শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২৭ পি.এম
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জের কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে পুলিশ আটক করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া তিনজনের মধ্যে রয়েছেন- তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের শেখ ওসামা আল জামান (২০), সাকিব উদ্দিন শরিফ (১৯) এবং মো. আমজাদ হোসেন (১৯)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রুপটি ওসামার নেতৃত্বে দীর্ঘ সময় ধরে অনলাইনে কিশোর গ্যাং গঠন করার কাজে নিয়োজিত ছিল। তারা ফেসবুক এবং টিকটকের মাধ্যমে ওএসটি নামে একটি আইডি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি করে তা প্রচার করতেন। প্রশাসন তাদের কার্যকলাপ দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছিল। এই গ্রুপে মোট ১৯ জন সদস্য রয়েছে, যারা সমাজের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। হাতিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ বিষয়ে বলেন, "এই গ্রুপটি অনেকদিন ধরে সক্রিয়। তাদের কর্মকাণ্ড ফলো করা হয়েছে অনেক আগ থেকেই। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্যান্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক, পুলিশের মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানের সময় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। একই স্থান থেকে জৈন্তাপুর থানার মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড তাজা রাইফেলের গুলিও উদ্ধার করা হয়েছে। তবে এসব অস্ত্র ও গোলাবারুদ সেখানে কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে।
এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সমুদ্রের তলদেশে অদ্ভুত ও বিষ্ময়কর প্রাণীর অভাব দেখা যায় না। তবে সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত নতুন দুটি প্রজাতির সামুদ্রিক মাকড়সার (Sea Spider) শারীরিক গঠন দেখে অনেকেই বিস্মিত হচ্ছেন। এক প্রজাতির রয়েছে রক্তবর্ণ লাল চোখ, লোমে ঢাকা পা এবং তিন ঠোঁটের বিশেষ মুখাবয়ব। অন্য প্রজাতিটির শরীরে বাস করে একাধিক ক্ষুদ্র পরজীবী।
বিজ্ঞানভিত্তিক সাময়িকী Organisms Diversity & Evolution-এ প্রকাশিত একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (UBC)-এর গবেষক ও ডিন প্রাক-স্নাতক বিজ্ঞানী করম্যাক টলার-স্কটের নেতৃত্বে কানাডার ‘স্যালিশ সি’ (Salish Sea) অঞ্চলে ১৮ মিটার পানির নিচে স্কুবা ডাইভিংয়ের সময় এই প্রজাতি দুটি শনাক্ত করা হয়। বিগত প্রায় ১০০ বছরের মধ্যে ওই অঞ্চলে সামুদ্রিক মাকড়সার নতুন প্রজাতি আবিষ্কারের ঘটনা এটি প্রথম।
অদ্ভুত দুই প্রজাতির বৈশিষ্ট্য
গবেষকদের আবিষ্কৃত দুটি প্রজাতির মধ্যে শারীরিক গঠন ও জীবনযাত্রায় বৈচিত্র্য লক্ষ্য করা গেছে:
ক্যালিপ্যালিন পিলোসিপেডেস (Callipallene pilosuspedes): লাতিন শব্দ ‘পিলোসাস’ (লোমশ) এবং ‘পেডেস’ (পা) থেকে এর নামকরণ করা হয়েছে। এই মাকড়সাটির নিচের পায়ে লম্বা ও বাঁকানো কাঁটার মতো লোম রয়েছে। লাল চোখের এই প্রাণীটির ত্রিভুজাকার মুখে তিনটি ঠোঁট ও শিকার ধরার জন্য ধারালো দাঁত/আংটা রয়েছে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা গেছে, এটি বিশেষভাবে পাগুলো ঘুরিয়ে চিরুনির মতো কাঁটা ব্যবহার করে নিজেকে পরিষ্কার বা গ্রুমিং করতে সক্ষম।
ট্যানিসটাইলাম কিশিন (Tanystylum kiixin): স্থানীয় আদিবাসী গ্রামের নামানুসারে নামকরণ করা এই প্রজাতির পায়ের গঠন কিছুটা ছোট ও কম নমনীয়। এটি নিজে নিজেকে পরিষ্কার করতে পারে না। ফলে এর শরীরে প্রচুর ধুলাবালি জমে থাকে এবং গবেষণায় এর শরীরের ওপর আরও ছোট ছোট পরজীবীর উপস্থিতি পাওয়া গেছে।
বিজ্ঞানীদের উদ্বেগের কারণ
সাধারণ স্থলভাগের মাকড়সার মতো দেখতে হলেও সামুদ্রিক মাকড়সা মূলত একটি প্রাচীন অর্থোপোড প্রজাতি, যা প্রায় ৫০ কোটি বছর আগে থেকে বিদ্যমান। এসব প্রাণীর পা-এর ভেতরেই এদের পরিপাক ও প্রজননতন্ত্র প্রসারিত থাকে।
গবেষক করম্যাক টলার-স্কট জানান, জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় নগরায়নের ফলে সাগরের অবমূল্যায়িত সামুদ্রিক প্রাণীরা কতটা ঝুঁকিতে রয়েছে তা বোঝার জন্য তারা এই জরিপ পরিচালনা করেন। সমুদ্র তলদেশের এই জীববৈচিত্র্য সংরক্ষণ করা না গেলে অনন্য অনেক প্রজাতি মানুষের অজান্তেই বিলুপ্ত হয়ে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোহাম্মদ সালাহ আফ্রিকা কাপ অব নেশনসের দ্বিতীয় বাছাইপর্বে মিশরের হয়ে দক্ষিণ সুদানে খেলবেন না।
শনিবার মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে জানায়, ম্যাচটি কৃত্রিম ঘাসের মাঠে অনুষ্ঠিত হবে, তাই সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যাঙ্গোলার বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে মিশর। সালাহ সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন, কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝপথে কোচ হোসাম হাসান তাকে তুলে নেন।
ইএফএ সামাজিক মাধ্যমে জানায়, “জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ, হোসাম হাসানের নেতৃত্বে, ২৯ সেপ্টেম্বর দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খেলার মাঠের অবস্থা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সংস্থাটি আরও উল্লেখ করে, “অ্যাঙ্গোলার ম্যাচের আগে সালাহ ও টেকনিক্যাল স্টাফের মধ্যে আলোচনা হয়েছিল যে তিনি দক্ষিণ সুদানের বিপক্ষে খেলবেন না। খেলোয়াড়কে সুরক্ষিত রাখার জন্যই এই সিদ্ধান্ত।”
দক্ষিণ সুদান ও মিশরের ম্যাচটি জুবা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে মাঠটি কৃত্রিম ঘাসের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার সুরক্ষার বার্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে, সাংগঠনিক মাস উপলক্ষে উপজেলার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ এই মতবিনিময় সভায় অংশ নেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, শিক্ষক আব্দুর রহমান, মমিরুল ইসলাম, শিউলি কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, নিকাহ রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহানুর বেগম, মাহফুজা খাতুন, নিতু মন্ডল, রেক্সোনা খানম ও মৌমিতা সাহা প্রমুখ।
সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে নারীর মানবাধিকার ও সামাজিক অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। নারী অধিকার কেবল নারীদের কথা নয়, এটি সমগ্র সমাজের অগ্রগতির বিষয়। আমরা চাই তৃণমূল পর্যায়ের নারী-পুরুষ সবাই একসাথে বসে এই বিষয়গুলো নিয়ে ভাবুক এবং কুসংস্কার দূর করে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখুক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ