০২:৩২ পি.এম
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের ফাঁড়ি থেকে হাতকড়া পরানোর সময় ফরিদ হোসেন (২৮) নামে এক আসামি পালিয়ে গেছে। শনিবার (৪ জুলাই) সকালে পুলিশ পুনরায় ফরিদ হোসেনকে গ্রেপ্তার করে। এর পূর্বে শুক্রবার (৩ জুন) রাত ৮টার দিকে আসামি সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যায়। ফরিদ হোসেন কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তার মায়ের দায়ের করা মামলায় চুরি এবং মারধরের অভিযোগ রয়েছে। তিনি একটি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ হোসেনের বিরুদ্ধে তার মা চুরি ও মারধরের অভিযোগে মামলা করেন। এই মামলায় আদালত ফরিদ হোসেনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সাফাদারপুর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ফরিদ হোসেনকে আটক করে। ওই সময় হাতকড়া পরানোর ঘটনা ঘটার প্রেক্ষিতে কৌশলে ফরিদ পালিয়ে যায়। তারপরে রাতভর কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে শনিবার সকালে ফরিদের আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারের পরে পালিয়ে যাওয়ার অভিযোগে ফরিদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন