০২:০৪ পি.এম
শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে জেলেরা সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। এ হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে ৩৬ জন জেলেকে গ্রেপ্তার করেছে। অভিযানে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, নদীতে অভিযান চলাকালীন জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা এবং উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে প্রায় শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও অভিযানে থাকা কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
আরও পড়ুন: ১৬ ঘণ্টা পর উদ্ধার হলো কর্ণফুলী ট্রেনের ৪ বগি
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে অভিযান জোরদার করলে হামলাকারী জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে ৩৬ জন জেলেকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারী জেলেদের একটি অংশ কিছু সময়ের জন্য উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিল, পরে যৌথ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, "আমরা পদ্মা নদীতে অবস্থান করে ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।"
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, "পালেরচর এলাকায় অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেপ্তারের ভয়ে ইটপাটকেল ছুড়েছিল। পরে অভিযান জোরদার করা হলে তারা পালিয়ে যায়। এ সময় আমরা ৩৬ জন জেলেকে আটক করি।"
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, "আসলে বিষয়টিকে সরাসরি আমার ওপর ব্যক্তিগত হামলা হিসেবে দেখছি না। মূলত সরকারি অভিযান প্রতিহত করতেই তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।"
আরও পড়ুন: শিবালয়ে সেলফি বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, ৩ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন