ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনালে পা রাখতে ইংল্যান্ডকে হারাতে চায় পাকিস্তান


ফাইনালে পা রাখতে ইংল্যান্ডকে হারাতে চায় পাকিস্তান

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বে দুই ম্যাচে জয়লাভ করে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। তাদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে দলটি। এই ম্যাচে জয়লাভ করলে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

অন্যদিকে, ইংল্যান্ডের জন্য এই ম্যাচ হারলে ফাইনালে খেলার আশা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। এখন পর্যন্ত ইংল্যান্ড ২ ম্যাচ খেলে একটি ম্যাচও জিততে পারেনি। টুর্নামেন্টের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ২ ম্যাচের মধ্যে ১টিতে জয়লাভ করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে আছে।

লাহোরে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচটি বাংলাদেশ সময় রোববার দুপুর ২টায় শুরু হবে।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

পাকিস্তান তাদের ত্রিদেশীয় সিরিজ শুরু করে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ রানে জয়লাভ করে। সালমান আগারের ১০৭ রানের সুবাদে তারা ৩০৫ রানের সংগ্রহ পায়। এরপর বোলারদের অসাধারণ নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ২৬৮ রানে অলআউট করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০২ রান করে পাকিস্তান। দুই মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজের ৭৯ ও আরাফাত মিনহাসের ৫৯ রানের সাহায্যে তারা ৯ উইকেট হারিয়ে এই রান করে। পরবর্তীতে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আরাফাত মিনহাসের ঘূর্ণিতে ইংল্যান্ড ২১৫ রানে অলআউট হয়। ৮৭ রানের জয় নিয়ে পাকিস্তান পূর্ণ ৪ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে উঠে যায়।

মিনহাস ৪০ রানে ৬ উইকেট নেন।

পাকিস্তানের কাছে পরাজয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইংল্যান্ড। লঙ্কানদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড ডাবল-সেঞ্চুরির ইনিংসে তারা ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে। ১১৪ বলে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ব্রুক। শেষ পর্যন্ত ২১টি চার ও ১০টি ছক্কায় ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক।

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

তবে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৪২৯ রানের লক্ষ্য ১ বল বাকী রেখে স্পর্শ করে শ্রীলঙ্কা। পাবান রত্নানায়েকে ১০৬ বলে ১৩০, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকা ৯৭ রান করেন।

টানা দুই ম্যাচ হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, “ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। আশা করছি এ ম্যাচ দিয়ে আমরা জয়ের ধারায় ফিরবো। দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত।”

হ্যাটট্রিক জয়ে চোখ রেখে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ৫৯ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া মিনহাস বলেন, “দলের সবাই দারুণ ছন্দে আছি। প্রথম দুই ম্যাচে দল হিসেবে সেরা পারফরমেন্স করেছে সতীর্থরা। পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে তৃতীয় জয়ের স্বাদ নিতে চাই আমরা।

আরও পড়ুন: মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা: মিলন এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা পোষণের পরিণতি: রাসুলুল্লাহ (সা.)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০০ এম


আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা পোষণের পরিণতি: রাসুলুল্লাহ (সা.)

বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমার বান্দা যেসব কাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সেই কাজগুলো, যা আমি তার ওপর ফরজ করেছি। আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসি।

যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার শ্রবণশক্তি হয়ে যাই, যার সাহায্যে সে শোনে; তার দৃষ্টিশক্তি হয়ে যাই, যার সাহায্যে সে দেখে; তার হাত হয়ে যাই, যার সাহায্যে সে ধরে; এবং তার পা হয়ে যাই, যার সাহায্যে সে চলে।

সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিই।

আমি কোনো কাজ করতে গিয়ে এমন দ্বিধা করি না, যেমন দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ গ্রহণের ব্যাপারে। সে মৃত্যুকে অপছন্দ করে, আর আমিও তার কষ্ট অপছন্দ করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৫০২)

শিক্ষা ও বিধান

১. আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা করা একটি ভয়াবহ অপরাধ। আল্লাহ তাআলা তাঁর প্রিয় ও নেককার বান্দাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ, অন্যায়ভাবে কষ্ট দেওয়া কিংবা তাঁদের সঙ্গে শত্রুতা করা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। হাদিসে আল্লাহ তাআলা এমন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা উল্লেখ করেছেন। তাই মুমিনদের উচিত আল্লাহর নেককার বান্দাদের সম্মান করা এবং অন্যায় আচরণ থেকে বিরত থাকা।

২. আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম উপায় হলো ফরজ আমল পালন করা। নামাজ, রোজা, জাকাতসহ আল্লাহর নির্ধারিত ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করা আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান মাধ্যম। নফল ইবাদতে মনোযোগী হওয়া যথেষ্ট নয়; বরং ফরজ ইবাদত পালনে যত্নবান হতে হবে। ফরজ আমলে অবহেলা করে নফল আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা করা সঙ্গত নয়।

৩. নফল ইবাদত আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, নফল রোজা, কোরআন তিলাওয়াত, জিকির, দান-সদকা ও অন্যান্য নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহর আরও নৈকট্য লাভ করে। ধারাবাহিকভাবে নেক আমল করতে থাকলে আল্লাহর ভালোবাসা অর্জনের সৌভাগ্য হয়। তাই সামর্থ্য অনুযায়ী নিয়মিত নফল ইবাদতের অভ্যাস গড়ে তোলা উচিত।

৪. আল্লাহর ভালোবাসা বান্দার জীবনকে সঠিক পথে পরিচালিত করে। হাদিসে বলা হয়েছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার শ্রবণ, দৃষ্টি, হাত ও পায়ের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন। এর অর্থ এই নয় যে আল্লাহ আক্ষরিক অর্থে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ হয়ে যান; বরং আলেমরা ব্যাখ্যা করেছেন, আল্লাহ সেই বান্দাকে সঠিক পথে পরিচালিত করেন এবং তার অঙ্গপ্রত্যঙ্গকে তাঁর সন্তুষ্টির কাজে ব্যবহারের তাওফিক দেন। ফলে সে হারাম থেকে বেঁচে থাকে, অন্যায় দেখা ও শোনা থেকে বিরত থাকে এবং হাত-পা দিয়ে নেক কাজ করে।

৫. দোয়া ও আশ্রয় প্রার্থনায় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। আল্লাহর প্রিয় বান্দা যখন তাঁর কাছে কিছু চাইলে আল্লাহ তা দান করেন এবং তাঁর কাছে আশ্রয় চাইলে আশ্রয় দেন—হাদিসে এ সুসংবাদ রয়েছে। তাই বিপদ-আপদ, দুঃখ-কষ্ট ও জীবনের প্রতিটি প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তবে দোয়া কবুল হওয়ার ধরন ও সময় আল্লাহর হিকমতের অধীন; তাই দেরি হলে হতাশ না হয়ে তাঁর ওপর ভরসা রাখতে হবে।

৬. আল্লাহর ভালোবাসা পেতে ইবাদতে আন্তরিকতা জরুরি। শুধুমাত্র মানুষের প্রশংসা বা সামাজিক মর্যাদা লাভের জন্য ইবাদত করা উচিত নয়। বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ফরজ ও নফল আমল করতে হবে। লোকদেখানো মনোভাব পরিহার করে ইখলাসের সঙ্গে ইবাদত করলে তা বান্দাকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যায়।

৭. মুমিনের জীবনে আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহ রয়েছে। হাদিসের শেষাংশে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রাণ গ্রহণের প্রসঙ্গে তাঁর কষ্ট অপছন্দ করার কথা বলেছেন। এর মাধ্যমে বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহের বিষয়টি ফুটে ওঠে। মৃত্যু প্রত্যেক প্রাণীর জন্য অবধারিত হলেও মুমিনের উচিত আল্লাহর রহমতের আশা রাখা, নেক আমলে জীবন সাজানো এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা।

আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ এম


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩ জন

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন গত ২৪ ঘণ্টায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ডাকাত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এই তথ্য প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন মাদক কারবারি, ৪৬ জন মাদকসেবী, ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, চারজন ডাকাত, একজন চোর, পাঁচজন নিয়মিত মামলার আসামি, তিনজন অন্যান্য ধারায় এবং চারজন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।

থানাভিত্তিক এই অভিযানে সোনারগাঁ থেকে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে। এখানে ৩০ জনের মধ্যে একজন মাদক কারবারি, ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, দুজন অন্যান্য ধারায় এবং একজন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।

এছাড়া, সিদ্ধিরগঞ্জ থেকে ১২ জন মাদকসেবী, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লায়, ১৫টি ইয়াবা, তিন গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি, তিনজন মাদকসেবী, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার তিনজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর থানায় ২১০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক কারবারি ও আটজন মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, বন্দর থানায় তিনজন ডাকাত, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য ধারায় একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জে একজন চোর, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজারে গ্রেপ্তার করা হয়েছে দুজন মাদকসেবীকে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, দাবি সৌদি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, দাবি সৌদি কর্তৃপক্ষ

মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ সউদী আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে। এ তথ্য দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসলামের পবিত্র দুই নগরীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মক্কা ও মদিনা অঞ্চলের দিকে লক্ষ্য করে ছিল। প্রতিহত করার পর বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মক্কার ওয়াদি মুগামাস এলাকায় ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে। এছাড়া জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের একটি জনবসতিহীন স্থানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষের বিবৃতিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, পবিত্র এলাকাগুলো লক্ষ্য করে হামলার বিষয়ে সউদী পক্ষের প্রচার সম্পূর্ণ মিথ্যা।

এর আগে শনিবার সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। এসব এলাকার মধ্যে মক্কাও অন্তর্ভুক্ত ছিল। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

হুথিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সউদী আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন ও একটি বিমানঘাঁটি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বাহিনী দুই দফায় হামলা চালিয়েছে। দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করা হয়েছে।

হুথিদের দাবি অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অপরিশোধিত তেল উত্তোলন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশন রয়েছে। তবে এসব লক্ষ্যবস্তুতে হামলার ফলাফল সউদী কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

এদিকে ইয়েমেনের সউদী-সমর্থিত সরকারও শনিবার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে হুথিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এ বিষয়ে হুথিদের বক্তব্য এবং ক্ষয়ক্ষতির স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার

বাংলাদেশ ও জার্মানির মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার নতুন রূপ দেওয়ার উদ্দেশ্যে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার জন্য আজ ঢাকা পৌঁছাচ্ছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। তিন দিনের সরকারি সফরে তিনি আসছেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জার্মান দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

জার্মানি, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার, এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের যৌথ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্য রাখছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার পাশাপাশি দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে, যা এই আলোচনা প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে নতুন ক্ষেত্রগুলোতে আলোকপাত করবে।

ড. কফলার সফরের সময় রাজনৈতিক সংলাপে অংশগ্রহণ করবেন এবং চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন।

ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবে অংশগ্রহণ করবেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশের ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বগণ উপস্থিত থাকার আশা করা হচ্ছে।

১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক ‘জার্মান রিইউনিফিকেশন ডে’কে স্মরণ করে এই দিবসটি উদযাপন করা হয়, যা কয়েক দশকের স্নায়যুদ্ধকালীন বিভাজনের পর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%