১১:০২ এম
মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ সউদী আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে। এ তথ্য দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসলামের পবিত্র দুই নগরীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মক্কা ও মদিনা অঞ্চলের দিকে লক্ষ্য করে ছিল। প্রতিহত করার পর বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মক্কার ওয়াদি মুগামাস এলাকায় ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে। এছাড়া জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের একটি জনবসতিহীন স্থানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষের বিবৃতিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: লেবাননে চিকেন স্যান্ডউইচ: ধনী-গরিবের ব্যবধানের প্রতীক
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, পবিত্র এলাকাগুলো লক্ষ্য করে হামলার বিষয়ে সউদী পক্ষের প্রচার সম্পূর্ণ মিথ্যা।
এর আগে শনিবার সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। এসব এলাকার মধ্যে মক্কাও অন্তর্ভুক্ত ছিল। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
হুথিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সউদী আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন ও একটি বিমানঘাঁটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বাহিনী দুই দফায় হামলা চালিয়েছে। দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করা হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণ চুরি করে গাড়ি কিনে গ্রেপ্তার যুবক সমর চ্যবন
হুথিদের দাবি অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অপরিশোধিত তেল উত্তোলন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশন রয়েছে। তবে এসব লক্ষ্যবস্তুতে হামলার ফলাফল সউদী কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
এদিকে ইয়েমেনের সউদী-সমর্থিত সরকারও শনিবার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে হুথিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এ বিষয়ে হুথিদের বক্তব্য এবং ক্ষয়ক্ষতির স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন