বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৪ পি.এম
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে আহ্বান জানানো হয়েছে যে, জ্ঞানভিত্তিক, দুর্নীতিমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই আহ্বান করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ২৫ হাজার অবসরভোগী শিক্ষকদের জন্য অবসর ও কল্যাণ সুবিধা ভাতা প্রদানের কার্যক্রম গ্রহণ করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য রেজা কিবরিয়া, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ।
বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করে, কিন্তু বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত হয়েছে, সেগুলোকে এমপিওভুক্তিকরণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার সুপারিশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ডসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে যদি কোন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, তবে সেটি খতিয়ে দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সরেজমিন পরিদর্শনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় রাজ ক্লাসিক নামে একটি বাসের চালক সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন।
চার দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি দায় স্বীকার করে স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন, যা রেকর্ড করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড করার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মোক্তার হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৬ সেপ্টেম্বর সাজু লস্কর ও সহকারী মাহবুব আলম মনি আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিন আদালত চালক সোহেল রানার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ইসমাইল হোসেন জামালপুর থেকে গাজীপুরের বাসায় আসার জন্য রওনা দেন। এ সময় তিনি গ্রামের বাড়ির জমি বিক্রির নগদ ৫ লাখ টাকা ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সঙ্গে নিয়ে বাসে ওঠেন।
তার আসার খবর পেয়ে ছেলে মো. হাসান গাজীপুর জিরানী বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকেন। বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ পান। পরে সকাল ১০টা পর্যন্ত জিরানী বাসস্ট্যান্ডে অপেক্ষা করে বাসায় ফিরে যান।
দুপুর ১২টার দিকে ঢাকার বনানী থানা থেকে প্রতিবেশী মন্টুকে ফোন করে জানানো হয়, ইসমাইল হোসেনের মৃতদেহ পাওয়া গেছে। পরে মৃতদেহের ছবি দেখে ছেলে হাসান তার বাবাকে শনাক্ত করেন। তিনি জানতে পারেন, বনানী থানা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী থেকে কুড়িলগামী রাস্তার ১৭৯ ও ১৮০ নম্বর পিলারের মধ্যবর্তী এক্সপ্রেসওয়েতে তার পিতাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা ও গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা কোনো মালামাল পাওয়া যায়নি। তার পিতার শরীরে জখমের চিহ্ন ছিল এবং নাক, মাথা ও ডান হাতের কবজি সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
এ ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর হকি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত খেলায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে, বর্তমানে দেশের মোট শ্রমশক্তির সংখ্যা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এই শ্রমশক্তির মধ্যে কর্মরত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন এবং বেকার আছেন ২৬ লাখ ২০ হাজার জন। দেশের বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
আজ জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য প্রদান করেন।
মন্ত্রী জানান, বিবিএস পরিচালিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তির সংখ্যা ৭১ দশমিক ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন রয়েছেন।
তিনি বলেন, কর্মসংস্থানের প্রধান খাতগুলোতে কৃষিতে নিয়োজিত ৩০ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার জন রয়েছে, যা মোট কর্মসংস্থানের ৪৪ দশমিক ৬৭ শতাংশ। শিল্প খাতে নিয়োজিত ১২ দশমিক ০০ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ জন, যা ১৭ দশমিক ৩৭ শতাংশ। সেবা খাতে নিয়োজিত ২৬ দশমিক ২২ মিলিয়ন বা ২ কোটি ৬২ লাখ ২০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৩৭ দশমিক ৯৬ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রী আরও জানান, অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী ২০২৪ সালে শহর এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন বা ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ১৭ দশমিক ৯২ মিলিয়ন বা ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার জন।
অন্যদিকে, পল্লি এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ৫২ দশমিক ৯৭ মিলিয়ন বা ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ৫১ দশমিক ১৭ মিলিয়ন বা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার জন।
মন্ত্রী আরও জানান, ২০২৪ সালে শ্রমশক্তির বাইরে থাকা জনগণের সংখ্যা ছিল ৫০ দশমিক ৪ মিলিয়ন বা ৫ কোটি ৪ হাজার জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১২ দশমিক ০৩ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ ৩০ হাজার এবং নারীর সংখ্যা ৩৮ দশমিক ০১ মিলিয়ন বা ৩ কোটি ৮০ লাখ ১০ হাজার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাইখ আব্দুর রহিম ইসলামাবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতির প্রতি তাদের আস্থা ও শুভকামনা প্রকাশ করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলাম ধর্মের বিষয়ে যোগ্য আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগের দাবি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করে।
রাষ্ট্রপতি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সকল নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি উল্লেখ করেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অবদানের কথা জাতি স্মরণ রাখবে।" এ ক্ষেত্রে দলটির ভূমিকার জন্য তিনি প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ