ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মস্কো-ক্রিমিয়া বাসে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭


মস্কো-ক্রিমিয়া বাসে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭

মস্কো থেকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় সাত জন নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইয়েনাকিয়েভো এলাকায় এই হামলা সংঘটিত হয়েছে। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ইয়েনাকিয়েভোতে একটি ড্রোন মস্কো-সিমফেরোপোল রুটের (দূরপাল্লার আন্তঃনগর বাস পরিষেবা) একটি কোচ বাসে আঘাত হানে। এই হামলার প্রাথমিক তথ্যে সাত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। তিনি আরও উল্লেখ করে বলেন, ‘এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে নির্ভার আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে নির্ভার আনচেলত্তি

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি মন্তব্য করেছেন, নেইমার ভালোভাবে উন্নতি করছে এবং ভালো অবস্থায় আছে। তিনি বলেন, দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পায়ের পেশির চোট থেকে দ্রুত ফিরিয়ে আনার কোনো তাড়া তার নেই। ব্রাজিল দলের বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি এ কথা জানান।

এর আগে আনচেলত্তি জানিয়েছিলেন যে, নেইমার সেলেসাওয়ের প্রথম অথবা দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচের জন্য ফিট হতে পারেন। গত সপ্তাহে ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমার জানিয়েছেন, ৩৪ বছর বয়সী নেইমার কাফ পেশীতে চোট পেয়েছেন এবং তিনি প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

ব্রাজিল, যারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। আনচেলত্তি বলেন, “নেইমার ভালোভাবে উন্নতি করছে, ভালো অবস্থায় আছে। আমাদের কোনো তাড়া নেই।”

চোট ও ফিটনেস সমস্যার কারণে এবং প্রায় তিন বছর জাতীয় দলের হয়ে না খেলায়, আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের জন্য বিস্ময়কর ছিল। নেইমার এখনও ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। এটি তার চতুর্থ বিশ্বকাপ।

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার ব্রাজিলকে কিছুটা কম ভয়ঙ্কর দল হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে তারা পঞ্চম স্থানে শেষ করেছে এবং গত এক বছরে ফ্রান্স, জাপান ও বলিভিয়ার কাছে হেরেছে। তবুও আনচেলত্তি আত্মবিশ্বাসী যে, “আমরা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করতে চাই, নিজেদের সেরাটা দিতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই। ব্রাজিলের কাছ থেকে কী প্রত্যাশা করা হয়, সবাই তা জানে। বিশ্বকাপের কোনো নিরঙ্কুশ ফেবারিট নেই। বেশ কয়েকটি শক্তিশালী দল আছে, আর আমি মনে করি ব্রাজিল যেকোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাপপ্রবাহের দাপটে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


তাপপ্রবাহের দাপটে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন

 

টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে উত্তরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। কৃষক এবং কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এই প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে। মাঠে কাজ করতে গিয়ে তারা টানা এক ঘণ্টা কাজ করতে পারছেন না। কিছুক্ষণ কাজ করেই গাছের ছায়া অথবা খড়ের গাদার পাশে গিয়ে বিশ্রাম নিতে হচ্ছে। এর ফলে কৃষিকাজের গতি কমে যাওয়ার পাশাপাশি শ্রমিকদের দৈনিক আয়ও কমে গেছে।

বর্তমানে রংপুর অঞ্চলের মাঠগুলোতে বোরো ধান ও ভুট্টা কাটার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কাটা ফসল শুকিয়ে ঘরে তোলার কাজেও কৃষকরা ব্যস্ত আছেন। কিন্তু তাপপ্রবাহের কারণে কৃষিকাজে ধীরগতি দেখা দিয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল গ্রামের কৃষি শ্রমিক এন্তাজ আলী জানিয়েছেন, ‘আমাদের এলাকায় কয়েকদিন আগে টানা বৃষ্টির কারণে মাঠে নামতে পারি না। এখন বৃষ্টি নেই, কিন্তু গত পাঁচ দিন ধরে তীব্র গরম পড়েছে, যার ফলে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঠে টানা এক ঘণ্টা কাজ করলেই শরীর জ্বলে ওঠে। বাধ্য হয়ে গাছের নিচে বিশ্রাম নিতে হচ্ছে।’

একই গ্রামের কৃষি শ্রমিক আলম মিয়া জানান, বর্তমানে ধান ও ভুট্টা কাটার মৌসুম চলছে এবং তারা চুক্তিভিত্তিক জমিতে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ছয় জনের একটি দল দুই ঘণ্টায় এক বিঘা ধান এবং তিন ঘণ্টায় এক বিঘা ভুট্টা কাটতে পারে। কিন্তু তীব্র গরমের কারণে এখন একই কাজে প্রায় তিনগুণ বেশি সময় লাগছে। এ কারণে শ্রমিকদের আয়ও কমে যাচ্ছে। মাঠে কিছুক্ষণ কাজ করার পরই ছায়ায় গিয়ে বসতে হচ্ছে।

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের কৃষি শ্রমিক বেলাল মিয়া বাসস’কে বলেন, ‘তাপপ্রবাহে আমরা অস্থির হয়ে পড়েছি। সারাক্ষণ শরীর থেকে ঘাম ঝরছে। চুক্তি অনুযায়ী কাজ করতে না পারলে মজুরিও কম পাচ্ছি। ঘরে যদি পর্যাপ্ত খাবার থাকতো তাহলে হয়তো এই গরমে মাঠে নামতাম না। কিন্তু সংসারের খরচ মেটাতে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। এখন আয়ের পরিমাণ আগের তুলনায় অর্ধেকেরও কম।’

চর গড্ডিগারী গ্রামের নারী কৃষি শ্রমিক আলেয়া বেগম জানিয়েছেন, তীব্র গরমের কারণে নারী শ্রমিকেরা মাঠে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। তারা বাড়িতে ধান ও ভূট্টা শুকানোর কাজ করছেন। এজন্য অনেক কৃষক এখন দৈনিক মজুরির পরিবর্তে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ দিচ্ছেন। রোদ থাকায় ধান ও ভুট্টা শুকাতে সুবিধা হচ্ছে।

কিন্তু মাঠে ফসল কাটতে গিয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে এবং নারী শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করতে পারছেন না। সিঙ্গীমারী গ্রামের কৃষক সালাদ মিয়া বলেন, ‘খেতের ধান পেকে গেছে এবং দ্রুত কেটে ঘরে তোলা প্রয়োজন। কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। যারা আসছেন তারা বেশিক্ষণ কাজ করতে পারছেন না এবং আমিও মাঠে গিয়ে বেশি সময় থাকতে পারছি না। তাপপ্রবাহে মানুষ তো বটেই, গবাদিপশু ও পাখিরাও ছায়া খুঁজছে। তারপরও অনেক কৃষক ও কৃষি শ্রমিক বাধ্য হয়ে মাঠে কাজ করছেন এবং তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন।’

কালীগঞ্জের তুষভান্ডার বাজারের রিকশাচালক আছমত আলী জানান, ‘প্রচণ্ড গরমে মানুষ অকারণে ঘর থেকে বের হচ্ছে না। ফলে যাত্রীও কমে গেছে। গরমে রিকশা চালানো কষ্টকর হয়ে উঠেছে এবং আয় আগের তুলনায় অর্ধেকেরও বেশি কমে গেছে। যদি এইভাবে গরম চলতে থাকে, তবে সংসার চালাতে ঋণ নিতে হবে।’

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাসস’কে বলেন, বুধবার সকালে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৩৬ দশমিক ৬ থেকে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বছরের একই সময়ে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত না হওয়ার এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকার কারণে গরমের তীব্রতা এখনও বেশি অনুভূত হচ্ছে। দ্রুত বৃষ্টিপাত না হলে তাপপ্রবাহের প্রভাব কৃষি উৎপাদন ও জনজীবনের ওপর আরও বাড়তে পারে।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বললেন, ‘বর্তমানে মাঠে এখনও ২৫ থেকে ৩০ শতাংশ ধান ও ভুট্টা রয়েছে। কৃষক ও কৃষি শ্রমিকরা তাপপ্রবাহ উপেক্ষা করে ফসল কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তারা পাশাপাশি বেশিক্ষণ মাঠে থাকতে পারছেন না। সেজন্য কৃষক ও শ্রমিকদের দুপুরের প্রখর রোদ এড়িয়ে কাজ করা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় মাঠে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর

কানাডা ও মেক্সিকো মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ আরও ১৬ বছরের জন্য নবায়নের আহ্বান জানিয়েছেন।

তাদের প্রত্যাশা যে, এর ফলে তিনটি দেশকে একই বাণিজ্য কাঠামোর মধ্যে আবদ্ধ করা সম্ভব হবে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই চুক্তিটি কানাডা ও মেক্সিকোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র তাদের প্রধান বাণিজ্য অংশীদার এবং কানাডার মোট রপ্তানির ৭৫ শতাংশ ও মেক্সিকোর ৮০ শতাংশ সেখানে যায়।

কানাডার বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক সোমবার এক চিঠিতে উল্লেখ করেন, ‘কানাডা চুক্তিটি আরও ১৬ বছরের জন্য নবায়নের সুপারিশ করছে।’

এই চিঠিটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ডকে পাঠানো হয়েছে।

পরদিন লেব্লাঙ্ক ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো (ইউএসএমসিএ) চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।

এরপর লেব্লাঙ্ক মঙ্গলবারের বৈঠককে ‘ইতিবাচক’ উল্লেখ করেন এবং জানান, আগামী দিন ও সপ্তাহগুলোতে এই আলোচনা অব্যাহত থাকবে।

ইউএসএমসিএ চুক্তির পক্ষভুক্ত দেশগুলোকে আগামী ১ জুলাইয়ের মধ্যে জানাতে হবে তারা কি শুধু চুক্তিটি নবায়ন করতে চায় অথবা পুনরায় আলোচনা করে পরিবর্তন করতে চায়।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম মেয়াদে ইউএসএমসিএ চুক্তিতে স্বাক্ষর করলেও, বর্তমানে তিনি এটিকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন।

বর্তমান মেয়াদে, তিনি কানাডার অটোমোবাইলসহ গুরুত্বপূর্ণ খাতে উচ্চ শুল্ক আরোপ করেছেন এবং দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের কানাডা থেকে কোনো পণ্যের প্রয়োজন নেই।

তিনি বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথাও বলেছেন।

সম্প্রতি কানাডার অর্থনৈতিক সংকট নিয়ে এক প্রতিবেদনের জবাবে, তিনি কানাডাকে ‘৫১তম রাজ্য!’ হিসেবে মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে দেশটি আরও শক্তিশালী হবে।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো গত সপ্তাহে ইউএসএমসিএ চুক্তি সংশোধন নিয়ে প্রাথমিক দফার আলোচনা শেষ করেছে।

মার্কিন কর্মকর্তারা মেক্সিকোর বাণিজ্য নীতিকে তুলনামূলকভাবে ইতিবাচকভাবে দেখলেও, কানাডার সমালোচনা করেছেন এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়ে কটূক্তি করেছেন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, তিনি চুক্তির কিছু অংশ বজায় রাখার পক্ষে।

লেব্লাঙ্ক চিঠিতে উল্লেখ করেন, ২০২০ সালে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে তিন দেশের মধ্যে বাণিজ্য ৩২ শতাংশ বেড়েছে, যা চুক্তির কার্যকারিতাকেই প্রমাণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


বরিশালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

বরিশাল জেলার বাকেরগঞ্জে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।

২০২৬ সালের ৩ জুন, বরিশালে পরিচালিত এই তহবিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

তিনি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি এ ধরনের সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে, যেখানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এসময় বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ১৪টি ইউনিয়নের ৫শ’ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%