ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেয়ারবাজার ধসের খবর পড়ে কাঁদলেন দক্ষিণ কোরিয়ার উপস্থাপিকা


শেয়ারবাজার ধসের খবর পড়ে কাঁদলেন দক্ষিণ কোরিয়ার উপস্থাপিকা

দক্ষিণ কোরিয়ার এক টেলিভিশন উপস্থাপিকা সরাসরি সম্প্রচারের সময় শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের খবর পড়ার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। তিনি অনুষ্ঠান চালিয়ে যেতে গিয়ে বেশ কয়েকবার থামতে বাধ্য হন। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, “আশা হারাবেন না।”

বুধবারের (২৫ নভেম্বর) সম্প্রচারে শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করার সময় তার আবেগ প্রকাশ পায়।

সিউল ইকোনমিক টিভির ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানের উপস্থাপিকা কিম আহ-হিউন শেয়ারবাজারে বড় ধরনের লোকসান এবং যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলার সময় তার কণ্ঠ ভারি হয়ে আসে।

আরও পড়ুন: ইলহান ওমর-মামদানি-আবদুল এল-সাইয়েদকে হত্যার হুমকি, গ্রেপ্তার প্যাট্রিক হারলান

একপর্যায়ে কথা বলতে গিয়ে তিনি থেমে যান। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন এবং পরে আবার অনুষ্ঠান চালিয়ে যান। সম্প্রচারের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে কিম দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির (কেওএসপিআই) বড় দরপতন এবং স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের লোকসানের বিষয়টি তুলে ধরেন। তিনি বিনিয়োগকারীদের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

বাজার পরিস্থিতি হতাশাজনক হলেও তিনি বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য ধরার এবং অস্থিরতার মধ্যে আশা না হারানোর আহ্বান জানান।

তার আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ব্যক্তিগত বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ নিয়ে আলোচনা শুরু করেন। তবে কিম নিজে আলোচিত শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কিনা বা ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: লন্ডনে টিউব চালকদের ধর্মঘট শুরু, যাতায়াতে বিঘ্নের আশঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : ডান হাঁটুতে অস্ত্রোপচারের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন না।

ইতালির এই টেনিস তারকা ২০২৪ এবং ২০২৫ সালে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। চলতি সপ্তাহে তিনি জানিয়েছেন, ফিনল্যান্ডের একটি ক্লিনিকে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

জুলাইয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়ের পর থেকে সিনার আর কোনো ম্যাচ খেলেননি। ফলে মেলবোর্ন পার্কে তাঁর অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল।

টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানান, “আমরা নিয়মিত ইয়ানিকের দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সে অংশ নিতে পারবে না।”

তিনি আরও বলেন, “ইয়ানিক মেলবোর্নে খেলতে ভালোবাসে এবং ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে মুখিয়ে আছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি। শিগগিরই তাকে আবার কোর্টে দেখতে চাই।”

বিশেষজ্ঞদের ধারণা, সিনারকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারি-মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হার্ডকোর্ট মৌসুমে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

২৫ বছর বয়সী সিনার হাঁটুর সমস্যায় ছিটকে যাবার আগে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন। উইম্বলডন জয়ের পাশাপাশি তিনি মাস্টার্স ১০০০ পর্যায়ের পাঁচটি শিরোপাও জিতেছিলেন।

২০২৬ সালে সিনারের জয়ের হার ছিল ৯৪ শতাংশ, যা তাঁর ক্যারিয়ারের সেরা।

তাঁর অনুপস্থিতিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছেছেন আলেক্সান্ডার জভেরেভ।

মঙ্গলবার অস্ত্রোপচারের কথা জানিয়ে পাঁচ গ্র্যান্ড স্ল্যামজয়ী সিনার বলেন, “গত কয়েক মাস ধরে আমার দলের সঙ্গে মিলে অস্ত্রোপচার ছাড়াই চোটের চিকিৎসার সব ধরনের চেষ্টা করেছি।”

“শুরুর দিকে বেশ আশাব্যঞ্জক উন্নতি হলেও দুর্ভাগ্যজনকভাবে আমার হাঁটু আমাদের প্রত্যাশা অনুযায়ী সাড়া দেয়নি। এ কারণেই আজ ইলিওটিবিয়াল ব্যান্ডের অবস্থা উন্নত করতে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছি।”

স্পেনের তারকা কার্লোস আলকারাজ সিনারকে শুভকামনা জানিয়েছেন।

নিজেও চোটের সমস্যায় ভোগা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “টেনিস তাকে মিস করছে। আমিও তাকে মিস করছি।”

২০২৪ সালে মেলবোর্ন পার্কে পাঁচ সেটের লড়াইয়ে ডানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সিনার। পরের বছর ফাইনালে জভেরেভকে হারিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।

চলতি বছর সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান সিনার। পরে ফাইনালে জকোভিচকে হারিয়ে শিরোপা জেতেন আলকারাজ।

আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খোলা বাজারে ডলারের দাম ১৩০ টাকার উপরে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


খোলা বাজারে ডলারের দাম ১৩০ টাকার উপরে পৌঁছেছে

দেশের খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে, যা ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি ঘটেছে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতি ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকার সীমা অতিক্রম করেছে। বর্তমানে ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে।

রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারের তথ্য অনুযায়ী, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার পাওয়া যাচ্ছে না। আগের মঙ্গলবারের বাজারে ডলারের দাম ছিল ১৩০ টাকার নিচে।

দুই সপ্তাহ আগে খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল ১২৮ টাকার আশপাশে। ব্যাংকগুলোর বাজারেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্যাংকগুলো ১২৫ থেকে ১২৬ টাকার মধ্যে রেমিট্যান্সের ডলার কিনছে। আমদানির জন্য ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা ৩০ পয়সা পর্যন্ত দামে।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানি আমদানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আয়ের গতিও কাঙ্ক্ষিত নয়, ফলে বাজারে বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিয়েছে। বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ার কারণে নগদ ডলারের সরবরাহে ঘাটতি সৃষ্টি হয়েছে।

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের মতে, ব্যাংকগুলোতে গিয়ে আশানুরুপ নগদ ডলার না পাওয়ার কারণে গ্রাহকরা খোলা বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এ অবস্থায় হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ার চাপ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে কাল শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


সিলেটে কাল শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সিলেট, ২৬ নভেম্বর, ২০২৬ : সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সিলেটের ১৩টি উপজেলা এবং সিলেট সিটি করপোরেশনের ১৪টি দল।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিসিবি পরিচালক ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু জানান, এক সময় সিলেটের ফুটবল নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। স্টেডিয়ামের গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ণ থাকত। সেই পরিবেশ পুনরুদ্ধার করতে হবে। শুধু টুর্নামেন্ট আয়োজন নয়, মাঠে দর্শক ফিরিয়ে আনা এবং মানসম্মত খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন গর্বিত সন্তান। তিনি সিলেটকে গভীরভাবে ভালোবাসতেন এবং এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিতে আগ্রহী ছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এ আয়োজনকে সফল করতে আয়োজক, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে।

রেজাউল করিম নাচন বলেন, একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্যে এই উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। সিলেটে নিয়মিত ফুটবল ও ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে। মেয়র কাপ ক্রিকেট, হাডুডু এবং অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে। অতীতে সিলেটের অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও সে পথ উন্মুক্ত করতে চায় সিটি করপোরেশন। এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরির যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে দেশব্যাপী উদ্যোগ চলছে। সিলেটও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। দীর্ঘ ১৭ বছর পর ক্রীড়াঙ্গনের সঙ্গে নতুন করে সম্পৃক্ত হয়ে আমরা খেলাধুলার উন্নয়নে কাজ শুরু করেছি। এ উদ্যোগকে এগিয়ে নিতে ক্রীড়াবিদ, সংগঠক এবং ক্রীড়ানুরাগীদের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘদিনের দলীয়করণ এবং নানা অনিয়মের কারণে সিলেটের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য এবং সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরের শাসনামলে সিলেটের ক্রীড়াঙ্গন অনেকটা স্থবির হয়ে পড়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে নতুন করে ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের মাধ্যমে মাঠে খেলাধুলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তরুণ ক্রীড়া সংগঠকরা এগিয়ে এসেছেন। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনসহ সংশ্লিষ্ট সংগঠক এবং সাবেক খেলোয়াড়দের এ উদ্যোগে সম্পৃক্ততা আশাব্যঞ্জক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে তিনি প্রত্যাশা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসার জন্য নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসার জন্য নির্দেশনা জারি

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মাদরাসার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বিজয় দিবস উদযাপনের জন্য পাঁচটি কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রতিটি মাদরাসা ভবনে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এদিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও সক্রিয় অংশগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে প্রতিটি মাদরাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। এই দোয়ায় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করার নির্দেশনা রয়েছে।

এছাড়া, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদরাসাকে নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশনা দিয়ে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%