ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ৩০০ ছিনতাই স্পট, অপরাধের পেছনে বড় ভূমিকা কার


রাজধানীতে ৩০০ ছিনতাই স্পট, অপরাধের পেছনে বড় ভূমিকা কার

ঢাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। বিভিন্ন সময় ছিনতাইয়ের কবলে পড়ে নিহত হচ্ছেন অনেক মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করলেও প্রায়ই ছিনতাইয়ের ঘটনায় প্রাণহানি ঘটছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী রয়েছে ১ হাজার ৩৮৭ জন। গোয়েন্দা সূত্র বলছে, তালিকার বাইরেও হাজারো ছিনতাইকারী সক্রিয়। তাদের একটি বড় অংশ ভাসমান ও মাদকাসক্ত। সুযোগ পেলেই তারা পথচারী, রিকশা, বাস কিংবা প্রাইভেট কারে থাকা মানুষের ওপর হামলে পড়ে।

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীতে প্রায় ৩০০ ছিনতাই স্পট রয়েছে। এর মধ্যে ৫৫টি হটস্পট হিসেবে চিহ্নিত। এসব এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রেহাই পাচ্ছেন না। গত জুনে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় তিন দুর্বৃত্তকে আটক করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করা হয়।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় উঠে এসেছে ছিনতাইকারীদের বেপরোয়া চিত্র। গত ২৪ আগস্ট কমলাপুরে বাস থেকে নামার সময় চ্যানেল নাইনের ব্রডকাস্ট কর্মকর্তা ফরিদ হোসেনের মানিব্যাগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক। হাতেনাতে ধরা পড়লেও ফরিদের দাবি, সেখানে আরও কয়েকজন ছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে, উল্টো তাকেই ছিনতাইকারী প্রমাণ করার চেষ্টা চলছিল।

এর আগে কমলাপুরে এক নারীর কান থেকে দুল ছিনিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এক ছিনতাইকারী। পুলিশের ভাষ্য, ধরা পড়ার পর সে দুলটি গিলে ফেলে। মিরপুরে এক নারীর ব্যাগ ও মোবাইল নিয়ে পালানোর সময় ধরা পড়ে আরেকজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে দিনের আলোতেই। বারবার হ্যাঁচকা টানে গলায় আঘাত পান ওই শিক্ষার্থী।

ডিএমপির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেড় বছরে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৭০৩টি মামলা করা হয়েছে। এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮৩৭ জনকে। শুধু ২০২৫ সালেই ৫৩১ মামলায় গ্রেপ্তার হয় ১ হাজার ৪৩৫ জন। চলতি বছরের প্রথম ছয় মাসে ১৭২ মামলায় গ্রেপ্তার হয়েছে আরও ৪০২ জন।

কিন্তু এত গ্রেপ্তারের পরও কেন থামছে না ছিনতাই? পুলিশ বলছে, গ্রেপ্তারের পর অনেক অপরাধী দ্রুত জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে। আবার ভুক্তভোগীদের অনেকেই মামলা করতে চান না। 

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

অপরাধ বিশেষজ্ঞদের মতে, এই অপরাধের পেছনে বড় ভূমিকা রাখছে মাদকের সহজলভ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী বলছেন, শুধু পেটের দায়ে মানুষ ছিনতাইয়ে নামে না; মাদকের অর্থ জোগাড় করতেও একটি বড় অংশ অপরাধে জড়িয়ে পড়ে। কর্মসংস্থানের অভাব এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার দুর্বলতাও পরিস্থিতিকে জটিল করছে।

তার ভাষায়, বিচ্ছিন্নভাবে মামলা বা দু-একজনকে গ্রেপ্তার করে এ সংকটের সমাধান সম্ভব নয়। অপরাধের মূল উৎসে আঘাত করতে সমন্বিত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম অবশ্য বলছেন, ছিনতাইকারীদের ধরতে নিয়মিত বিশেষ অভিযান চলছে। ছিনতাইপ্রবণ এলাকায় পুলিশের টহলও বাড়ানো হয়েছে। তার দাবি, কিছু ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ছিনতাই বেড়েছে বলে মনে হলেও পুলিশের পরিসংখ্যানে তা বাড়েনি।

আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্লাস্টিকের বোতল দিয়ে বিস্কুট বানাচ্ছেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


প্লাস্টিকের বোতল দিয়ে বিস্কুট বানাচ্ছেন গবেষকরা

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্যকে প্রোটিনসমৃদ্ধ কুকিজে রূপান্তরের প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির গবেষকেরা। নাসার নেতৃত্বে গভীর মহাকাশ অভিযানের জন্য খাদ্য তৈরির একটি প্রকল্পের অংশ হিসেবে তৈরি এই প্রযুক্তি ভবিষ্যতে খাদ্যসংকট মোকাবিলা ও প্লাস্টিক দূষণ কমাতে ভূমিকা রাখতে পারে।

গবেষকেরা নতুন এই খাবারের নাম দিয়েছেন ‘µBites’। এর প্রধান উপাদানের মধ্যে রয়েছে ফেলে দেওয়া পিইটি (PET) প্লাস্টিক (সাধারণত পানীয় ও পানির বোতল তৈরিতে যে প্লাস্টিক ব্যবহৃত হয়)। এর সঙ্গে ব্যবহার করা হচ্ছে ভুট্টার ডাঁটা ও পাতার মতো কৃষিজ বর্জ্য।

গবেষণা প্রক্রিয়ায় পানি ও অক্সিজেন ব্যবহার করে প্রচণ্ড তাপ ও চাপের মাধ্যমে প্লাস্টিক ও উদ্ভিজ্জ বর্জ্যকে ভেঙে ক্ষুদ্র উপাদানে পরিণত করা হয়। পরে বিশেষভাবে প্রস্তুত অণুজীবের সাহায্যে এসব উপাদানকে প্রোটিন, চর্বি ও বিভিন্ন অ্যাসিডে রূপান্তর করা হয়।

এরপর থ্রিডি প্রিন্টারের মাধ্যমে ওই মিশ্রণকে কুকিজের আকার দেওয়া হয়। কুকিজের স্বাদ ও পুষ্টিমান বাড়াতে আলাদাভাবে তৈরি ইস্টও ব্যবহার করা হচ্ছে। গবেষকদের তৈরি এক ধরনের ইস্ট উদ্ভিজ্জ বর্জ্য থেকে সরাসরি ভ্যানিলার স্বাদ তৈরি করতে পারে। অন্য একটি ইস্ট পিইটি প্লাস্টিকে থাকা ইথিলিন গ্লাইকোলকে বিটা-ক্যারোটিনে রূপান্তর করে। মানবদেহে বিটা-ক্যারোটিন ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়।

গবেষক দল জানিয়েছে, ‘µBites’ খাওয়ার উপযোগী কি না, সে বিষয়ে নিরাপত্তা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আনুষ্ঠানিক স্বাদ পরীক্ষার জন্য এখনো প্রাতিষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি। এর আগে পরিচালিত গন্ধ পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ মানুষ জানিয়েছেন, সম্পদের সংকট রয়েছে— এমন পরিস্থিতিতে তারা এই কুকিজ খেতে রাজি।

গবেষক লাহিরু জয়াকোডি জানান, ভবিষ্যতে কুকিজে স্টার্চ, ফাইবার ও মিষ্টিকারক উপাদান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কয়েক বছরের মধ্যে এগুলো সাধারণ মানুষের খাওয়ার উপযোগী করে তোলার আশা করছেন তারা।

গবেষকদের মতে, এই প্রযুক্তির সম্ভাবনা শুধু মহাকাশ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানবিক সংকটের সময় খাদ্যসংকট মোকাবিলা, সীমিত সম্পদের পরিবেশে খাবার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য কমানোর ক্ষেত্রেও এটি কাজে লাগতে পারে।

বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বর্জ্যকে পুষ্টিকর খাবারে রূপান্তরের এই প্রযুক্তিকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন গবেষকরা। তাদের ধারণা, ভবিষ্যতে মানুষ যে বর্জ্য তৈরি করছে, অণুজীবের সাহায্যে সেটিকেই আবার খাদ্যের উপযোগী উপাদানে পরিণত করা সম্ভব হতে পারে। সূত্র: ফোর্বস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


নেত্রকোণায় দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা, ৩০ আগস্ট, ২০২৬ : জেলার কলমাকান্দা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকেলে কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে সদর ইউনিয়নে সারের বাজার পরিস্থিতি, মজুত ও ডিলারদের কার্যক্রম মনিটরিংয়ে যায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

পরিদর্শনকালে সার বিক্রিতে সরকারি নিয়ম লঙ্ঘন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়া যায়।

অভিযানে সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ‘মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ’-এর বিএডিসি সার ডিলারকে ১০ হাজার টাকা এবং ‘মেসার্স হাবিবুর রহমান’-এর বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কলমাকান্দা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ বাসসকে জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সার বিক্রিতে যেকোনো ধরনের অনিয়ম ও অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের ঘানি থেকে ডেইরি ফার্ম, রংপুরের কৃষি ঐতিহ্য ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


তেলের ঘানি থেকে ডেইরি ফার্ম, রংপুরের কৃষি ঐতিহ্য ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রংপুরে তিন দিনের সফরে এসে আধুনিক ডেইরি খামার এবং ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন। রবিবার (৩০ আগস্ট) তিনি গঙ্গাচড়া উপজেলার প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের খামার পরিদর্শন করেন এবং চন্দনের হাটে গিয়ে সরিষা থেকে ঘানিতে তেল উৎপাদনের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

রবিবার দুপুরে বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্মে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরুর পালন কার্যক্রম দেখেন। গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

প্যারাগন ডেইরির কর্মকর্তারা রাষ্ট্রদূতকে জানান, দুধ উৎপাদন বাড়াতে গাভির পুষ্টির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন, ভুট্টাসহ বিভিন্ন পশুখাদ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আমেরিকান জেনেটিকস ব্যবহার করে উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলমান রয়েছে।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন খামারের কার্যক্রম পরিদর্শন শেষে বলেন, উন্নত জেনেটিকস ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, এসব কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করছে।

প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রদূতকে খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় খামারের অবকাঠামো, ব্যবস্থাপনা, পশুখাদ্য, দুধ উৎপাদন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিদর্শন শেষে খামারে উৎপাদিত দুধও পান করেন মার্কিন রাষ্ট্রদূত।

আধুনিক ডেইরি ফার্ম পরিদর্শনের পর রাষ্ট্রদূত যান চন্দনের হাটে। সেখানে তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে প্রচলিত সরিষার তেল উৎপাদনের ঐতিহ্যবাহী ঘানি পরিদর্শন করেন।

ঘানিতে সরিষা থেকে তেল উৎপাদনের পুরো প্রক্রিয়া দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং এ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। ঘানিভাঙা সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি দেখে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্তব্য করেন, ‘ঘানিভাঙা সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনো সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লেগেছে।’

রাষ্ট্রদূতের এ সফরে বাংলাদেশের আধুনিক প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এবং স্থানীয় কৃষি ও ঐতিহ্যবাহী উৎপাদনপদ্ধতির প্রতি বিদেশি আগ্রহের বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টরা মনে করেন, উন্নত জেনেটিকস, পুষ্টিকর পশুখাদ্য ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

প্যারাগন ডেইরি ফার্ম ও চন্দনের হাটের তেলের ঘানি পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পরিদর্শনের উদ্দেশে গঙ্গাচড়া ত্যাগ করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুমুর সেই আলোচিত ঘটনায় যা বললেন রাম কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


চুমুর সেই আলোচিত ঘটনায় যা বললেন রাম কাপুর

একটি রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে চুমু দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন ভারতীয় ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর দীর্ঘদিন নীরব ছিলেন তিনি। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেতা। 

রাম কাপুরের দাবি, ওই কাজের পেছনে তার কোনো বাজে উদ্দেশ্য ছিল না এবং গোটা বিষয়টি ভুলভাবে তুলে ধরা হচ্ছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটি নিয়ে কথা বলেন রাম কাপুর। জানান, বিষয়টি নিয়ে অভিনেত্রী শ্রেয়া কালরার সঙ্গে তার কথা হয়েছে এবং শ্রেয়া নিজেও বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন।

রাম কাপুর বলেন, ‘শ্রেয়ার সঙ্গে আমার এ নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে; সে বিষয়টি বুঝতে পেরেছে। আমি বরাবরই এমন। আমি মেলামেশা ও অঙ্গভঙ্গির ক্ষেত্রে একটু বেশি খোলামেলা ধরনের মানুষ। পুরো ক্যারিয়ারজুড়েই আমি এমন ছিলাম। তাই কোনো প্রেক্ষাপট ছাড়া বিতর্ক তৈরি হলে সেটি আমি বিন্দুমাত্র পরোয়া করি না।’

রাম কাপুর আরও বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে, এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের পথচলায় আমার সঙ্গে কাজ করা কোনো নারী সহকর্মী কখনো আমার বিরুদ্ধে একটি অভিযোগও তোলেননি। তাই লোকে কী বলল তাতে আমার কিছু যায়-আসে না, আমি যেমন আছি তেমনই থাকব।’

উল্লেখ্য, সম্প্রতি খাদ্যভ্যাস ও শরীরচর্চায় বড় পরিবর্তনের মাধ্যমে ওজন কমিয়ে সম্পূর্ণ নতুন লুকে ধরা দিয়েছিলেন এই অভিনেতা। তবে ফিটনেস নিয়ে প্রশংসার রেশ কাটতে না কাটতেই এই চুমু-বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে আসলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%