ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও ভাইরাল সিউলের স্কার্ফ ম্যান


নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও ভাইরাল সিউলের স্কার্ফ ম্যান

দোকানে এসে পণ্য কেনার ব্যাপারে ক্রেতাদের নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যকে ভালো বলার পরিবর্তে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। ক্রেতাদের কেনাকাটার অভ্যাস নিয়েও ঠাট্টা করেন। তবে তার দোকানের সামনে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক অদ্ভুত বিক্রেতার চারপাশে এমন উন্মাদনা সৃষ্টি হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিউলের নামদেমুন বাজারের এই বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কার্ফ ম্যান’ নামে পরিচিতি পেয়েছেন। তার অদ্ভুত বিক্রির কৌশল বর্তমানে ভাইরাল হয়ে উঠেছে। পণ্য কেনার জন্য ক্রেতাদের উৎসাহিত করার বদলে তিনি তাদের নিরুৎসাহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ক্রেতাদের বলতে শোনা যায়, “আপনারা কি এখানে এসেছেন এটা না জেনেই যে আমরা শুধু বাজে জিনিস বিক্রি করি? আপনারা কি কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?”

আরও পড়ুন: তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘মি টাইম’

তিনি কখনো ক্রেতাদের আবদারে বিরক্তি প্রকাশ করেন, কখনো তাদের কেনাকাটা নিয়ে মজা করেন। আবার কখনো বলেন, ব্যবসা ছেড়ে দেওয়াই তার জন্য ভালো হবে। তার এমন কথাবার্তা শুনেই মূলত ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন।

স্কার্ফের দামও খুব বেশি নয়। ১০ হাজার দক্ষিণ কোরীয় ওন বা প্রায় ৭ ডলারে ছয়টি স্কার্ফ পাওয়া যায়। তবে ক্রেতাদের কাছে পণ্যের চেয়ে বিক্রেতার সঙ্গে দেখা করাই বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারে কয়েকশ দোকান ও ছোট ছোট পসরা রয়েছে। পোশাক, জুতা, ব্যাগ, গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকানে সব সময় ক্রেতাদের আনাগোনা থাকে। তবে সম্প্রতি এই বাজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন স্কার্ফ ম্যান।

ক্রেতাদের সঙ্গে তার মজার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ইউটিউবেও বাড়ছে দর্শক।

আরও পড়ুন: চাঁদ প্রতি বছর ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে

অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি নিজের পণ্যের জন্য একটি অনলাইন দোকানও চালু করেছেন। সেখানে প্রথম দফার স্কার্ফ বিক্রির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সব পণ্য শেষ হয়ে যায়। অতিরিক্ত অর্ডার আসায় পরে ক্রেতাদের অর্ডার বাতিল করার অনুরোধও জানান তিনি।

তবে অনলাইনে পণ্য কেনার চেয়ে অনেকের কাছে সরাসরি তার দোকানে গিয়ে দেখা করাই বেশি আকর্ষণীয়। দূরদূরান্ত থেকে এসেও অনেকে তাকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন। এমনকি দোকান বন্ধ করে তার চলে যাওয়ার দৃশ্য দেখতেও ভিড় করছেন পর্যটকেরা।

সিউলের অন্য প্রান্ত থেকে দোকানটিতে এসেছিলেন আহন হিও-সান। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার স্কার্ফ ম্যানের ভিডিও দেখে তার সঙ্গে দেখা করার আগ্রহ তৈরি হয়েছিল। তবে দোকানে পৌঁছানোর আগেই তাকে মিস করেন তিনি।

আহন বলেন, কিছুক্ষণ আগে তার কণ্ঠ শুনেছিলেন। তাই তিনি ভেবেছিলেন, হয়তো দোকানেই আছেন। তাকে দেখতে না পেয়ে হতাশ হয়েছেন।

আরও পড়ুন: কেন বাড়ছে অসহিষ্ণুতা, বেরিয়ে আসার উপায় কী?

তার মতে, এই বিক্রেতার হাস্যরসাত্মক কথাবার্তা মানুষের মন ভালো করে দেয়। অনেকটা মজার দাদির মতো তার কথার ভঙ্গি।

ইনচন শহর থেকে প্রায় দেড় ঘণ্টা পথ পাড়ি দিয়ে এসেছিলেন আরেক ক্রেতা চো ইউন-সুক। এর আগেও দেরিতে পৌঁছানোর কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, প্রয়োজনে পরদিন আবার আসবেন। এত দূর থেকে যখন এসেছেন, অন্তত একবার তার সঙ্গে দেখা করতেই হবে।

চো জানান, স্কার্ফ কেনার প্রতি তার বিশেষ আগ্রহ নেই। বরং স্কার্ফ ম্যানের সঙ্গে দেখা করতেই তিনি এসেছেন। তার কথাবার্তার মধ্যে একধরনের মায়া রয়েছে।

আরও পড়ুন: শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের কার্যকারিতা সম্পর্কে জানুন

এত জনপ্রিয়তা সত্ত্বেও স্কার্ফ ম্যানের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। এমনকি তার প্রকৃত নামও প্রকাশ্যে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ সম্প্রচারে তিনি জানিয়েছেন, স্ত্রী ও সন্তান রয়েছে তার। বহু বছর ধরে নামদেমুন বাজারে বিভিন্ন পণ্য বিক্রি করছেন। এর বাইরে তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

কখন দোকান খোলা থাকবে, সেটিও ক্রেতাদের কাছে একধরনের রহস্য। টানা তিন দিন দোকানটিতে যাওয়ার পরও সংবাদমাধ্যম সিএনএন শেষ দিনে অল্প সময়ের জন্য তাকে দেখতে পায়। সেদিন দোকান বন্ধ করে বের হওয়ার সময় উপস্থিত লোকজন ক্যামেরা হাতে তাকে ঘিরে ধরেন। তিনি একবার ফিরে মুচকি হাসতেই উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন। তবে স্কার্ফ ম্যান যেন এর উল্টো পথে হাঁটছেন। সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের অনুরোধও প্রত্যাখ্যান করেছেন তিনি।

আরও পড়ুন: প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে চীনা যুবক, গোয়ালন্দের তরুণীকে বিয়ে

নিজের পণ্য কিনতে মানুষকে নিষেধ করেই এক অদ্ভুত জনপ্রিয়তা অর্জন করেছেন এই বিক্রেতা। তবে দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি বলছে, তার নিষেধাজ্ঞায় কান দিচ্ছেন না কেউই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএস সম্মেলনে একক গবেষণায় জায়গা করে নিলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


বিসিএস সম্মেলনে একক গবেষণায় জায়গা করে নিলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের শিক্ষার্থী আফিফা বুশরা, কোনো সুপারভাইজারের সরাসরি সহযোগিতা ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে তাঁর কাজ উপস্থাপনের সুযোগ লাভ করেছেন। সম্মেলনটি শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে তিনি তাঁর গবেষণার বিষয়বস্তু তুলে ধরেন।

আফিফার গবেষণার অ্যাবস্ট্রাক্ট নম্বর ছিল ‘পিপি১৫৮’ (PP158)। গবেষণার শিরোনাম ছিল-‘স্পেশাল ভেরিয়েশন অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট অব হেভি মেটাল কনসেন্ট্রেশন ইন ড্রিংকিং ওয়াটার অ্যাক্রস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মিউনিসিপ্যাল জোনস অব বাংলাদেশ: আ সেকেন্ডারি ডেটা-ড্রিভেন স্টাডি’। এই গবেষণায় বাংলাদেশের শিল্পাঞ্চল ও পৌর এলাকার পানীয় জলে ভারী ধাতুর ঘনত্বের পার্থক্য এবং মানুষের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়েছে।

গবেষণাটি পূর্বপ্রকাশিত বিভিন্ন গবেষণা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিচালিত হয়েছে, যেখানে গাজীপুর, নারায়ণগঞ্জ ও খুলনা অঞ্চলের পানীয় জলে আর্সেনিক (As), সিসা (Pb), ক্রোমিয়াম (Cr), ক্যাডমিয়াম (Cd), আয়রন (Fe) ও ম্যাঙ্গানিজের (Mn) উপস্থিতি পর্যালোচনা করা হয়। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিরূপণে ‘হ্যাজার্ড ইনডেক্স’ (HI) ও ‘এক্সেস লাইফটাইম ক্যানসার রিস্ক’ (ELCR) সূচক ব্যবহার করা হয়েছে।

গবেষণায় শিশুদের জন্য হ্যাজার্ড ইনডেক্সের মান ৩ দশমিক ৫৩ থেকে ২৩ দশমিক ৭৫ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৬ দশমিক ০৩ থেকে ৭ দশমিক ৭৩ পাওয়া গেছে, যা গবেষণায় ব্যবহৃত নিরাপদ সীমা ১-এর তুলনায় অনেক বেশি। এছাড়া, শিল্পাঞ্চলগুলোতে কয়েকটি ভারী ধাতুর উচ্চ উপস্থিতি এবং খুলনা অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের বিষয়টিও উঠে এসেছে।

এই তরুণ গবেষক স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে শিল্পাঞ্চলের বর্জ্য নিঃসরণ নিয়ন্ত্রণে কঠোর বিধিমালা বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ভূগর্ভস্থ পানির পরিশোধনব্যবস্থা উন্নত করার সুপারিশ করেছেন।

‘কেমিস্ট্রি ইনোভেশনস ফর ফিউচার চ্যালেঞ্জেস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিসিএসের এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্নাতক পর্যায়ে একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পাওয়া আফিফা বুশরার জন্য একটি উল্লেখযোগ্য একাডেমিক অর্জন। তাঁর এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সমস্যা নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক

রাজধানী ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেছেন।

আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৪ জন, লালবাগ বিভাগ থেকে ৭৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৮ জন, মিরপুর বিভাগ থেকে ১১৯ জন, গুলশান বিভাগ থেকে ২৭ জন, উত্তরা বিভাগ থেকে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।

ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ আগুন, ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ আগুন, ১১ জন নিহত

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগুনের সূত্রপাত ঘটে একটি রেন্ট-এ কারে, যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক রয়েছেন। আর একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

বৈদ্যুতিক গোলযোগ কিংবা অন্য কোনো কারণে ওই রেন্ট-এ কারে আগুন লেগেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যে ভবনটিতে প্রথম আগুন লাগে, সেটি টাউন এরিয়াতে অবস্থিত, যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। এই এলাকা পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।

মাত্র চার মাস আগে ব্যাংককে একটি ভবনে এরকমই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী: প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


ইউক্রেনে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী: প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিকটাস গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রিন্স হ্যারি ইউক্রেনে দুই দিনের সফরে গিয়ে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তার চতুর্থ ইউক্রেন সফর।

সফরের অংশ হিসেবে তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।

শনিবার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারি বলেন, “আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।”

তবে নিরাপত্তার কারণে ইউক্রেন ছাড়ার পর তার এসব বক্তব্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।

অন্য একটি অনুষ্ঠানে হ্যারি হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন দেখেন। তারা আগামী বছরের ইনভিকটাস গেমসের প্রস্তুতি হিসেবে অনুশীলন করছিলেন। প্রিন্স হ্যারি এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা, যা সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজন করা হয়। ২০১৪ সালে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এ প্রতিযোগিতার সূচনা করেন।

আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। প্রিন্স হ্যারি আহত সেনা ও সাবেক সেনাদের বলেন, তিনি ভবিষ্যতে ইউক্রেনেও এই প্রতিযোগিতা আয়োজনের আশা করছেন।

হ্যারি বলেন, “যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।”

প্রথা অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করেন না। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে রাজপরিবারের কর্মরত সদস্য না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়েছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%