ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের


ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের

বরিশাল, ২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে। তিনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

আজ বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরা সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে।

আরও পড়ুন: বিএনপির দুই সদস্য সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব, অপপ্রচার ও ধর্মীয় উসকানি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টেস্ট ড্রাইভের নামে মোটরসাইকেল নিয়ে উধাও, সন্দেহে গণপিটুনির শিকার সিয়াম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ আকামাধারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে কুয়েত সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


অবৈধ আকামাধারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে কুয়েত সরকার

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের দারোয়ান বা হারিস নিয়োগের বিষয়ে সম্পত্তির মালিকদের সতর্ক করেছে, বৈধ আকামা ও কাজের অনুমতি যাচাই না করার জন্য।

নির্মাণাধীন ভবন, শ্যালেট, পশু পালনের খামার বা জাখুর এবং কৃষি খামারের মালিকদের উদ্দেশ্যে এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বৈধ আবাসন ও কাজের আইনগত অবস্থা নিশ্চিত করা আবশ্যক।

আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১ নভেম্বর) প্রকাশিত হয়েছে যে, দারোয়ান হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তির বৈধ আকামা থাকা বাধ্যতামূলক এবং তার নিয়োগকর্তা হতে হবে সম্পত্তির মালিক অথবা নির্মাণকাজের দায়িত্বে থাকা কোম্পানি। এছাড়াও, ওই ব্যক্তির বিরুদ্ধে পলাতক হওয়ার অভিযোগ, আদালতের রায় অথবা নিরাপত্তাসংক্রান্ত কোনো বিধিনিষেধ রয়েছে কি না, তা যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করে কাউকে নিয়োগ বা আশ্রয় দিলে সংশ্লিষ্ট মালিকদের আইনি জবাবদিহির মুখে পড়তে হতে পারে। কুয়েতে দীর্ঘদিন ধরে কিছু প্রবাসী গৃহকর্মী ভিসা নিয়ে কাজ করেন, যা সাধারণভাবে খাদেম বা ডোমেস্টিক ওয়ার্কার ভিসা হিসেবে পরিচিত। এ ধরনের ব্যবস্থাকে অনেক সময় ‘ফ্রি ভিসা’ বলা হলেও এটি কোনো স্বতন্ত্র বৈধ ভিসার শ্রেণি নয়।

অনেক সময় ভিসা বা আকামার স্পন্সর এক ব্যক্তি হলেও কর্মী অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন। কুয়েতের প্রচলিত আবাসন ও শ্রমবিধি অনুযায়ী, অনুমোদিত ব্যবস্থা বা প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্ধারিত নিয়োগকর্তার বাইরে কাজ করা আইনগত ঝুঁকি তৈরি করে। বিশেষ করে গৃহকর্মীর ভিসায় এসে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করলে সংশ্লিষ্ট ভিসা ও কাজের অনুমোদন আইনসম্মত কি না, তা যাচাই করা জরুরি।

অন্যদিকে, অনেক ভবন, নির্মাণাধীন স্থাপনা ও বিভিন্ন আবাসিক এলাকায় এমন ব্যক্তিদের দারোয়ান হিসেবে দেখা যায়, যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে অথবা যাদের কাজের বৈধ অনুমতি নেই। নতুন করে দেওয়া সতর্কবার্তার পর এ ধরনের ব্যক্তিদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় সব ধরনের দারোয়ান নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে, এমন কথা বলা হয়নি। বরং বৈধ আকামা, যথাযথ নিয়োগকর্তা এবং আইনসম্মত কাজের অবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈধ আকামা থাকা মানেই যেকোনো স্থানে কাজ করার অনুমতি রয়েছে, এমনটিও নয়। প্রবাসী কর্মীদের জন্য এ সতর্কবার্তা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ভিসার ধরন, আকামার বৈধতা এবং প্রকৃত নিয়োগকর্তার সঙ্গে কাজের সম্পর্ক যাচাই না করে অন্যত্র কাজ শুরু করলে আইনি জটিলতা তৈরি হতে পারে। একইভাবে ভবন বা সম্পত্তির মালিকদেরও দারোয়ান নিয়োগের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা উচিত। কুয়েতে আবাসন ও শ্রম আইন মেনে চলা এবং অবৈধভাবে কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার প্রবণতা বন্ধে কর্তৃপক্ষের এ সতর্কতা প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনল্যান্ডে সিঙ্গেলদের জন্য বিনামূল্যে চার দিনের ভ্রমণের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


ফিনল্যান্ডে সিঙ্গেলদের জন্য বিনামূল্যে চার দিনের ভ্রমণের সুযোগ

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড। এবার এই দেশে ভালোবাসার সন্ধানে আমন্ত্রণ জানানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের অবিবাহিত ও সিঙ্গেল ব্যক্তিদের। শুধু ডেটিং বা নতুন পরিচিত হওয়ার সুযোগই নয়, নির্বাচিত ১৬ জনের জন্য ফিনল্যান্ডে চার দিনের সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে, যা অন্তর্ভুক্ত করবে বিমান টিকিট, হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং নানা আয়োজন।

এই ব্যতিক্রমী উদ্যোগের নাম ‘ফিনিশ ডিনার ডেট’ (Finnish Dinner Date)। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হেলসিঙ্কি ও ট্যাম্পিয়ারে বিশেষ এই ডিনার ডেটের আয়োজন করা হবে। সেখানে ফিনল্যান্ডের স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে একই টেবিলে খাবার খাওয়ার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন নির্বাচিত বিদেশি অতিথিরা।

ফিনল্যান্ডের পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড (Visit Finland) গত ২০ অক্টোবর এই বিশেষ প্রচারণার ঘোষণা দিয়েছে। দেশটির খাবার, সংস্কৃতি, আতিথেয়তা এবং মানুষের সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

কী থাকছে এই ভ্রমণে?

ভিজিট ফিনল্যান্ডের ঘোষণার ভিত্তিতে, মোট ১৬ জন আন্তর্জাতিক সিঙ্গেলকে নির্বাচিত করা হবে। তাঁদের মধ্যে আটজন হেলসিঙ্কি অঞ্চলের আয়োজনে অংশ নেবেন এবং বাকি আটজন ট্যাম্পিয়ারে যাবেন, যা ফিনল্যান্ডের লেকল্যান্ড অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর।

২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই ভ্রমণ আয়োজন করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে:

* ফিনল্যান্ডে আসা-যাওয়ার বিমান টিকিট।

* হোটেলে থাকার ব্যবস্থা।

* চার দিনের পরিকল্পিত ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন।

* খাবার ও বিশেষ ডিনার আয়োজন।

* স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।

তবে এটি একান্তে দুজনের মুখোমুখি ‘ব্লাইন্ড ডেট’ নয়। বরং আটজন আন্তর্জাতিক অতিথি এবং স্থানীয় দুইজন সিঙ্গেলের অংশগ্রহণে আয়োজন করা হবে গ্রুপ ডিনার। অর্থাৎ প্রতিটি আয়োজনে মোট ১০ জন একসঙ্গে খাবার টেবিলে বসবেন।

নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণ নিশ্চিত করলে তাঁদের জানানো হবে, হেলসিঙ্কি নাকি ট্যাম্পিয়ারে যেতে হবে। এই গন্তব্য নির্ধারণও রাখা হয়েছে চমক হিসেবে।

খাবারের টেবিলে থাকবে বিখ্যাত শেফদের বিশেষ আয়োজন।

এই উদ্যোগের অন্যতম আকর্ষণ ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার ও নিজস্ব খাদ্যসংস্কৃতি। নির্বাচিত অতিথিদের জন্য তৈরি করা হবে দেশটির বিশেষ টেস্টিং মেনু।

হেলসিঙ্কি অঞ্চলের মেনু তৈরি করবেন বিখ্যাত শেফ অ্যাডেলে কিনুনেন (Adele Kinnunen)। তিনি হেলসিঙ্কির জনপ্রিয় ক্যাফে সাভয়ের প্রধান শেফ। ফিনল্যান্ডের মাস্টারশেফ প্রফেশনালসেও অংশ নিয়েছেন তিনি।

অন্যদিকে ট্যাম্পিয়ারের আয়োজনের খাবারের মেনু তৈরি করবেন শেফ হেনরি টিকানেন (Henry Tikkanen)। তিনি রেস্তোরাঁ গোস্তার (Gösta) সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক শেফ প্রতিযোগিতা Bocuse d’Or-এ ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন ফিনল্যান্ডের বর্ষসেরা শেফ।

অতিথিরা শুধু খাবার উপভোগ করবেন না, বরং ফিনল্যান্ডের প্রকৃতি, স্থানীয় উপাদান, ঐতিহ্য এবং আঞ্চলিক খাদ্যসংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ পাবেন।

কেন এমন উদ্যোগ নিল ফিনল্যান্ড?

এই আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি আলোচিত ডেটিং ট্রেন্ড, যার নাম ‘সিঙ্কুকোরি’ (Sinkkukori)। ফিনিশ ভাষায় শব্দটির অর্থ সিঙ্গেলদের ঝুড়ি।

ফিনল্যান্ডের কিছু সুপারমার্কেটে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিরা কেনাকাটার সময় গোলাপি রঙের বিশেষ ঝুড়ি ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা অন্যদের জানান যে, তাঁরা সিঙ্গেল এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যতিক্রমী ট্রেন্ডটি বেশ জনপ্রিয়তা পায়। সেই ধারণা থেকেই এবার আন্তর্জাতিক পর্যায়ে নতুন পরিচিতি ও সম্পর্ক তৈরির সুযোগ করে দিতে ‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের পরিকল্পনা করেছে ভিজিট ফিনল্যান্ড।

দেশটির পর্যটন খাতের কর্মকর্তাদের মতে, খাবার মানুষের মধ্যে সম্পর্ক তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যটকদের কাছে ফিনল্যান্ডের খাবার, প্রকৃতি, সংস্কৃতি ও জীবনযাত্রার পরিচয় তুলে ধরতে চায় দেশটি।

কারা আবেদন করতে পারবেন?

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেল প্রাপ্তবয়স্করা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে:

* আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই।

* আবেদনকারীকে সিঙ্গেল হতে হবে অথবা নতুন সম্পর্কে পরিচিত হওয়ার জন্য উন্মুক্ত থাকতে হবে।

* ফিনল্যান্ডে বসবাসকারী ব্যক্তিরা এই আয়োজনের জন্য আবেদন করতে পারবেন না।

* আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে। একসঙ্গে দুজনের আবেদন গ্রহণ করা হবে না।

* ইংরেজিতে কথা বলা ও বোঝার সক্ষমতা থাকতে হবে, কারণ পুরো আয়োজন পরিচালিত হবে ইংরেজিতে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের আবেদন করতে হবে দুটি ধাপে।

প্রথম ধাপ: ইংরেজিতে একটি ভিডিও তৈরি

আবেদনকারীকে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে:

“What would you serve on a dinner date, and why?”

অর্থাৎ, কারও সঙ্গে ডিনার ডেটে গেলে আপনি কী খাবার পরিবেশন করতে চাইবেন এবং কেন?

নিজের পছন্দ, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরে ভিডিওটি তৈরি করতে হবে।

এরপর ভিডিওটি Instagram, TikTok অথবা YouTube-এ প্রকাশ করতে হবে। ভিডিওর সঙ্গে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ।

প্ল্যাটফর্ম অনুযায়ী ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে:

* Instagram: @ourfinland

* TikTok: @visitfinland.com

* YouTube: @VisitFinland

Instagram ও TikTok-এ ভিডিও প্রকাশ করলে প্রোফাইল অবশ্যই Public রাখতে হবে। তবে প্রকাশ্যে ভিডিও দিতে না চাইলে YouTube-এ Unlisted ভিডিও হিসেবেও আপলোড করা যাবে।

দ্বিতীয় ধাপ: অনলাইন আবেদন ফরম পূরণ

ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে নিজের ভিডিওর লিংক যুক্ত করতে হবে।

শুধু ভিডিও প্রকাশ করলেই আবেদন সম্পন্ন হবে না। অনলাইন ফরমও পূরণ করতে হবে।

আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট:

Visit Finland – Finnish Dinner Date⁠

আবেদনের শেষ সময় ও বিজয়ী ঘোষণা

এই বিশেষ আয়োজনে আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার। ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নির্বাচিত ১৬ জনের নাম আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে ভিজিট ফিনল্যান্ডের Instagram ও TikTok অ্যাকাউন্টে প্রকাশ করা হবে। নির্বাচিত ব্যক্তিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করবে আয়োজক কর্তৃপক্ষ।

তবে আয়োজকরা কাউকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন না। বরং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ফিনল্যান্ডের খাবার উপভোগ এবং দেশটির সংস্কৃতি ও প্রকৃতিকে কাছ থেকে জানার সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ভালোবাসার খোঁজে এক অন্যরকম পর্যটন উদ্যোগ।

বিশ্বের সুখী দেশের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। এবার সেই সুখের গল্পের সঙ্গে যুক্ত হচ্ছে ভালোবাসা ও নতুন সম্পর্কের সম্ভাবনা।

হয়তো চার দিনের এই ভ্রমণে কেউ খুঁজে পাবেন নতুন কোনো বন্ধুত্ব, কারও জীবনে তৈরি হবে বিশেষ কোনো সম্পর্ক। আবার কেউ হয়তো ফিরে যাবেন ফিনল্যান্ডের প্রকৃতি, খাবার ও মানুষের সুন্দর কিছু স্মৃতি নিয়ে।

তবে একটি বিষয় নিশ্চিত, প্রচলিত ডেটিং অ্যাপের বাইরে গিয়ে খাবারের টেবিলে নতুন পরিচয়ের এই আয়োজন বিশ্ব পর্যটনে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সুপারিশ করেছে যে, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার মাধ্যমে একটি ত্রুটিমুক্ত, জনবান্ধব, টেকসই ও জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

কমিটি ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন রেকর্ড সংশোধন ও হালনাগাদ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর এবং রেন্ট সার্টিফিকেট মামলাসহ সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করার সুপারিশও করেছে।

আজ, কমিটির সভাপতি নাসের রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ভূমি ভবন পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় কমিটির সদস্য ও সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতানা আহমেদ এবং মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে, কমিটির সভাপতি ভূমি ব্যবস্থাপনায় একটি সমন্বিত ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভূমি ব্যবস্থাপনায় চালু থাকা অটোমেশন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভূমি-সংশ্লিষ্ট সব দপ্তরের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি করার উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দেন।

এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস সমন্বিতভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে কাজ করছে। এর ফলে ভূমি-সংক্রান্ত সব ধরনের হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে।

এ ছাড়া, আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে অনিষ্পন্ন সীমান্ত বিরোধ নিষ্পত্তি, ট্রাভার্স ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন, মানচিত্র প্রস্তুত এবং কিস্তোয়ার সীমানা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত নকশা ও খতিয়ান মুদ্রণের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশল উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


বরিশল উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ভেঙে আখাউড়ার ‘বরিশল’ ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া উত্তপ্ত হয়ে উঠেছে।

আজ সোমবার সকালে, এই প্রস্তাবের প্রতিবাদে চার ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক কার্যালয়ের দিকে বিশাল পদযাত্রা করেন। তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে, বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে প্রবেশ করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি গোপন রাখার অভিযোগ তুলে জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মোং আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা প্রস্তাবটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর, বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। বক্তাদের মতে, তার এই পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা গঠনের বিষয়ে পরিদর্শনের জন্য একটি দাপ্তরিকপত্র পাঠিয়েছে। জেলা প্রশাসন বিষয়টি গোপন রেখেছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারবেন না।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, যদি সদর ও বিজয়নগর উপজেলা ভেঙে নতুন উপজেলা করার সিদ্ধান্ত থেকে সরে আসা না হয়, তবে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে পুরো জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তারা বর্তমানের মতো ভবিষ্যতেও সদর উপজেলার সঙ্গেই থাকতে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%