ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২


মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের অভ্যন্তরে একটি কম্প্রেসার বিস্ফোরণের ফলে সোহেল রানা (৪০) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার পুত্র। আহতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে সামিউল হক (২৫) এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে সামছুল ইসলাম (২২)।

আরও পড়ুন: রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে কাজ করার সময় হঠাৎ করে কম্প্রেসার বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে সোহেল রানা, সামিউল হক এবং সামছুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের জন্য উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিমের কাছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাতের স্বাক্ষরিত স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, আধুনিক, পরিবেশবান্ধব এবং টেকসই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় কমানোর সুযোগ রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক ভবন এবং অন্যান্য উপযুক্ত স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের আহ্বান জানানো হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপিতে কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে একটি সমন্বিত ‘সোলার পাওয়ার মাস্টার প্ল্যান’ প্রণয়ন, আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা যাচাই এবং সরকারি বরাদ্দ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের মাধ্যমে অর্থায়নের সুযোগ অনুসন্ধানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান, প্রকৌশল, পরিবেশ ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে কাজে লাগানোর প্রস্তাব, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত মন্তব্য করেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়েছি।" তিনি আরও বলেন, "এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সমন্বিত সৌরবিদ্যুৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিদেশে আরামের পরিবর্তে দেশে ১০ বছরের কারাবাসকেই তিনি বেছে নেবেন যদি দোষী প্রমাণিত হন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তায় এ মন্তব্য করেন।

ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, "যদি কেউ আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে; আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।"

তিনি আরও উল্লেখ করেন, "এখানে যে কথাগুলো বলা হয়েছে যে- চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এক টাকাও যদি দেশের বাহিরে কোথাও পাওয়া যায় তাহলে আমি ওই দিনই রাজনীতি ছেড়ে দেবো। আপনারা জাস্ট প্রমাণ করে দেখান যে এক টাকা আসিফ মাহমুদ দেশের বাহিরে কোথাও বিনিয়োগ করেছে বা একটা ধূলিকণাও সে দেশের বাহিরে কিনেছে।"

তার দাবি, "আমার মাইন্ডসেটটা ওয়ার্ক করে। যদি কেউ আমাকে বলে যে- তুমি ১০ বছর জেল খাটবা নাকি দেশের বাহিরে চলে গিয়ে আরামে জীবনযাপন করবা?" সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, "আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাটাকেই চুজ করবো। কারণ আমার ন্যাশনালিজমের পাওয়ারটা এতটা স্ট্রং।"

তিনি বলেন, "কিন্তু ন্যারেটিভ উৎপাদনের জন্য তো কোনো প্রমাণ লাগে না। উনারা এটাই করতে চাচ্ছেন এবং উনারা এটাই করছেন।"

আসিফ মাহমুদ আরও বলেন, "সে জন্য আমার আহ্বান থাকবে যে- আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং একটু ক্রিটিকাল মাইন্ড সেটে দেখবেন। কারণ যাদের হাতে ক্ষমতা তাদেরকে কখনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করার কোনো সুযোগ নেই। দুঃখজনকভাবে আমাদের মিডিয়াকেও ক্রিটিকালি না দেখে আর উপায় নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন আইনে মামলা তদন্তে এপিবিএন, রোহিঙ্গা এলাকায় মাদক-অস্ত্রে বিশেষ নজর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


নতুন আইনে মামলা তদন্তে এপিবিএন, রোহিঙ্গা এলাকায় মাদক-অস্ত্রে বিশেষ নজর

নতুন আইনের অধীনে মামলা তদন্তের ক্ষমতা অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে, বাহিনীটি সব ধরনের মামলার তদন্ত করবে না। এপিবিএন শুধুমাত্র সেই মামলাগুলো তদন্ত করবে, যেগুলো সরকার, আদালত বা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে তাদের কাছে ন্যস্ত করা হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং পার্বত্য অঞ্চলে যেসব অপরাধের তদন্তে জেলা পুলিশের সীমাবদ্ধতা রয়েছে, সেসব মামলার জন্য এপিবিএনকে কাজে লাগানো হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন এপিবিএনের ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান।

ডিআইজি শাহজাহান জানান, নতুন আইনে এপিবিএনের জন্য তদন্ত পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। যদিও সশস্ত্র বাহিনী হিসেবে তাদের অবস্থান রয়েছে, তবুও এপিবিএন সব মামলার তদন্ত করবে না। সরকার, আদালত বা আইজিপি যেসব মামলা এপিবিএনের কাছে ন্যস্ত করবেন, কেবল সেগুলোরই তদন্ত করা হবে।

তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা জনগণের আগমনের পর ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। দূর-দূরান্তের এসব এলাকায় গিয়ে অপরাধের তদন্ত করা জেলা পুলিশের জন্য অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। এ কারণে সরকারের অনুমতি নিয়ে এপিবিএনের নিরস্ত্র সাব-ইনস্পেক্টরদের ক্যাম্প এলাকায় তদন্তের কাজে যুক্ত করা হয়েছিল। নতুন আইনে এ কার্যক্রমের আইনগত ভিত্তি আরও স্পষ্ট হয়েছে।

নতুন আইনে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য আলাদা সেল গঠনের সুযোগ রাখা হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ও অপরাধ দমনে এপিবিএনের দায়িত্বও আইনে স্পষ্ট করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে ডিআইজি শাহজাহান বলেন, বর্তমানে প্রায় ১৮ লাখ মানুষের নিরাপত্তায় এপিবিএনের সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ২০০ জন। এত বড় জনগণের তুলনায় জনবলের এই অনুপাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাহিনীটি। ক্যাম্প এলাকায় জনবল বাড়ানোর পাশাপাশি নতুন একটি ব্যাটালিয়ন স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

ক্যাম্প এলাকায় কোন ধরনের অপরাধকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মাদক, অস্ত্র, অপহরণ, নারী নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণেও কাজ করছে এপিবিএন।

রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ ঠেকানোর প্রসঙ্গে তিনি জানান, এপিবিএনের মূল দায়িত্ব ক্যাম্পের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করা। সমুদ্রসীমায় কোস্টগার্ড এবং সীমান্তে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো দায়িত্ব পালন করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও পুলিশের এখতিয়ার প্রসঙ্গেও কথা বলেন এপিবিএনের কর্মকর্তারা। ডিআইজি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের অংশ হিসেবে বিমানবন্দরও পুলিশের এখতিয়ারের মধ্যে রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও অপরাধ দমনের বিষয় দুটি আলাদাভাবে দেখতে হবে। অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বেসামরিক নিরাপত্তা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।

বিমানবন্দরের কোনো অংশ পুলিশের এখতিয়ারের বাইরে নয় উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরে বিভিন্ন সংস্থা নিজ নিজ দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী তাদের মধ্যে সমন্বয় থাকবে।

বিমানবন্দরে সংঘটিত কোনো অপরাধের তদন্ত এপিবিএন করতে পারবে কি না জানতে চাইলে মোহাম্মদ শাহজাহান বলেন, নতুন আইনে এতে কোনো বাধা নেই। যদি এপিবিএন মনে করে যে, কোনো অপরাধের তদন্ত তারা করতে পারে, তাহলে আইন অনুযায়ী তা করতে পারবে।

তিনি আরও জানান, বিমানবন্দরের এপ্রন, আউটারসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকবে। আইনে যে দায়িত্ব নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী প্রত্যেক সংস্থা কাজ করবে। তাদের সঙ্গে এপিবিএনের কোনো বিরোধ নেই।

মতবিনিময় সভায় এপিবিএনের গত আগস্ট মাসের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের তথ্যও তুলে ধরেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, প্রযুক্তির সহায়তায় ৭৮৪টি হারানো মোবাইল ফোন, তিনটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হোয়াটসঅ্যাপ, দুটি ই-মেইল ও একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। ৯৯৯-এর মাধ্যমে সহায়তা পেয়েছেন ৫৭২ জন। বিকাশ ও নগদ প্রতারণার ৭ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ৬৫২টি ইয়াবা, ৩ দশমিক ৪৯ কেজি গাঁজা, ৪৩ দশমিক ৭৫ লিটার মদ, ৩৮৭ কার্টন সিগারেট ও ২০৯টি ভেপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে এবং ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চোরাচালানবিরোধী অভিযানে ৪ হাজার ৯২৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৯ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৩৮৫ টাকা। এ ঘটনায় ১৭টি মামলা করা হয়েছে এবং ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রা ও ২ লাখ ৬৪ হাজার ৯৭৬ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

ট্রাফিক ব্যবস্থাপনায় ৪৮৩টি মামলায় ১৪ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন আইনগত ব্যবস্থা ও অভিযানে আরও কয়েকশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযানের তথ্য তুলে ধরে ডিআইজি বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৩টি যানবাহন আটক করে শাহপরীর দ্বীপ হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। বিক্রয় নিষিদ্ধ রেশন সামগ্রী উদ্ধারের ঘটনায় একটি মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ক্যাম্প এলাকা থেকে বিভিন্ন চোরাচালানি ও অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

এ সময়ে তিনটি নিখোঁজ শিশু ও ১৯ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আগস্ট মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএন মিলে মোট ৪৩টি জিআর ও সিআর মামলা করেছে।

নতুন আইনে এপিবিএনের দায়িত্বের পরিধি প্রসঙ্গে ডিআইজি বলেন, শান্তিকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য ইউনিটকে সহযোগিতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধকালীন সময়ে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন হিসেবে কাজ করার সক্ষমতাও এপিবিএনের মৌলিক বৈশিষ্ট্যের অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে মহাসড়কে গুলি চালানোর পিস্তল উদ্ধার, হামিদুল গাজী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ফরিদপুরে মহাসড়কে গুলি চালানোর পিস্তল উদ্ধার, হামিদুল গাজী গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবারটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে প্রধান আসামি মো. হামিদুল গাজী (৪২) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের (ভাঙ্গা হাইওয়ে থানা সংলগ্ন) ওপর হামিদুল গাজী একটি খয়েরি রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭) থামান। গাড়িতে তাঁর সঙ্গে শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬) নামে এক নারী আরোহী ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে এক পথচারীর সঙ্গে তর্কাতর্কির জেরে হামিদুল গাজী গাড়িতে বসেই নিজ রিভলবার দিয়ে ওই পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। পরবর্তীতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি নজরে আসার পর ভাঙ্গা থানা পুলিশ অনুসন্ধানে নামে। অনুসন্ধানে আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার মন্ডল বাদী হয়ে অস্ত্র আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০৬) দায়ের করেন।

পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১-এর সহায়তায় ঢাকার বনানী এলাকা থেকে মামলার মূল আসামি হামিদুল গাজীকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা নারী আরোহী শিমু আক্তার তিশাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় এবং ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত হামিদুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে হামিদুল স্বীকার করেন যে, তিনি পিস্তলটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তাঁর নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রেখেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করে।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, ঘটনার মূল রহস্য উদঘাটন ও আইনগত কার্যক্রম সম্পন্ন করতে মামলার তদন্ত কাজ এখনও চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%