মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৪ পি.এম
খাগড়াছড়িতে পুলিশের অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- লিটন চৌধুরী, মাহফুজ জুয়েল, সুজন বিশ্বাস, মো. সাকিল ও রুবেল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, গত ১৭ সেপ্টেম্বর ভোররাতে আদালত চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন করা হয়েছে এবং ২০ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিল করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সড়কের পার্শ্বে থাকা সরকারি গাছ কেটে সড়কের উভয় পার্শ্বে ফেলে রেখে যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়কিসলু জানিয়েছেন, মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবমুখী দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক স্কিলস প্রশিক্ষণের মাঠ সংযুক্তি কার্যক্রম শুরু হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণের প্রথম পাঁচ দিন শেষে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মাঠ সংযুক্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাঠ সংযুক্তির অংশ হিসেবে ষষ্ঠ দিনে জুতা মেরামত ও প্রস্তুতকরণ পেশা ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আজিজ সড়কে অবস্থিত স্বপন সু হাউজে। এছাড়া মাঠ সংযুক্তির ৭ম ও ৮ম দিনে যথাক্রমে নাপিত পেশা ও মৃৎশিল্প পেশার সঙ্গে সংশ্লিষ্ট পৃথক দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
দশ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিলটন চন্দ্র পাল এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মনোনীত প্রশিক্ষক সমাজসেবা অফিসার আমিরুল ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি/বেসরকারী কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করছেন।
প্রশিক্ষণের মধ্যবর্তী সময়ে (৫ম দিনে), ১৭ সেপ্টেম্বর ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে দৈনিক উপস্থিতির ভিত্তিতে এক হাজার টাকা করে নগদ বিতরণ করা হবে। প্রশিক্ষণের ৬ষ্ঠ দিন থেকে ১০ম (সমাপনী) দিন পর্যন্তও উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক এক হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা নগদ বিতরণ করা হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে এককালীন ১৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। পাশাপাশি, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সদ্য সাবেক প্রক্টর আব্দুল হাকিমের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন-২০১৩-এর তফসিলের ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। একইভাবে, সংশ্লিষ্ট হলটির বর্তমান প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানির দায়িত্বের মেয়াদ চলতি বছরের ২৮ সেপ্টেম্বর শেষ হবে, তাই সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহারকে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রাধ্যক্ষ ড. কামরুন নাহার জানান, "আগামী ২৯ তারিখ দায়িত্ব গ্রহণ করব।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, "পূর্বের দায়িত্বরতদের মেয়াদ শেষ হওয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা অত্যন্ত শিক্ষার্থীবান্ধব, দুইটা পদই শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট। শিক্ষার্থীদের ভালো-মন্দসহ সবকিছু বিবেচনা করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ ছোট ও বড় পর্দায় সমানভাবে ব্যস্ত ছিলেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে তিনি নতুন রূপে সকলকে চমকে দিয়েছেন। সাত মাসের মধ্যে ১৫ কেজি ওজন কমিয়ে বর্তমানে ৫৫ কেজিতে পৌঁছেছেন এই অভিনেত্রী।
শখের এই পরিবর্তনের পেছনে শুধুমাত্র নতুনভাবে নিজেকে উপস্থাপনের ইচ্ছা নয়, বরং স্বাস্থ্যগত কারণও রয়েছে। প্রায় আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি খাদ্যে নিয়ন্ত্রণ আনেন এবং নিয়মিত শরীরচর্চা শুরু করেন।
মা হওয়ার পর শখের ওজন প্রায় ৮০ কেজিতে পৌঁছেছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে এলেও এরপর আর ওজন কমছিল না। এর আগে তিনি কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চা শুরু করলেও নিয়মিতভাবে তা ধরে রাখতে পারেননি।
তবে এবার স্বাস্থ্যগত কারণে শখ জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন এনেছেন। তিনি খাবারের তালিকা থেকে গরুর মাংসের পরিমাণও কমিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, এবারের কোরবানির ঈদে তিনি মাত্র দুই টুকরা গরুর মাংস খেয়েছেন।
বর্তমানে তার খাদ্য তালিকায় বেশি পরিমাণে সবজি, মুরগি ও ডিম রয়েছে। আলুও তিনি বাদ দিয়েছেন। পাশাপাশি, শখ বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন।
ওজন কমানোর পাশাপাশি শখ অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘদিন তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। ইতোমধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাই তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলার পাশাপাশি নতুন চরিত্রে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল চারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব শাফিউল আজম দুলাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, খাদ্য পরিদর্শক তামান্না জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
বলেন,আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সত্যের পক্ষে থেকে সৎভাবে জীবন যাপন করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত। মাদকের ক্ষেত্রে কোনো আপস করা হবে না,মাদকের মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সামাজিক সচেতনতা বাড়াতে প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে উঠান বৈঠকের আয়োজন করতে হবে। জনগণ যেন শান্তিতে ও নিরাপদে বাস করতে পারে, তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার
বলেন,উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। প্রধান অতিথির নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে উঠান বৈঠক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি।
আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি বলেন, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি গোষ্ঠী অপরাজনীতি ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যেকোনো মূল্যে এই ধরনের চক্রান্ত প্রতিহত করার জন্য তিনি সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ