১১:০২ এম
নীলফামারীর সৈয়দপুরের শহীদ স্মৃতিসৌধ এলাকা দীর্ঘদিনের অযত্ন ও অবহেলার কারণে আগাছায় ভরে গেছে। শহীদদের শ্রদ্ধার প্রতীক হিসেবে পরিচিত এই স্মৃতিসৌধ বর্তমানে অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিমানবন্দর সড়কের ডাকবাংলোর সামনে অবস্থিত এই স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা প্রশাসনের উপর থাকলেও, দীর্ঘদিন পরিষ্কার না করায় সেখানে মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। স্থানীয়দের মধ্যে কার্যকর পদক্ষেপের অভাবে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি এখন মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। অথচ প্রতিবছর রক্ষণাবেক্ষণের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধ চত্বরজুড়ে আগাছা ও ঝোপঝাড়ে ভরে গেছে। দীর্ঘদিনের অযত্নে সৌন্দর্য হারিয়েছে পুরো এলাকা। স্মৃতিসৌধের অভ্যন্তরে থাকা একটি পরিত্যক্ত অফিস কক্ষকে অপরাধীরা মাদক সেবন, বিক্রি ও অসামাজিক কার্যকলাপের আড্ডাখানা হিসেবে ব্যবহার করছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রবাসী তরুণ নিহত, আহত একজন
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক ওমর ফারুক জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই স্মৃতিসৌধ এলাকায় মাদকাসক্তদের আনাগোনা শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য আতঙ্কের স্থান হয়ে ওঠে এবং মানুষ নিরাপত্তাহীনতায় এই বিমানবন্দর সড়ক দিয়ে চলাচল করে। মাদকসেবীদের কারণে বৈদ্যুতিক তার চুরির ঘটনাও বেড়েছে। চুরি করা সেই তার স্মৃতিসৌধের ভেতরে আগুনে পুড়িয়ে তামা আলাদা করে ভাঙারির দোকানে বিক্রি করা হয়। স্মৃতিসৌধের বাউন্ডারি ওয়ালের লোহার গ্রিল কেটে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাটির মর্যাদা ও সৌন্দর্য চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।
ডাকবাংলো এলাকাটি সৈয়দপুর শহরের অন্যতম শিক্ষা ও কোচিং জোন হওয়ায় বিষয়টি নিয়ে অভিভাবকদের উদ্বেগ আরও বেড়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে চলাচল করে। অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, কোচিং সেন্টারের সামনে ও স্মৃতিস্তম্ভের ভেতরে মাদকসেবীদের প্রকাশ্য বিচরণ তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। তাঁরা দ্রুত স্মৃতিসৌধটি আগাছামুক্ত ও সুরক্ষিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা জানান, স্মৃতিসৌধটি আগাছামুক্ত করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে চলতি নভেম্বরের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, এর পরেও যদি সেখানে কোনো মাদকসেবী ও ভবঘুরেকে পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা জোরদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন