ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের ৩০টি উড়োজাহাজ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ধ্বংস


ইরানের ৩০টি উড়োজাহাজ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের ২০ থেকে ৩০টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে। যুদ্ধের সময় দেশটির ৭০ থেকে ৮০টি উড়োজাহাজ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

সোমবার (১৯ অক্টোবর) ইরান এয়ারের প্রধান নির্বাহী তাহের আবদোলহাই এই তথ্য প্রকাশ করেন। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে আবদোলহাই উল্লেখ করেন, ইরানের বিমান চলাচল খাতের চাহিদা পূরণের জন্য প্রায় এক হাজার যাত্রীবাহী উড়োজাহাজ প্রয়োজন। কিন্তু বর্তমানে দেশটির বিমান বহরে ৩০০টির মতো উড়োজাহাজ রয়েছে।

আরও পড়ুন: ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

তিনি জানান, যুদ্ধ শুরুর পূর্বে উড়োজাহাজগুলোর মধ্যে ১৩০ থেকে ১৪০টি সচল ছিল। সংঘাত চলাকালে ২০ থেকে ৩০টি উড়োজাহাজ ধ্বংস হয়ে গেছে।

ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ার, যা ‘হোমা’ নামেও পরিচিত, এর প্রধান দাবি করেন, ইসরাইলের হামলায় তাদের উড়োজাহাজ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য কয়েকটি সংস্থার উড়োজাহাজে একটি করে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও ইরান এয়ারের একটি উড়োজাহাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে তিনি জানান।

আবদোলহাই আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন বিধিনিষেধের কারণে ইরান এয়ারের কার্যক্রম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। এর ফলে সংস্থাটির সচল উড়োজাহাজের সংখ্যা কমেছে এবং লাভজনক আন্তর্জাতিক রুটে চলাচলের সুযোগও সীমিত হয়ে পড়েছে।

বিমান সংস্থাটির প্রধান নির্বাহী জানান, উড়োজাহাজের যন্ত্রাংশ সংগ্রহে জটিলতা, আর্থিক সংকট এবং কর্মীসংক্রান্ত নানা সমস্যা তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ভারতের একক বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শনে রুবিও, কিন্তু কেন?

তিনি আরো জানান, ইরান এয়ারে ৯ হাজারের বেশি কর্মী রয়েছেন। সচল উড়োজাহাজের সংখ্যা কমে যাওয়ায় সংস্থাটির দক্ষতা ও কার্যকারিতা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

ইরান এয়ারকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আবদোলহাই। তিনি মনে করেন, এই জাতীয় বিমান সংস্থা শুধুমাত্র বাণিজ্যিক পরিবহন সেবা প্রদান করে না; বরং দেশটির কৌশলগত জাতীয় স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অতএব, সংস্থাটির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে বাণিজ্যিক লাভের পাশাপাশি জাতীয় স্বার্থকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের ফলে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা দেশটির বিমান চলাচল খাতকে চাপের মধ্যে রেখেছে।

আরও পড়ুন: থাইল্যান্ডের ই-ভিসার আবেদন ৩ দিন বন্ধ, জানা গেল কারণ

২০১৮ সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর পর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনা ব্যাহত হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সেবার অভাবে কিছু উড়োজাহাজ স্থগিত রাখতে হয়েছে, এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে গেছে।

তথ্যসূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৫ এম


পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৩৬ টি শাড়ি বিতরণ করেছে পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা। দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।জাতীয় আদিবাসী পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র নারীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়। এর অংশ হিসেবে ১ নম্বর নিতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ছয়জন নারীকে শাড়ি দেওয়া হয়।শাড়ি সহায়তা পাওয়া নারীরা হলেন—কাপালির মোড় টিয়াপাড়ার শ্রীমতি অনুবালা, মনোহরপুরের শ্রীমতি শেফালী মারডী, সাঁকো দিঘীর শ্রীমতি গোলাপি পাহান, বিজলী পাড়ার শ্রীমতি ঝারো উড়াও, বিষ্ণপুর, শ্রীমতি মঙ্গলি উড়াও এবং নিতপুর সদরের শ্রীমতি মনসা রানী ঋষি।এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়েছে।পোরশা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের পোরশা উপজেলা শাখার পক্ষ থেকে বস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সবার আশীর্বাদ ও শুভকামনা কামনা করা হয়।ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল.মাদারীপুর প্রতিনিধি:

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ এম


শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা

‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরের দ্বিতীয় প্রত্যাবর্তন নিশ্চিত লক্ষ্যে কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’—এমন স্লোগানসংবলিত একটি ফেসবুক পোস্ট ঘিরে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় আলোচনা-সমালোচনা চলছে।

গত সোমবার (১৯ অক্টোবর) কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেনের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ করা হয়। পোস্টের সঙ্গে যুক্ত ভিডিওতে কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক পৌর মেয়র এনায়েত হোসেনসহ কালকিনি ও ডাসার এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়। ভিডিওতে তাঁদের স্লোগান দিতে ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

পোস্টে শেখ হাসিনার ডিসেম্বর মাসে দ্বিতীয়বার প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। একই সঙ্গে ভিডিওতে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপট ও প্রত্যাবর্তনসংক্রান্ত দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এ অবস্থায় দলটির নেতাকর্মীদের এমন স্লোগানসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

তবে এ বিষয়ে সাবেক মেয়র এনায়েত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক কিংবা সংশ্লিষ্ট অন্য নেতাকর্মীদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।



তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫টি সরকারি জলমহাল ৬ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ এম


২৫টি সরকারি জলমহাল ৬ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : প্রকৃত মৎস্যজীবীদের অধিকার রক্ষা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং সরকারি রাজস্ব আহরণে গতিশীলতা আনার লক্ষ্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু নির্দেশনা দিয়েছেন, যাতে সরকারি জলমহাল ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।

মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জলমহাল ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। উন্মুক্ত ও অনলাইনভিত্তিক ইজারা ব্যবস্থার মাধ্যমে প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে, যা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯২তম সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেছেন, প্রান্তিক ও প্রকৃত মৎস্যজীবীরা যাতে কোনো প্রকার বাধা ছাড়া সুবিধা পেতে পারেন, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারি জলমহালগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী কোনো প্রকার অন্যায় তদবির গ্রহণ না করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সরকারি জলমহাল ইজারা সংক্রান্ত সুপারিশ করার নির্দেশনা দিয়েছেন।

সভায় উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ একরের বেশি আয়তনের সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

মৌলভীবাজারের ১১টি, রংপুরের ১টি, সিলেটের ১৯টি ও কুষ্টিয়ার ৩টিসহ সর্বমোট ৪টি জেলার ৩৪টি জলমহালের প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়।

এছাড়া বরিশালের দুর্গাসাগর দিঘি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিল চুড়ইল জলমহাল, মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত নিমগাছি প্রকল্পের ৭৭৯টি পুকুরের মেয়াদ বৃদ্ধি এবং হবিগঞ্জ জেলার বিল সুতী নদী (বদ্ধ) জলমহাল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

উপস্থাপিত প্রস্তাব যাচাই-বাছাই শেষে সভায় ২৫টি জলমহাল ছয় বছর মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সায়রাত অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মফিজুল ইসলামসহ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া মৌলভীবাজার, সিলেট, রংপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকরা ভার্চুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী রামু সেনানিবাসে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ এম


সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী রামু সেনানিবাসে

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : আজ রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৬৬ পদাতিক ডিভিশন দল, এবং রানারআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড দল। বিশেষ পারদর্শিতা প্রদর্শনের জন্য ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন, এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

গত ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%