরও বাড়বে। বিশেষ করে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়ার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেকোনো সময় এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।" তিনি আরও উল্লেখ করেন, "আমরা আশা করি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা যুক্ত হলে গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে।"

ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম জানান, "সারাদেশে নগদের বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে যেসব প্রত্যন্ত এলাকায় ব্যাংকের ব্র্যাঞ্চ খোলা সম্ভব হয় না, সেসব এলাকায়ও নগদের মাধ্যমে রেমিট্যান্স বিতরণের পাশাপাশি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা।" তিনি আরও বলেন, "নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আমরা নিত্যনতুন সেবা চালু করতে চাই।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদের রেমিট্যান্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান এবং পাইক ইকবাল হোসেন। ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফর, পাবলিক সেক্টর ডিভিশনের ইভিপি এ কে এম সালাহ উদ্দিন খান, আন্তর্জাতিক বিভাগের ইন-চার্জ চৌধুরী মাকসুদুল হক, পাবলিক সেক্টর ডিভিশনের ভিপি আসমা নূরজাহান, রেমিট্যান্স বিভাগের ইন-চার্জ এ কে এম আবদুল্লাহ আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%