০২:০৫ পি.এম
পিরোজপুরের কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে, সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে সভাটির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
এছাড়া বক্তৃতা করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতা জোরদার করার আহ্বান করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, "মাদক আজ সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।"
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।"
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
সভা শেষে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমুক্ত কাউখালী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন