০৮:৪০ পি.এম
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ১০ দিন পর মনির মিয়া (১৭) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়া এলাকার একটি বিলের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মনির মিয়া চরসুবুদ্ধি এলাকার শাহ আলমের ছেলে।
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় মনির। এ সময় তার কয়েকজন বন্ধু অটোরিকশায় ছিল। এরপর থেকে মনিরের কোনো খোঁজ পাওয়া যায়নি, যার কারণে পরিবারের পক্ষ থেকে গত ২৮ সেপ্টেম্বর রায়পুরা থানায় জিডি করা হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে মনিরের পরিবার জানতে পারে, আদিয়াবাদ এলাকার একটি বিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে মরদেহটি মনিরের বলে শনাক্ত করেন।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার
মৃত মনিরের মা মঞ্জুমা বেগম বলেন, ‘আমার ছেলেকে কয়েকজন মাদকাসক্ত ছেলে বুঝিয়ে-শুনিয়ে নিয়ে যায়। তারা আমার ছেলের বন্ধু। পরে জানতে পারি, আমার ছেলেকে একটি বনের ভেতরে নিয়ে মেরে ফেলছে। তখন বিষয়টি বিশ্বাস করিনি। নিখোঁজের ১০ দিন পর আজ আমার ছেলের লাশ পেলাম।’ তবে মনিরের বন্ধুদের নাম-পরিচয় জানাতে পারেননি মঞ্জুমা বেগম।
মনিরের পরিবারের ধারণা, অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার পর মনিরকে হত্যা করে মরদেহটি আদিয়াবাদ এলাকার ওই বিলের কচুরিপানার ভেতর ফেলে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান বলেন, ‘নিখোঁজের ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর মনিরের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’
আরও পড়ুন: গোমস্তাপুরে সড়ক পার হওয়ার সময় ভটভটিচাপায় গৃহবধূর প্রাণ গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন